সেলিমের অন্য লড়াই

জন্ম থেকেই বাঁ পায়ের চেয়ে ডান পা-টা খাটো। খুঁড়িয়ে হাঁটে ছেলেটা। কিন্তু কুষ্টিয়ার প্রত্যন্ত গ্রামের চিলমারী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সেলিম রেজাকে এই শারীরিক প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি। এই খোঁড়া পা নিয়েই দিব্যি দৌড়াচ্ছে, নিয়মিত স্কুলের বিভিন্ন টুর্নামেন্টে খেলে বেড়াচ্ছে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল শুরু হওয়া জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসে সুস্থ-স্বাভাবিক প্রতিযোগীদের সঙ্গে হাই জাম্পে অংশ নিয়ে সেলিম চতুর্থ হয়েছে, লাফিয়েছে ১.৬০ মিটার। চতুর্থ হয়েও কোনো আক্ষেপ নেই তার, ‘মাত্র এক মাস অনুশীলনের সুযোগ পেয়েছি। তা ছাড়া ফোমের ওপর লাফানোরও কোনো ব্যবস্থা নেই এলাকায়। তাই এই ফলেই আমি খুশি।’
সেলিমকে যে প্রথমে খেলতে দিতেই চাইত না কেউ! স্কুলের টুর্নামেন্টে অংশ নিতে চাইলে স্যাররা বলতেন, ‘তোমাকে দিয়ে কিছু হবে না। তুমি কেন লাফ দেবে? কোনো বিপদ ঘটলে সেটির দায়িত্ব কে নেবে?’ কিন্তু তার মনে ছিল জেদ আর অদম্য বাসনা। নিজের জেলার স্যারদের উপেক্ষায় ছুটে যায় নড়াইলের কোচ দিলীপ চক্রবর্তীর কাছে। এখন দিলীপ স্যারই তার বড় অবলম্বন, ‘আমি প্রথমে কুষ্টিয়া জেলার হয়ে খেলতে চেয়েছিলাম। কিন্তু আমার স্যার বলেছিল তুমি খেলতে পারবে না। পরে আন্তস্কুলে খেলার সময় দিলীপ স্যারের সঙ্গে পরিচয় হয়। স্যারকে বলি আমি আপনার জেলার হয়ে খেলব। আমাকে সুযোগ দিয়েছেন স্যার। এই স্যারই আমার সবকিছু। অনুশীলন করছি স্যারের অধীনেই।’ এই পা নিয়েই গত দুই বছর জাতীয় আন্তস্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় হাই জাম্পে সোনা জিতেছে সেলিম।
দক্ষিণ আফ্রিকার ‘ব্লেড রানার’ প্যারা অলিম্পিকে ৬টি সোনাজয়ী অস্কার পিস্টোরিয়াস তার অনুপ্রেরণা, ‘ওনার পায়ে তো স্টিলের পাত লাগানো। আমি ওনার খেলা দেখিনি। কিন্তু পত্রিকায় তাঁর ছবি দেখে মনে হয়েছে উনি যদি স্টিলের পা লাগিয়ে দৌড়াতে পারেন, আমি কেন পারব না?’
সেলিমের মধ্যে অপার সম্ভাবনা দেখে কোচ দিলীপ চক্রবর্তী তাকে স্পেশাল অলিম্পিকস গেমসে খেলার সুযোগ করে দিতে চান, ‘গত জাতীয় মিটে ওর আগ্রহটা আমাকে মুগ্ধ করেছে। ওর মধ্যে সম্ভাবনা আছে। আমি চাই ও স্পেশাল অলিম্পিকে খেলে ভালো ফল করুক।’