সোনায় মোড়ানো বিদায়

‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ দ্য এন্ড অব মাইকেল ফেল্প্স।’
দেওদোরোর সুইমিংপুলের লাউডস্পিকারে কাল এ ঘোষণাটা দেওয়া হয়নি। তবে বিদায়ের নিঃশব্দ রাগিণী কান না পেতেও শোনা যাচ্ছিল। মাইকেল ফেল্প্স কাঁদছেন, দর্শকদের দিকে সেই কান্নাভেজা চোখেই হাত নাড়ছেন। গ্যালারিতে ফেল্প্সের বাগদত্তা নিকোলও অশ্রুসিক্ত। সবকিছুই অনুচ্চারে জানিয়ে দিচ্ছিল, সাঁতারসম্রাট তাঁর মুকুটটা তুলে রাখছেন। নিজের শেষ ইভেন্ট ১০০ মিটার মিডলের রিলেতে সোনা এনে দিয়েছেন যুক্তরাষ্ট্রকে, ফেল্প্সের বিদায়টা যেন হলো অদৃশ্য কোনো চিত্রনাট্যকারের পাণ্ডুলিপি মেনে। রিলের হিটে না সাঁতরেও ফাইনালে নেমেছেন। ব্যাকস্ট্রোক ও ব্রেস্টস্ট্রোকের পর বাটারফ্লাইয়ের স্ট্রোকে ফেল্প্সই এগিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রকে। পরে ফ্রিস্টাইলে নাথান অ্যাড্রিয়ান শেষটা টেনেছেন। আরও একবার জাতীয় সংগীত গেয়েছেন দেশের হয়ে এবং নিশ্চিতভাবেই শেষবারের মতো।
দুই দিন আগেই শান্তভাবে পরিষ্কার বলে দিয়েছেন, পুলের অধ্যায়টা শেষ হয়ে গেছে। কিন্তু চার বছর আগে লন্ডনেও তো বিদায় বলেছিলেন। রিওতে ঠিকই ফিরলেন। চার বছর পর টোকিও অলিম্পিকেও এমন হবে না তো? না, ফেল্প্স যতিচিহ্নটা বসিয়ে দিচ্ছেন পাকাপাকি। কালও বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, ‘আজ পুলের দিকে হাঁটার সময় আমার প্রায় কান্না পেয়ে গিয়েছিল। শেষবারের মতো গা গরম, সুইমিং স্যুট গায়ে জড়ানো, শেষবারের মতো দেশের হয়ে পুলে নামা, হাজার মানুষের অভিনন্দন...আমি এভাবেই ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলাম। নিজের স্বপ্ন আমি সত্যি হতে দেখেছি।’
বিদায়ের দিনে দর্শকদের কাছ থেকে যেমন অভিবাদন পেয়েছেন, সতীর্থরা তাঁকে ভাসিয়েছেন প্রশংসায়। তবে কোচ বব বাউম্যান যা বলেছেন, সেটি আসলে সবারই মনের কথা, ‘ওর মতো আর কেউ আসবে না। ও একটু বেশিই স্পেশাল। এক প্রজন্মের একজন নয় সে, দশ প্রজন্মের মধ্যেও এ রকম কাউকে পাওয়া যাবে না। আমার মনে হয় না, আমরা আর কোনো মাইকেলকে দেখব।’
কিন্তু এরপর কী অপেক্ষা করছে সর্বকালের সেরা অলিম্পিয়ানের জন্য? জল যাঁর জীবন, তিনি পুল ছাড়া কীভাবে থাকবেন? ফেল্প্স হয়তো সাঁতরাবেন না, তবে জড়িয়ে থাকবেন খেলাটির সঙ্গেই। রিও অলিম্পিক শুরুর আগেই বলেছিলেন সাঁতারকে বিকশিত করার অনেক কাজ বাকি, ঘুরিয়ে-ফিরিয়ে সে রকমটাই বলেছেন আবার, ‘এই খেলাটিকে যেখানে চেয়েছি, মৃত্যুর আগে সেখানে দেখে যেতে চাই। আরও অনেক দূর নিয়ে যেতে হবে খেলাটিকে, সেটি শুধু যুক্তরাষ্ট্রে নয়। ১৫ বছর বয়স থেকেই আমি খেলাটা বদলে দিতে চেয়েছি। কিছুটা পেরেছি, পুরোটা নয়।’
সে ভবিষ্যতের কাজ নিয়ে পরে ভাববেন। আপাতত সময় দেবেন পরিবারকে। ছেলে বুমারের বাবার কীর্তিটা বোঝার বয়স হয়নি। তবে ফেল্প্স বললেন, বড় হলে বুমারকে তাঁর একটি পদক স্কুলে নিয়ে যাওয়ার জন্য দেবেন। তিন মাস বয়সী ছেলে এরই মধ্যে বাবার পদক চিনে ফেলেছে। সাঁতার কি তাহলে বুমারের মধ্যেই খুঁজে পাবে পরের ফেল্প্সকে? এএফপি, রয়টার্স।