সেই সজিব এখন...

২০০৭ সালে জাতীয় পর্যায়ে প্রথম খেলেই রেকর্ড গড়লেন। ছিলেন বিকেএসপির ছাত্র। ওই জাতীয় মিটের পরই কলম্বোয় সাফ জুনিয়রে জেতেন ব্রোঞ্জ। সেই থেকে তিন বছরের মধ্যে আটবার জাতীয় রেকর্ড করেছেন। ২০১০ ইন্দো-বাংলা গেমসেও জেতেন সোনা। সেই রেকর্ড বয় সজিব হোসেন এরপর কোথায় যেন হারিয়ে গেলেন!
হাইজাম্পে অনেক আশা জাগিয়ে পাবনার এই ছেলে সর্বশেষ রেকর্ড করেছিলেন ২০১০ সালে, লাফিয়েছিলেন ২.১১ মিটার। কিন্তু সাত বছর ধরে তাঁর আর রেকর্ড গড়া হয়নি। ২০১৪ ও ২০১৬ সালে সোনা জিততেই ব্যর্থ। তবে কাল ১৩তম সামার অ্যাথলেটিকসে সোনা পুনরুদ্ধার করলেন। সেটিও মাত্র ১.৯৬ মিটার লাফিয়ে!
কেন এভাবে কক্ষচ্যুত হয়ে গেলেন? ‘আমি ২০১০ সালের পর সেভাবে আর ভালো করতে পারিনি। বিকেএসপিতে নজরুল ইসলাম রুমি স্যারের মতো কোচের কাছে ট্রেনিং করতাম। তিনি বিকেএসপি থেকে অবসর নেওয়ার পর আর ভালো ট্রেনিং হয়নি আমার। তাই সেভাবে এগোতে পারলাম না’—বলতে বলতে দীর্ঘশ্বাস ফেলেন সজিব।
গত বছর এসএ গেমসে ২.০৮ মিটার লাফিয়ে তৃতীয় হয়েছিলেন শ্রীলঙ্কার অ্যাথলেট। ২.১৭ মিটারে সোনা জেতেন শ্রীলঙ্কারই আরেকজন। ‘আরেকটু সুযোগ-সুবিধা বা মনোযোগ পেলে আমিও হয়তো পারতাম’ বলে আক্ষেপও করেছেন সজিব।