সোনার দেখা নেই এক দশক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
প্রস্তুতি যেমনই হোক, এসএ গেমসে সাফল্যের আশাতেই বুক বাঁধছেন অ্যাথলেটরা l ফাইল ছবি
প্রস্তুতি যেমনই হোক, এসএ গেমসে সাফল্যের আশাতেই বুক বাঁধছেন অ্যাথলেটরা l ফাইল ছবি
১২তম দক্ষিণ এশীয় গেমসের পর্দা উঠবে ৫ ফেব্রুয়ারি। ভারতের গুয়াহাটি ও শিলংয়ে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতা ঘিরে বাংলাদেশের প্রস্তুতি কেমন? গেমসের বিভিন্ন খেলায় আমাদের সাফল্যই বা কী? এসএ গেমসের প্রস্তুতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন আজ শুরু হলো অ্যাথলেটিকস দিয়ে

ব্রিটিশ অভিনেতা বেন ক্রসের চ্যারিওটস অব ফায়ার সিনেমাটা দেখার সুযোগ হয়নি। দুই অ্যাথলেটের গল্প নিয়ে নির্মিত ছবিটি না দেখলেও বলিউড অভিনেতা ফারহান আকতারের ভাগ মিলখা ভাগ কয়েকবার দেখেছেন মেজবাহ আহমেদ।

এখনো মেজবাহর মুঠোফোনের মেমোরি কার্ডে বড় একটা জায়গাজুড়ে আছে দৌড়বিষয়ক এই চলচ্চিত্রটি। দেশের চারবারের দ্রুততম মানব মেজবাহর ভাষায়, ‘ওই সিনেমাটা দেখলে যেকোনো অ্যাথলেটের রক্ত এমনিতেই গরম হয়ে ওঠে। দেশের জন্য কিছু একটা করতে ইচ্ছা করে।’ সেই ইচ্ছাটা যে ৬-১৬ ফেব্রুয়ারি ভারতে অনুষ্ঠেয় এসএ গেমসে লাল-সবুজ জাতীয় পতাকাটা ওড়ানোর, সোনার পদকশূন্য অ্যাথলেটিকসের ১০ বছরের আক্ষেপ ঘোচানোর, তা না বললেও চলে।
এসএ গেমসে অ্যাথলেটিকসে সর্বশেষ সোনা জিতেছিলেন মাহফুজুর রহমান মিঠু—২০০৬ কলম্বো গেমসের ১১০ মিটার হার্ডলসে। দীর্ঘ আট বছর ইতালিতে পলাতক মিঠু গত নভেম্বরে দেশে ফিরেই বিমানবাহিনীর হাজতে ঢুকেছেন। ১০০ মিটার স্প্রিন্টে সর্বশেষ সোনা বিমল চন্দ্র তরফদারের, ১৯৯৩ ঢাকা গেমসে। এরপর থেকেই এই ইভেন্টে সোনার জন্য হাহাকার। সেই হাহাকার ঘোচাতেই ৫ অক্টোবর থেকে বিকেএসপিতে অনুশীলন করছেন মেজবাহ। ৪৫ জন অ্যাথলেটকে নিয়ে শুরু করা আবাসিক ক্যাম্পে অ্যাথলেটের সংখ্যা কমিয়ে নামানো হয়েছে ২৬-এ।
ফেডারেশন কর্তারা স্প্রিন্টে এখন সোনার পদকের স্বপ্ন দেখারও সাহস পান না। তবে মেজবাহ হাল ছাড়তে নারাজ। উসাইন বোল্ট, আসাফা পাওয়েলদের ডায়মন্ড লিগের ভিডিও দেখে অনুশীলনে নামেন নৌবাহিনীর স্প্রিন্টার। ইলেকট্রনিক টাইমিংয়ে মেজবাহর ক্যারিয়ার-সেরা টাইমিং ১০.৭৫ সেকেন্ড, দৌড়েছিলেন গত বাংলাদেশ গেমসে। এরপর থেকেই মেজবাহর টাইমিংয়ের গ্রাফ নিচের দিকে। গত কয়েকটি গেমসের ইতিহাস ঘেঁটে বলা যায় প্রতিদ্বন্দ্বিতায় থাকতে হলে ১০০ মিটারে টাইমিং ১০.৪০-এর কাছাকাছি থাকতে হবে। সর্বশেষ ঢাকা গেমসের সোনাজয়ী শ্রীলঙ্কার শেহান আমবেপিতিয়ার টাইমিং ছিল ১০.৪৬ সেকেন্ড। এই ইভেন্টে সাফের রেকর্ড ১০.৩৭ সেকেন্ড, কীর্তিটা ভারতের অনিল কুমারের ১৯৯৯ কাঠমান্ডু গেমসে।
