সোনা আর রুপাজয়ী ভাঙলেন বিশ্ব রেকর্ড, তিন পদকজয়ীই ইতিহাসের সেরা চারে

রেকর্ডগড়া দৌড়ে পদকের পথে ছুটছেন তিন অ্যাথলেট - সিডনি ম্যাকলফলিন (ডানে), দালিলাহ মুহাম্মদ (বাঁয়ে) ও ফেমকে বোলছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেদের ৪০০ মিটারের হার্ডলস গতকাল দেখেছে চোখধাঁধানো প্রতিদ্বন্দ্বিতা। মেয়েদের ৪০০ মিটার হার্ডলসও যে আজ তার চেয়ে বেশি কিছুই দেখাবে, কজন ধারণা করেছিলেন!

ধারণা করুন আর না-ই করুন, টোকিও অলিম্পিকে মেয়েদের ৪০০ মিটার হার্ডলসও আজ অবিশ্বাস্য দৌড়ের সাক্ষী হয়েছে। নিজেরই গড়া বিশ্ব রেকর্ড ভেঙে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের ২১ বছর বয়সী অ্যাথলেট সিডনি ম্যাকলফলিন, রুপা জেতার পথে এই ইভেন্টের কিংবদন্তি বনে যাওয়া ৩১ বছর বয়সী দালিলাহ মুহাম্মদও দৌড় শেষ করেছেন আগের বিশ্ব রেকর্ডের চেয়ে কম সময়ে।

এতটুকুই নয়, পদকজয়ী তিনজনই যে সময়ের মধ্যে দৌড় শেষ করেছেন, তা মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে সেরা চার সময়ের মধ্যে পড়েছে।

বিশ্ব রেকর্ডের স্বীকৃতির পাশে ম্যাকলাফলিন
ছবি: রয়টার্স

কাল ছেলেদের ৪০০ মিটার হার্ডলসের পরই রুপাজয়ী রাই বেঞ্জামিন বলে বসেছিলেন, তাঁদের দৌড়টা ছিল ২০০৯ অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপে উসাইন বোল্টের সেই বিশ্ব রেকর্ড গড়া দৌড়ের চেয়েও বেশি আকর্ষণীয়। সে ক্ষেত্রে আজ মেয়েদের ৪০০ মিটার হার্ডলসকে কী বলা যাবে!

৫১.৪৬ সেকেন্ডে দৌড় শেষ করে আজ নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ম্যাকলফলিন। রুপা জেতার পথে যুক্তরাষ্ট্রেরই দালিলাহ দৌড় শেষ করেছে ৫১.৫৮ সেকেন্ডে। ব্রোঞ্জ জিতেছে নেদারল্যান্ডসের ফেমকে বোল, তাঁর ৫২.০৩ সেকেন্ড সময় ইউরোপের রেকর্ড তো বটেই, ম্যাকলফলিন আর মুহাম্মদ না থাকলে অলিম্পিক রেকর্ডই ভেঙে দিত বোলের দৌড়!

গতকাল ছেলেদের ৪০০ মিটার হার্ডলসও এমন কিছুই দেখেছে। সেখানে অবশ্য কারস্টেন ওয়ারহোম, রাই বেঞ্জামিনদের মতো তারকাদের উপস্থিতির কারণে সেখানে দৌড়টা অনেক চমক জাগাবে, এমনটা প্রত্যাশিতই ছিল।

কেউ ট্র্যাকেই শুয়ে পড়লেন, কেউ বা বসে জিরিয়ে নিচ্ছেন। রেকর্ডগড়া দৌড়ের ধকল বলে কথা
ছবি: রয়টার্স

৪৭ সেকেন্ডের নিচেই যেখানে এর আগে মাত্র চারজন অ্যাথলেট দৌড়ে শেষ করেছিলেন, সেখানে কাল সেরা তিনজনই দৌড়েছেন ৪৭ সেকেন্ডের নিচে!

সোনাজয়ী নরওয়ের কারস্টেন ওয়ারহোম তো নিজেরই গড়া বিশ্ব রেকর্ড ভেঙে ইতিহাসে প্রথমবার দৌড় শেষ করেছেন ৪৬ সেকেন্ডের নিচে (৪৫.৯৪ সেকেন্ড), গত জুলাইয়েই গড়া তাঁর আগের বিশ্ব রেকর্ড ছিল ৪৬.৭০ সেকেন্ডের। রুপাজয়ী যুক্তরাষ্ট্রের রাই বেঞ্জামিনও কাল দৌড় শেষ করেছেন ওয়ারহোমের জুলাইয়ে গড়া বিশ্ব রেকর্ডের চেয়ে কম সময়ে (৪৬.১৭ সেকেন্ড)।

ব্রাজিলের আলিসন দস সান্তোস ব্রোঞ্জ জিতেছেন ৪৬.৭২ সেকেন্ডে দৌড় শেষ করে, ছেলেদের ৪০০ মিটার হার্ডলসের ইতিহাসেই তাঁর চেয়ে কম সময়ে দৌড় ছিল শুধু তিনটি—ওয়ারহোম ও বেঞ্জামিনের গতকালের দুটি, আর ওয়ারহোমের গত জুলাইয়ে গড়া আগের বিশ্ব রেকর্ড!

দৌড়ে সবার আগে ম্যাকলাফলিন, দালিলাহও শেষ করলেন সেকেন্ডের ভগ্নাংশ ব্যবধানে
ছবি: রয়টার্স

বেঞ্জামিন কাল দৌড় শেষ করে তাই বলেছিলেন, ‘অলিম্পিক ইতিহাসেরই সেরা দৌড় ছিল এটি। আমার মনে হয় না উসাইন বোল্টের ৯.৫৮-ও এটাকে ছাড়িয়ে যেতে পারবে! তিনজনই বিশ্ব রেকর্ড প্রায় ভেঙেই দিয়েছিল! ৪৫.৯! ৪৬.১ করেও হারতে হলো! অলিম্পিকের আগে আপনি যদি আমাকে বলতেন ৪৬.১ সেকেন্ডে দৌড়েও আমি হারব, আমি হয়তো আপনাকে মেরে রুম থেকে বেরিয়ে যেতে বলতাম।’

আজ মেয়েদের হার্ডলসের পর অবশ্য তেমন উচ্ছ্বাসমাখা প্রতিক্রিয়া আসেনি। সোনাজয়ী ম্যাকলাফলিনের উচ্ছ্বাস, ‘কী অসাধারণ একটা দৌড় হলো! আমি শুধু এই অসাধারণ দৌড়টার উদযাপন করতে পেরে, আমার দেশের প্রতিনিধিত্ব করতে পেরেই খুশি।’