
সাঁতারটা শেষ হতেই সুইমিংপুলের সবাই এক মুহূর্তের জন্য বিহ্বল। মাইকেল ফেল্প্স হারতেও পারেন! তা-ও আবার দক্ষিণ আফ্রিকার চ্যাড লে ক্লস আর হাঙ্গেরির চেহর সঙ্গে একদম একই সময় নিয়ে দ্বিতীয় হয়ে! কেউই ব্রোঞ্জ পাননি। এর আগে অলিম্পিকে তিনজনের রুপা পাওয়ার একমাত্র ঘটনাটি সেই ১৯৬৮ মেক্সিকো অলিম্পিকের, মেয়েদের স্পিড স্কেটিংয়ে।
ফেল্প্স এবারও যেন জয়ের সাম্পান ভাসিয়ে দিয়েছিলেন। ব্যক্তিগত ও দলগত মিলিয়ে সোনা জেতা হয়ে গিয়েছিল ৪টি। কিন্তু কাল তাঁকে ১০০ মিটার বাটারফ্লাইয়ে অপ্রত্যাশিতভাবে হারিয়ে দিলেন সিঙ্গাপুরের এক তরুণ। সাংবাদিকেরাও এই অপ্রত্যাশিত ফলে বিহ্বল ছিলেন, বিহ্বল ভাবটা কাটতেই তাঁরা ছুটে গেলেন ফেল্প্সের দিকে। সর্বকালের সেরা অলিম্পিয়ান মিটিমিটি হেসে পাশের জোসেফ স্কুলিংকে দেখিয়ে দিলেন, ‘এই ছেলেটা মাত্রই সোনা জিতেছে। আপনাদের তো ওকেই প্রশ্ন করা উচিত।’
২১ বছর বয়সী স্কুলিংয়ের কিন্তু ঘোর তখনো কাটেনি। ১০০ মিটার বাটারফ্লাইয়ে মাত্রই প্রথম হয়েছেন, সিঙ্গাপুরের ইতিহাসে এটিই প্রথম অলিম্পিক সোনা। তবে ফেল্প্সকে হারিয়ে দিয়েছেন, এটাই বোধ হয় বিশ্বাস হচ্ছিল না স্কুলিংয়ের। আট বছর আগে স্বপ্নের নায়কের কাছ থেকে যে দীক্ষা পেয়েছিলেন, সেটাই তো স্কুলিংকে বদলে দিয়েছে!
২০০৮ বেইজিং অলিম্পিকের আগে ফেল্প্সরা অনুশীলন করেছিলেন সিঙ্গাপুরে। ১৩ বছর বয়সী স্কুলিং তখন থেকেই পুলের নেশায় বুঁদ। আর ফেল্প্স তখন পুলের একচ্ছত্র সম্রাট। স্কুলিংয়ের সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে, ‘আমাদের সবার মধ্যেই হুড়োহুড়ি পড়ে গিয়েছিল ফেল্প্সের সঙ্গে একটা ছবি তোলার জন্য। ফেল্প্স আমাদের এখানে, বিশ্বাসই হচ্ছিল না!’
সেই ছবি ফেসবুক-টুইটারের কল্যাণে কাল ‘ভাইরাল’ হয়ে গেছে। তবে সেই দিনই স্কুলিংয়ের জীবনটা পাল্টে গেল। পরের বছর দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিলেন। পড়াশোনার পাশাপাশি সাঁতারও ধ্যানজ্ঞান। অলিম্পিকে অংশ নেওয়ার স্বপ্নটা অবশ্য অনেক আগেই বুনে দিয়েছেন দাদা লয়েড ভলবার্গ। ভলবার্গ লং জাম্পার ছিলেন, সিঙ্গাপুরের ইতিহাসে প্রথম অলিম্পিয়ানও বলা হয় তাঁকে!
একটি সোনার জন্য কম চেষ্টা করেনি সিঙ্গাপুর। বিদেশ থেকে কোচ এনেছে, কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলেছে। কিন্তু দুটি করে রুপা ও ব্রোঞ্জ এলেও সোনা আর আসেনি। শেষ পর্যন্ত স্কুলিংয়ের হাত ধরে ঘুচল সেই আক্ষেপ। প্রথম সোনার জন্য ১ মিলিয়ন সিঙ্গাপুরি ডলার পুরস্কার ঘোষণা করেছিল সিঙ্গাপুর সরকার, সেটা পাচ্ছেন। ওদিকে সিঙ্গাপুরে স্কুলিংয়ের বাড়ির সকালটা ভরে গেছে ঝলমলে আনন্দে। বাবা কলিনের চোখে আনন্দাশ্রু, বললেন, ‘আমি এখন কেঁদে ফেললে সেটার জন্য একদমই লজ্জা পাব না।’

স্কুলিংয়ের অবশ্য পরশু এসব নিয়ে ভাবার অবস্থা ছিল না। ছেলেবেলার নায়ককে শুধু নয়, বাটারফ্লাইয়ের আরও দুই তারকা চ্যাড লে ক্লস ও লাজলো চেহকে হারিয়ে দেওয়ার বিস্ময়ও কম নয়। জয়ের পর একজন সাংবাদিক যখন ‘অনুভূতির’ কথা জানতে চাইলেন, স্কুলিং একরাশ দ্বিধা নিয়ে তাকালেন ফেল্প্সের দিকে। ফেল্প্স দুষ্টুমি করার সুযোগটা ছাড়লেন না, ‘আরে প্রশ্নটা তোমার জন্য, আমার জন্য নয়!’
স্কুলিং ততক্ষণে একটু সংবিৎ ফিরে পেয়েছেন। কৈশোরের সারল্যমাখা মুখের কথা কিন্তু দারুণ রকম পরিণত, ‘আজকে দিনটা আমার জন্য শুধু ভালো গেছে, এই যা! আমি তিনজনের ধারেকাছেও নেই। বাটারফ্লাই বললে এখনো সবাই চ্যাড, মাইকেল আর লাজলোকেই বুঝবে। আর মাইকেল না থাকলে আমি কখনোই এখানে আসতে পারতাম না। তাঁর জন্যই আমি আরও ভালো সাঁতরাতে পেরেছি।’
ফেল্প্স তখন হাসছেন। যে পরাজয়ে অন্য রকম একটা গৌরব আছে, তাতে তো হাসতেই পারেন! সূত্র: এএফপি, রয়টার্স।