সেরাটা করতে পারেননি মেজবাহও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের হিটে চতুর্থ হয়েছেন মেজবাহ (বাঁয়ে) l রয়টার্স
নিজের হিটে চতুর্থ হয়েছেন মেজবাহ (বাঁয়ে) l রয়টার্স

বাংলাদেশের দুই সাঁতারু রিও অলিম্পিকে ব্যক্তিগত সেরা টাইমিং করেছেন। তবে ব্যক্তিগত সেরা টাইমিংয়ের ধারেকাছেও যেতে পারেননি দেশের দ্রুততম মানব-মানবী।
আগের দিন দ্রুততম মানবী শিরিন আক্তার ১০০ মিটার স্প্রিন্টে টাইমিং করেছেন ১২.৯৯ সেকেন্ড। গত এসএ গেমসে তাঁর রেকর্ড ১১.৯৯ টাইমিংয়ের চেয়ে অনেক পেছনে। দ্রুততম মানব মেজবাহ আহমেদ গত এসএ গেমসের হিটে করেছিলেন ১০.৭২। পরে ফাইনালে হয়েছেন চতুর্থ (১০.৮২)। কাল অলিম্পিকের ১০০ মিটার স্প্রিন্টের হিটে সেই মেজবাহর টাইমিং ১১.৩৪ সেকেন্ড। এটি অবশ্য মূল হিট নয়, প্রাক-বাছাই। ২৪ জনের প্রাক-বাছাই থেকে আটজন উঠেছেন মূল হিটে। মেজবাহ নিজের হিটে চতুর্থ, সব মিলিয়ে ২৪ জনে ১৪তম। শেষ ১০ মিটারে খুবই ক্লান্ত লেগেছে মেজবাহকে।
১০.৪৩ সেকেন্ড সময় নিয়ে শুধু মেজবাহদের হিটেই প্রথম নন, জ্যামাইকায় পড়াশোনা করা মালদ্বীপের সাঈদ হাসান ২৪ জনেই প্রথম হয়েছেন। গত এসএ গেমসে এই সাঈদ ১০০ ও ২০০ মিটারে রুপা জেতেন। এশিয়ান গেমস, এশিয়ার চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে খেলা ২৪ বছর বয়সী এই স্প্রিন্টার এবার রিও অলিম্পিকেও নজর কাড়লেন।
ইলেকট্রনিক বোর্ডে ১০০ মিটারে বাংলাদেশের রেকর্ড টাইমিং প্রয়াত মাহবুব আলমের। ১৯৯৯ সাফ গেমসে ১০.৫৪ করে রুপা পেয়েছেন। ১৯৯৩ সাফে সোনা জেতা বিমল চন্দ্র তরফদারের সেরা টাইমিং ১০.৬০। প্রয়াত শাহ আলম দুবার দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব হয়েছেন। তাঁদের উত্তরসূরি মেজবাহর টাইমিং কেন এ যুগেও প্রায় সাড়ে ১১ সেকেন্ড?
সাবেক দ্রুততম মানব ও বর্তমানে কোচ আবদুল্লাহ হেল কাফি বলছেন, ‘টাইমিং ভালো হবে কীভাবে, ও অনুশীলনই করতে পারেনি।’ অনুশীলন করতে না পারার কারণ যা-ই হোক, বাংলাদেশের দুই অ্যাথলেটকে দেশে ফিরতে হচ্ছে মন খারাপ করেই।
পেছালেন সিদ্দিকুর
দ্বিতীয় রাউন্ডে ছিলেন ৪৬তম স্থানে। কাল তৃতীয় রাউন্ডে পেছালেন সিদ্দিকুর রহমান। কোনো বার্ডি নেই, চারটি বগি। পারের চেয়ে চার শট বেশি খেলে কাল নিজের খেলা শেষে রিও অলিম্পিক গলফের ৫৫ নম্বরে ছিলেন সিদ্দিকুর।