
১০০ মিটার স্প্রিন্ট শেষ হওয়ার মিনিট দশেক পরই বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাকে গোলাম আম্বিয়াকে আবিষ্কার করা গেল। কেউ একজন একটু আগেই ১০০ মিটারে নিজের ষষ্ঠ শিরোপা জিতে নেওয়া মেজবাহ আহমেদকে বললেন, ‘চেনো ওনাকে? ওই যে গোলাম আম্বিয়া।’ মেজবাহ আলিঙ্গন করলেন আম্বিয়ার সঙ্গে। দুজনের শুভেচ্ছা বিনিময় দুই প্রজন্মকে মিলিয়ে দিল একই বিন্দুতে।
১৯৯১ জাতীয় মিটে ১০০ মিটারে আম্বিয়ার ১০.৪০ সেকেন্ডই এখন পর্যন্ত হাতঘড়িতে বাংলাদেশের কোনো স্প্রিন্টারের সেরা টাইমিং। হাতঘড়ির সেই টাইমিং এখনো স্বপ্ন হয়ে আছে। মেজবাহ আহমেদ অনেক চেষ্টা করে কাল হাতঘড়িড়ে টাইমিং করলেন ১০.৮০। এতেই দেশের দ্রুততম মানবের খেতাব ধরে রাখতে পারলেন দেশসেরা স্প্রিন্টার। মেজবাহর পাশাপাশি শিরিনও আরেকবার জিতে নিলেন ১০০ মিটার।
২০১৩ বাংলাদেশ গেমস দিয়ে শুরু মেজবাহর। তারপর তিনটি জাতীয় ও দুটি সামার মিট খেলেছেন। কালকের শিরোপাটি ১৩তম সামার মিটে। মেয়েদের ১০০ মিটারও টানা জিতে চলেছেন শিরিন আক্তার। তিনটি জাতীয় ও দুটি সামার মিট। মেজবাহর আর শিরিনে অনেক মিল, তাঁরা বিকেএসপির সাবেক অ্যাথলেট এবং দুজনই বাংলাদেশ নৌবাহিনীর খেলোয়াড়।
মেজবাহর দৌড় দেখে গোলাম আম্বিয়া বলছিলেন, ‘টাইমিং ভালো করতে হবে ওকে। তা ছাড়া শারীরিকভাবে ও আরও শক্তিশালী হতে না পারলে দেশের বাইরে কিছু হবে না।’ দেশের বাইরে যা-ই হোক, দেশে মেজবাহ অপ্রতিরোধ্য। টানা ছয়টি মিটে সেরা হওয়া সহজ নয়। মেজবাহ এতে খুব তৃপ্ত, ‘আসলে আমার লক্ষ্য ছিল শামীম স্যারের ছয়বারের রেকর্ড ছুঁয়ে ফেলব। সেটা ছুঁতে পেরে ভালো লাগছে।’ মোশাররফ হোসেন শামীম অবশ্য সত্তর-আশির দশকে টানা সাতটি জাতীয় মিটে ১০০ মিটার জিতেছেন।
কদিন আগে মেজবাহ ১০.৮৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়েছেন ভুবনেশ্বরে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। হাতঘড়িতে তাঁর সেরা ১০.৭২। টাইমিংয়ে উন্নতি হচ্ছে না কেন? মেজবাহর কাঠগড়ায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক, ‘এটি পুরোনো ও স্লো হয়ে গেছে। এখানে এর চেয়ে ভালো টাইমিং সম্ভব নয়।’ তবে টাইমিংয়ে উন্নতি চান দ্রুতই, ‘আগামী মাসের শুরুতে লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইলেকট্রনিক বোর্ডে ১০.৭০ টাইমিং করতে চাই।’
১০০ মিটারে হাতঘড়িতে শিরিনের সেরা ১১.৮৪ সেকেন্ড। ইলেকট্রনিক বোর্ডে ১১.৯৯। কাল হয়েছে ১২.৩০। ‘একটু বাতাস ছিল বলে সমস্যা হয়েছে’—বললেন শিরিন। তবে তাঁর লক্ষ্যটা আকাশচুম্বী, ‘আগামী এসএ গেমসে সোনা জিততে চাই।’ এসএ গেমসে সোনা দূরে থাক মেয়েদের ১০০ মিটারে পদক জেতার বাস্তব সম্ভাবনাই অনেকে দেখে না। শিরিন অবশ্য প্রত্যয়ী, ‘কেন নয়?’ মানুষ পারে না এমন কিছু নেই, কথাটা মনে করিয়ে দিয়ে শিরিন যোগ করেন, ‘আমার মনে হয় আমি পারব।’ প্রস্তুতির ছকও এঁকে ফেলেছেন, ‘বিকেএসপির ডিজি স্যারের কাছ থেকে আগামী এসএ গেমস পর্যন্ত বিকেএসপিতে অনুশীলন করার অনুমতি নিয়েছি। সেখানে কাফি স্যারের কাছে প্র্যাকটিস করছি এবং ভবিষ্যতেও করব।’
সম্প্রতি আজারবাইজানে ইসলামিক সলিডারিটি গেমসে শিরিনকে বঞ্চিত করে পাঠানো হয় যুক্তরাষ্ট্রপ্রবাসী আলিদাকে। অথচ বাকুতে গিয়ে আলিদা ট্র্যাকেই নামেননি। সেই জেদ নিয়েই কি আজ খেললেন? শিরিন প্রতিবাদ করেন, ‘না না, সে রকম কিছু নয়। আমি আমার সেরাটা দিতে চেয়েছি।’
সাতক্ষীরার দাহাকুলা গ্রামের মেয়েটির জীবনে দুঃখ আছে, বাবা-মা চেয়েছিলেন ছেলে হবে। হলো মেয়ে। সম্প্রতি এক অনুষ্ঠানে শিরিন বলছিলেন, মেয়ে হওয়ায় বাবা-মা নাকি হতাশ হন। বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলে বাবা প্রথমে চাননি মেয়েকে দিতে। সেই বাবা আজ নিশ্চয়ই গর্ব করেন শিরিনকে নিয়ে!