সেমেনিয়ার জয়, আবার বিতর্ক

লন্ডন অলিম্পিকে পারেননি। প্রথম ৬০০ মিটারে ভালো ব্যবধানে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত রাশিয়ার মরিয়া সাভিনোভার কাছে হেরে গিয়েছিলেন কাস্টার সেমেনিয়া। চার বছর পর অবশেষে রিওতে এসে অলিম্পিক সোনার সেই আক্ষেপ ঘুচল বিতর্কিত দক্ষিণ আফ্রিকান অ্যাথলেটের। নিজের ক্যারিয়ার-সেরা টাইমিং করে মেয়েদের ৮০০ মিটারে সোনা জিতেছেন সেমেনিয়া। তাঁর সময় লেগেছে ১ মিনিট ৫৫.২৮ সেকেন্ড। ১ মিনিট ৫৬.৪৯ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন বুরুন্ডির ফ্রানসিনে নিওনসাবা। ব্রোঞ্জ পেয়েছেন কেনিয়ার মার্গারেট ওয়ামবুই।
রিও অলিম্পিকের আগে থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন। এ বছর মেয়েদের ৮০০ মিটারে সেরা টাইমিং (১ মিনিট ৫৬.৬৪ সেকেন্ড) তাঁরই ছিল। গত এপ্রিলে দক্ষিণ আফ্রিকান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে একই দিনে ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন সব কটি ইভেন্টেই। ধারণা করা হচ্ছিল, যদি সেরা ছন্দে থাকেন ৮০০ মিটারে ১৯৮৩ সালে চেক প্রজাতন্ত্রের ইয়ারমিলা ক্রাতোচভিলোভার গড়া ১ মিনিট ৫৩.২৮ সেকেন্ডের বিশ্ব রেকর্ডও ভেঙে দিতে পারেন সেমেনিয়া। অ্যাথলেটিকসে এটাই এখনো সবচেয়ে বেশি সময় ধরে টিকে থাকা বিশ্ব রেকর্ড।
তবে রেকর্ড ভাঙতে পারেননি বলে মোটেও হতাশ নন সেমেনিয়া। অলিম্পিকে প্রথম সোনা জয়ের আনন্দ ভুলিয়ে দিয়েছে সবকিছু, ‘আসলে এটা দ্রুত দৌড়ানোর ব্যাপার নয়। আমি চেয়েছি খুব ভালোভাবে দৌড়ে জিততে।’
বড় আসরে সেমেনিয়া থাকা মানেই বিতর্ক। সেই ২০০৯ বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৮০০ মিটারে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২.৪৫ সেকেন্ড কম সময় করে সোনা জয়ের পর থেকেই তিনি সমালোচিত হয়েছেন বারবার! বার্লিনে তাঁর ওই পারফরম্যান্স চোখ কপালে তুলে দিয়েছিল অনেকের। শুরু হয় শোরগোল—সেমেনিয়া কি আসলেই নারী, না পুরুষ? জন্ম থেকে লালন করে আসা তাঁর ‘নারী’ পরিচয়টা নিয়ে তৈরি হয় সংশয়ের ধূম্রজাল। সেটা এমন জায়গায় পৌঁছায় যে আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ) সেমেনিয়াকে লিঙ্গপরিচয় নির্ধারণী পরীক্ষা দিতেও বাধ্য করে। তখন নিষেধাজ্ঞাও জারি করা হয়, যত দিন না পরীক্ষার ফল জানা যাচ্ছে, কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না সেমেনিয়া। শেষ পর্যন্ত ওই পরীক্ষার ফল না জানিয়েই ১০ মাস বাদে নিষেধাজ্ঞাটা তুলে নেয় আইএএএফ। আবার ট্র্যাকে ফেরেন সেমেনিয়া।
কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি তাঁর। এমনকি লন্ডনে যখন রাশিয়ার সাভিনোভার কাছে হেরে গেলেন, কেউ কেউ বলে দিলেন, আবারও সোনা জিতে পুরোনো বিতর্কে জড়াতে চাননি বলেই সেমেনিয়া ইচ্ছে করে ছেড়ে দিয়েছেন!
পরশু রিওতে জিতেও পুরোনো বিতর্কটা এড়াতে পারেননি। সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার ট্র্যাকের ‘ফার্স্ট লেডি’ এসব প্রসঙ্গ উড়িয়ে দিয়েছেন একেবারে পেশাদারের মতোই, ‘আজ আমরা পারফরম্যান্স নিয়ে কথা বলতে এসেছি। গুঞ্জন নিয়ে কথা বলতে আসিনি।’
কিন্তু যতই বলুন, এই গুঞ্জন কি তাঁর পিছু ছাড়বে? এএফপি।