সেমিতেই থামল জহিরের দৌড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৌড় শুরুর আগে স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে উঠল জহির রায়হানের মুখ। ট্র্যাকে নিজের লেনে প্রস্তুত হচ্ছেন। তাঁকে দেখে ধারাভাষ্যকার বললেন, ‘বিশ্বমঞ্চের সেমিফাইনালে বাংলাদেশের অ্যাথলেট। দেখতে ভালোই লাগছে।’
ফাইনালে উঠলে অবশ্য আরও বেশি ভালো লাগত। কিন্তু বাংলাদেশের অ্যাথলেট তা পারলেন না। নাইরোবিতে অনুষ্ঠানরত বিশ্ব অনূর্ধ্ব-১৮ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে কাল ৪০০ মিটার দৌড়ের সেমিফাইনালেই থামতে হয়েছে জহিরকে।
প্রাথমিক হিটে ঠিক ৪৮ সেকেন্ড সময় নিলেও কাল সেমিফাইনালে ৪৮.২২ সেকেন্ড লেগেছে জহিরের। দ্বিতীয় সেমিফাইনালে হয়েছেন পঞ্চম। ৪৬.৮৬ সেকেন্ড সময় নিয়ে এই সেমিফাইনালের প্রথম হয়েছেন জ্যামাইকার অ্যান্থনি কক্স। তিন সেমিফাইনালে প্রথম ও দ্বিতীয় দুজনের সঙ্গে ফাইনালে উঠেছেন বাকিদের মধ্যে সেরা টাইমিং করা দুজন।