সেই সুশান্তিকা এখন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কীভাবে দৌড়াতে হয় আগ্রহী দুই শিশুকে শেখাচ্ছেন সুশান্তিকা জয়াসিংহে l এএফপি
কীভাবে দৌড়াতে হয় আগ্রহী দুই শিশুকে শেখাচ্ছেন সুশান্তিকা জয়াসিংহে l এএফপি

ইতিহাস গড়েছিলেন তিনি। শুধু শ্রীলঙ্কার হয়েই নয়, পুরো এশিয়ার হয়েই। ২০০০ সালে সিডনি অলিম্পিকে সুশান্তিকা জয়াসিংহে মেয়েদের ১০০ মিটারে রুপা জেতেন। এর আগ পর্যন্ত এশিয়ার কোনো অ্যাথলেট অলিম্পিক বা বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্প্রিন্টেই কোনো পদক জেতেনি। সুশান্তিকার পরও এশিয়ার আর কেউ এই কীর্তির পুনরাবৃত্তি করতে পারেননি। অথচ এমন কীর্তির পর দেশের কাছ থেকে কী পেয়েছেন শ্রীলঙ্কান এই স্প্রিন্টার? সুশান্তিকার দাবি, পেয়েছেন শুধুই বঞ্চনা!
আরও একটা অলিম্পিক শুরুর সামনে দাঁড়িয়ে সেই না পাওয়ার গল্পটাই নতুন করে শোনালেন সুশান্তিকা।
সিডনি অলিম্পিকের আগেই অবশ্য নিজেকে বিশ্বমঞ্চে চিনিয়েছিলেন। ১৯৯৭ সালে এথেন্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেয়েদের ২০০ মিটারে রুপা জিতে চমকে দিয়েছিলেন বিশ্বকে। কিন্তু ওটাই শেষ ছিল না। তিন বছর পর অলিম্পিকে দেশের জন্য আরও বড় গৌরব বয়ে আনলেন সুশান্তিকা ১০০ মিটারে রুপা জিতে। দৌড়ে অবশ্য সুশান্তিকা তৃতীয়ই হয়েছিলেন। তবে ওই ইভেন্টে দ্বিতীয় হওয়া মারিয়ন জোনস ২০০৭ সালে স্বীকার করে নেন তিনি পারফরম্যান্সবর্ধক ড্রাগ নিয়েছিলেন। তখন সুশান্তিকার হাতে তুলে দেওয়া হয় রুপা। সিডনি অলিম্পিকে সুশান্তিকার অর্জন পুরো শ্রীলঙ্কাকে এতটাই নাড়িয়ে দিয়েছিল যে সিডনি থেকে পদক জিতে ফেরার পর কলম্বোয় তাঁকে স্বাগত জানাতে যেন পুরো শহর চলে এসেছিল বিমানবন্দরে।
অথচ এই সুশান্তিকাকে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যেতে হয়েছে। ১৭ বছর বয়সেই ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন তাঁর কোচ ধাম্মিকা নন্দকুমারাকে। সেই বিয়ে টেকেনি। ২৪ বছর বয়সে সিডনি অলিম্পিকে অংশ নিতে যাওয়ার পর সেখানেই দাবি করেছিলেন, দেশটির তখনকার ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক করতে রাজি না হওয়ায় তাঁর ক্যারিয়ার শেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। সিডনি অলিম্পিকে দৌড়েছিলেন দেশটির তখনকার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে হাতে হলুদ ফিতে পরে। সব মিলিয়ে দেশটির ক্রীড়া প্রশাসনের সঙ্গে সম্পর্কটা কখনোই ভালো ছিল না সুশান্তিকার।
এত বড় অর্জনের পরও তাই নিজেকে সব সময়ই উপেক্ষিত মনে করেন সুশান্তিকা, ‘আমি বঞ্চনার শিকার। দেশ থেকে আমাকে কখনোই কোনো স্বীকৃতি দেওয়া হয়নি।’
সুশান্তিকা অবশ্য চেষ্টা কম করেননি। শ্রীলঙ্কার অ্যাথলেটিকস ফেডারেশনের সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন, পারেননি। নিজে একটা একাডেমি করতে চেয়েছিলেন, অর্থাভাবে করতে পারেননি। রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন, সেখানেও সুবিধা করতে পারেননি। সুশান্তিকার জীবনে এখন তাই অনেক হাহাকার, ‘নতুন প্রজন্মের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করার কোনো সুযোগ আমার নেই। দেখুন না এখন আমার কী অবস্থা! আমি একজন অলিম্পিক পদকজয়ী, কিন্তু এখন আমি একজন অকর্মণ্য মানুষ ছাড়া আর কিছুই না।’ এএফপি।