সোনার খোঁজে আজ নামছেন নেইমাররা
ঘরের মাটিতে দুই বছর আগের বিশ্বকাপের সময়ও কি এত প্রত্যাশার চাপ ছিল নেইমারের ওপর?
হ্যাঁ, ষষ্ঠ বিশ্বকাপ জয়ের চাপ ছিল। কিন্তু সেটি কি এবারের মতো এত তীব্র ছিল? অলিম্পিকের এত বছরের ইতিহাসে যা কোনো ব্রাজিলিয়ান ফুটবলার পারেননি, সেটিই করে দেখানোর চাপ ব্রাজিল অধিনায়কের ওপর—এনে দিতে হবে অলিম্পিক ফুটবলের সোনা!
বিশ্বকাপ, কোপা আমেরিকা, কনফেডারেশনস কাপ...ব্রাজিলের ট্রফি ক্যাবিনেটে কী নেই! শুধু একটা কোণেই সোনালি আভা ছড়ায় না—অলিম্পিক কর্নার। তিনটি রুপা আছে, দুটি ব্রোঞ্জও আছে। এত এত বছরে সোনার পদকটাই শুধু পাওয়া হয়নি। নেইমার পারবেন ১২০ বছরের আক্ষেপ ভোলাতে? ওটাই নিশ্চিত লক্ষ্য। এই লক্ষ্যেই রিও অলিম্পিকে আজ যাত্রা শুরু হচ্ছে নেইমারদের। বাংলাদেশ সময় আজ রাত ১টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল। ‘এ’ গ্রুপের অন্য দুই দল ডেনমার্ক ও ইরানও আজ একে অন্যের মুখোমুখি।
দেশের মাটিতে ফুটবলের বিশ্ব আসরে কান্নাই যেন ছিল ব্রাজিলের নিয়তি। ১৯৫০ বিশ্বকাপে মারাকানার ফাইনালে হারের দুঃখ এখনো ব্রাজিলিয়ানদেরও হৃদয় খুঁড়ে বেদনা জাগায়। দুই বছর আগের বিশ্বকাপ সেমিফাইনালের ক্ষতটা এখনো দগদগে। জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার দুঃস্বপ্ন এখনো তাড়িয়ে বেড়ায় ব্রাজিলিয়ানদের। দেশটির ধারাভাষ্যকার গালভাও বুয়েনো, যাঁকে ব্রাজিলের ফুটবলের কণ্ঠস্বর বলা হয়, একবার বলেছিলেন, ‘ওই ম্যাচটা ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়।’ অশ্রুসিক্ত ব্রাজিলিয়ান প্রৌঢ়ের বিশ্বকাপের রেপ্লিকা বুকে জড়িয়ে ধরার ছবিটা এখনো নিশ্চয়ই ভোলেননি নেইমাররা।
দুটি বিশ্বকাপ ফুটবল গেছে, এবার বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ—অলিম্পিক, ব্রাজিলে দক্ষিণ আমেরিকারই প্রথম। দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের ব্যর্থতাও এই অলিম্পিকে মাটিচাপা দিতে চাইবেন নেইমাররা। যদিও অলিম্পিক ফুটবলের শিরোপা বিশ্বকাপের মতো মহার্ঘ নয়। কিন্তু একে আয়োজক ব্রাজিল, তার ওপর এত এত সমীকরণ, সব মিলিয়ে এবার ফুটবল আসছে রোমাঞ্চ জাগিয়ে।
ব্রাজিলের দলটিও তো আকর্ষণীয়। আক্রমণে নেইমারের সঙ্গী গ্যাব্রিয়েল বারবোসা, গ্যাব্রিয়েল জেসুসদের মতো তরুণদের গায়ে এরই মধ্যে ‘নতুন রোনালদো’, ‘নতুন নেইমার’ তকমা জুড়ে গেছে। মিডফিল্ডে আছেন লাজিওর ফেলিপে অ্যান্ডারসন, বার্সেলোনার রাফিনহা আলকানতারা; আর রক্ষণে প্যারিস সেন্ট-জার্মেইয়ের মারকুইনোসের পাশে ভরসা দেবেন থিয়াগো কাইয়ো-ডগলাস সান্তোসরা। তবে সবচেয়ে বড় ভরসা তো নেইমারই। ব্রাজিলের অলিম্পিক কোচ রোজেরিও মিকালে তো খোলাখুলিই বলে দিয়েছেন, ‘আমি নেইমারের ওপরই ভরসা করি। পৃথিবীর কোনো কোচ সেটি করবে না?’
নেইমারের নিজেরও আছে দুঃখ ভোলার তাগিদ। ২০১৪ বিশ্বকাপে দুঃস্বপ্নের সেই সেমিফাইনালে তিনি ছিলেন না, আগের ম্যাচেই কলম্বিয়ার জুনিগা ভেঙে দিয়েছিলেন তাঁর মেরুদণ্ডের কশেরুকা। হতাশ হয়েছিলেন চার বছর আগের লন্ডন অলিম্পিকেও, ফাইনালে উঠেও মেক্সিকোর কাছে হেরে গিয়েছিলেন ২-০ গোলে। সব হিসাব মিটিয়ে দিতে নিশ্চয়ই উন্মুখ হয়ে আছেন ২৪ বছর বয়সী বার্সেলোনা ফরোয়ার্ডও।
তবে নেইমারের স্বপ্নের রাস্তায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। দিবালা-ইকার্দিরা হয়তো নেই, তবে আলবিসেলেস্তে দলটাও খারাপ নয়। অ্যাঙ্গেল কোরেয়া, ডিয়েগো সিমিওনে-পুত্র জিওভান্নি সিমিওনে আর্জেন্টিনাকে স্বপ্ন দেখাচ্ছেন তৃতীয় অলিম্পিক সোনার। পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ স্বপ্নের পথে যাত্রা শুরু হচ্ছে আর্জেন্টাইনদের। গ্রুপের অন্য দুই দল আলজেরিয়া ও হন্ডুরাস। এএফপি।
ছেলেদের ফুটবলের গ্রুপিং
গ্রুপ ‘এ’: ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইরাক, ডেনমার্ক
গ্রুপ ‘বি’: সুইডেন, কলম্বিয়া, নাইজেরিয়া, জাপান
গ্রুপ ‘সি’: জার্মানি, মেক্সিকো, ফিজি, দক্ষিণ কোরিয়া
গ্রুপ ‘ডি’: আর্জেন্টিনা, পর্তুগাল, আলজেরিয়া, হন্ডুরাস
আজকের খেলা
ইরাক-ডেনমার্ক ব্রাসিলিয়া রাত ১০টা
হন্ডুরাস-আলজেরিয়া রিও ডি জেনিরো রাত ১২টা
ব্রাজিল-দ. আফ্রিকা ব্রাসিলিয়া রাত ১টা
মেক্সিকো-জার্মানি সালভাদর রাত ২টা
পর্তুগাল-আর্জেন্টিনা রিও ডি জেনিরো রাত ৩টা
সুইডেন-কলম্বিয়া মানাউস রাত ৪টা
ফিজি-দ. কোরিয়া সালভাদর ভোর ৫টা
নাইজেরিয়া-জাপান মানাউস পরদিন সকাল ৭টা