সেই দুজনেরই দ্বিমুকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় অ্যাথলেটিকসে ছেলে ও মেয়েদের ১০০ মিটারে সমাপ্তিরেখা ছোঁয়ার পর মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l শামসুল হক
জাতীয় অ্যাথলেটিকসে ছেলে ও মেয়েদের ১০০ মিটারে সমাপ্তিরেখা ছোঁয়ার পর মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l শামসুল হক

ডিজিটাল ব্যানারে মেজবাহ আহমেদের দুটি ছবি। নিচে ইংরেজি অক্ষরে লেখা, ‘মেজবাহ নাম্বার ওয়ান। ফোর টাইমস ইন বাংলাদেশ।’ ব্যানারটি বাগেরহাট থেকে নিয়ে এসেছেন শাহীনা বেগম। ছেলের খেলা দেখতে শাহীনা একাই নন, বাবা সরদার মোজাম্মেল হোসেনসহ পরিবারের অন্যরাও গতকাল এসে উপস্থিত বঙ্গবন্ধু স্টেডিয়ামে। মেজবাহ যে এবারও দ্রুততম মানব হবেন, তা যেন আগে থেকেই জানতেন মা! জাতীয় অ্যাথলেটিকসে এবারও ১০০ মিটারে চ্যাম্পিয়ন হলেন মেজবাহ! টাইমিং ১০.৬০ সেকেন্ড।
দুই বছর আগে বাংলাদেশ গেমস দিয়ে শুরু। পরের বছর জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব, এ বছর সামার মিটেও। সর্বশেষ চারটি প্রতিযোগিতায় টানা চারবার দ্রুততম মানব নৌবাহিনীর অ্যাথলেট মেজবাহ আহমেদ। যদিও সামার মিটের (১০.৫৩ সেকেন্ড) চেয়ে এবার জাতীয় চ্যাম্পিয়নশিপে টাইমিং হলো খারাপ।
মেজবাহর মতো দ্রুততম মানবীর খেতাবটাও ধরে রেখেছেন শিরিন আক্তার। নৌবাহিনীর অ্যাথলেট শিরিন সময় নিয়েছেন ১২.২০ সেকেন্ড। গত বছর জাতীয় অ্যাথলেটিকস ও সামার অ্যাথলেটিকসেও ১০০ মিটার জিতেছিলেন শিরিন।
মেজবাহর প্রিয় স্প্রিন্টার উসাইন বোল্ট। কাল দৌড় শেষে বলছিলেন, ‘উসাইন বোল্টের দৌড়ের ভিডিওটা স্লো ও ফাস্ট মোশনে দেখি। ওর ভিডিও দেখে যতটুকু পারি শেখার চেষ্টা করি। আর কোচের কাছ থেকে বাকিটুকু শিখছি।’ ঘরোয়া প্রতিযোগিতা নয়, মেজবাহর চোখ এবার এসএ গেমসে, ‘আমার ভেতরে এখন একটাই ক্ষুধা, এসএ গেমসে সোনা জিততে চাই। অনেক দিন ধরে এসএ গেমসে অ্যাথলেটিকস থেকে সোনার পদক আসছে না। আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাব।’
মেজবাহর শরীরে অ্যাথলেটিকসের রক্ত বইছে। মা শাহীনা বেগমও অ্যাথলেট ছিলেন। ১০০ মিটার ও লং জাম্পে খেলতেন। সেই ১৯৮৪ সালে একবার আন্তস্কুলে খেলতে এসেছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সোনার পদক জিতেছিলেন ১০০ মিটারে। যদিও জাতীয় পর্যায়ে কখনো দ্রুততম মানবী হতে পারেননি। ছেলের সাফল্যে মায়ের তাই উপচে পড়া আনন্দ, ‘সব মা-ই চায় তার ছেলে এক নম্বর থাকুক। এমন ছেলেকে গর্ভে ধরে আমি গর্বিত।’
মেয়েদের ২০০ মিটার ইভেন্টে পরশু সোনা জিতেছেন শিরিন। আত্মবিশ্বাসী ছিলেন ১০০ মিটারের মুকুটটিও হাতছাড়া হবে না, ‘কে কী করত সেটা জানি না। তবে আমি জানতাম আমিই প্রথম হব।’
ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে রুপা জিতেছেন নৌবাহিনীর কাজী শাহ ইমরান (১০.৭০ সেকেন্ড)। ব্রোঞ্জ সেনাবাহিনীর মেহেদী হাসানের (১০.৮০ সেকেন্ড)। মেয়েদের স্প্রিন্টের রুপা জাকিয়া সুলতানার (১২.৩০) এবং ব্রোঞ্জ উঠেছে সেনাবাহিনীর শামসুন নাহার চুমকির (১২.৩৭) গলায়।