বাংলাদেশের কোনো স্প্রিন্টারের পক্ষে কি এমন টাইমিং করা সম্ভব? বিকেএসপিতে গত ১২ ডিসেম্বরের চূড়ান্ত দল বাছাইয়ের ট্রায়ালে মেজবাহ টাইমিং করেছেন ১০.৪০ সেকেন্ড, তবে সেটি হ্যান্ড টাইমিংয়ে। এই টাইমিং নিয়ে মেজবাহ সন্তুষ্ট, ‘এখানে আমার টার্গেট পূরণ হয়েছে। আমি আগেই বলেছিলাম ১০.৪০ বা ১০.৪৫-এর মধ্যে দৌড়ানো সম্ভব। এটা হ্যান্ড টাইমিং। এখনো অনেকটা সময় হাতে আছে, আশা করি টাইমিংটা আরও কমাতে পারব।’ স্প্রিন্টে অন্যরা অতটা আশাবাদী না হলেও ১০০ মিটার রিলেতে সোনালি স্বপ্ন দেখেন গত গেমসে রুপাজয়ী দলের সদস্য শামসুন্নাহার চুমকি, ‘আমাদের ছেলে এবং মেয়ে দুটি দলই গতবারের চেয়ে ভালো। এই ইভেন্টে সোনা আশা করছি।’
গত গেমসে ব্যক্তিগত ইভেন্টে সবচেয়ে বড় অর্জন ছিল একটা রুপা। ১০০ মিটার হার্ডলসে ফটো ফিনিশিংয়ে সেটি জিতেছিলেন সুমিতা রানী দাস। কিন্তু এবার তো তাঁকে নিয়েও ভরসা নেই। পারফরম্যান্সে ভাটার টান, তার ওপর চূড়ান্ত ট্রায়ালের আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন সুমিতা। ট্রায়ালেই তাই অংশ নেননি। সুমিতার ছিটকে পড়ার আশঙ্কাই বেশি, যদিও তাঁর সেরে ওঠার অপেক্ষায় থাকবে ফেডারেশন।
এই হ্যামস্ট্রিংয়ের চোটই হাই জাম্পে আটবার জাতীয় রেকর্ড ভাঙা নৌবাহিনীর সজীব হোসেনকে চূড়ান্ত দল থেকে ছিটকে দিয়েছে। ২০০৭ জুনিয়র সাফে সোনাজয়ী এই হাইজাম্পারের বদলে সুযোগ পেয়েছেন নৌবাহিনীরই মাহফুজুর রহমান। ট্রায়ালে মাহফুজ লাফিয়েছেন ১.৯৫ মিটার। এই সমান উচ্চতায় লাফিয়ে গত জাতীয় মিটে সজীবই জেতেন সোনা।
বছরব্যাপী অনুশীলনের বিনিময়ে দুটি রুপার পাশাপাশি গতবার আর চারটি ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ। চাকতিনিক্ষেপে আজহারুল ইসলাম, মেয়েদের ১০০ মিটার হার্ডলসে জেসমিন আক্তার, মেয়েদের ৪০০ মিটার রিলে এবং লং জাম্পে আল আমিন জিতেছিলেন ব্রোঞ্জ। লং জাম্পের ব্রোঞ্জটিকে এবার সোনায় রূপ দিতে চান আল আমিন, ‘এবার সোনা জয়ের জন্যই যাব।’ গত জাতীয় মিটে মাত্র ৭.১২ মিটার লাফিয়ে সোনাজয়ী নৌবাহিনীর এই অ্যাথলেট অবশ্য জানেন এসএ গেমসে সেরা হতে গেলে এর চেয়ে অনেক ভালো করতে হবে।
‘দৌড়া, বাঘ আইল’—ক্রিকেটের গ্যালারিতে এমন ব্যানার প্রায়ই চোখে পড়ে। বিকেএসপিতে চূড়ান্ত ট্রায়ালে দৌড়ের আগে স্প্রিন্টারদের এ রকম একটা গল্প বলেই উৎসাহ দিচ্ছিলেন অভিজ্ঞ কোচ কিতাব আলী। বলছিলেন, ‘বাঘ তাড়া করলে জীবন বাঁচাতে যা করবে, দৌড়টা সেভাবেই দাও।’
বাঘের তাড়া খাওয়া দৌড়টা কি এসএ গেমসে দিতে পারবেন মেজবাহরা!
অ্যাথলেটিকসে বাংলাদেশের পদক
সোনা: ৯
রুপা: ১৭
ব্রোঞ্জ: ৩১