
আশা জাগিয়েও আগের দিন শুটিংয়ে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে পঞ্চম হয়েছিলেন। কিন্তু কাল আর স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়নি আবদুল্লাহ হেল বাকিকে। আজারবাইজানে চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসের ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে বাকি সোনা জিতলেন সৈয়দা আতকিয়া হাসান দিশার সঙ্গে জুটি গড়ে। ইসলামিক সলিডারিটি গেমসের ইতিহাসেই বাংলাদেশের প্রথম সোনার পদক এটি। গত এসএ গেমসে শুটিংয়ে মিশ্র দ্বৈত ইভেন্টটা ছিল না। আন্তর্জাতিক শুটিংয়ে নতুন যোগ হয়েছে এটি।
ফেব্রুয়ারিতে হওয়া দিল্লি বিশ্বকাপ শুটিং চ্যাম্পিয়নশিপে এই ইভেন্টের সঙ্গে প্রথম পরিচয় ঘটে বাংলাদেশের শুটারদের। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) থেকে সরবরাহ করা গেমস সূচিতেও কিন্তু শুটিংয়ের মিশ্র দলগত ইভেন্টটি দেখা যায়নি। বাস্তবে বাকুতে ইসলামিক সলিডারিটি গেমসে এটি ছিল। আর এই ইভেন্ট থেকেই বাংলাদেশকে সোনা এনে দিলেন বাকি ও দিশা। এটি অনেকটা আর্চারির মিশ্র দলগত ইভেন্টের মতো। ৬ রাউন্ডের ফাইনালে বাকি-দিশা জুটি ৫-১ ব্যবধানে হারিয়ে দিয়েছেন ইরানের খেদমতি নাজমেহ ও নূরজিয়ান পোরিয়া জুটিকে। প্রথম ৩ রাউন্ডে বাকি ও দিশা ২০.৯, ২০.৩, ১৯.৭ পয়েন্ট পেয়ে এগিয়ে যান। পরের রাউন্ড ইরানি জুটি জেতে ২১ পয়েন্ট পেয়ে। এরপর আবারও টানা দুই রাউন্ড বাংলাদেশের—বাকি ও দিশা জুটি ২০.৬ ও ২১.৫ পয়েন্ট পেয়ে সোনার পদক জেতেন। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন তুরস্কের ওমর আকগুন ও সেমানুর জুটি।
ঘরোয়া প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার রাইফেলের চেয়ে ৫০ মিটার থ্রি পজিশনেই বেশি সাফল্য পাচ্ছিলেন দিশা। নারায়ণগঞ্জের এই উদীয়মান শুটার গত বছর থ্রি পজিশনে জেতেন সোনা। তবে বাকুতে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে পরশু ফাইনালে উঠে ভালো কিছুর আভাস দিচ্ছিলেন। কাল তো সারাক্ষণ বাকিকে সংগত দিয়ে গেলেন দুর্দান্তভাবে! সোনা জেতার পর তাই দিশার কণ্ঠে আত্মবিশ্বাসের সুর, ‘কালও (পরশু) ১০ মিটারে পুরোটা দিয়ে চেষ্টা করেছি। কিন্তু আজ আরও বেশি জোর দিয়ে চেষ্টা করেছি। কাল যেহেতু ষষ্ঠ স্থানে যেতে পেরেছি, আজ ইনশা আল্লাহ এক নম্বরে যেতে পারব, এই বিশ্বাস আমার ছিল।’
ঢাকায় ২০১০ এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলের সোনাজয়ী দলে ছিলেন বাকি। কিন্তু এরপর থেকেই সোনার পদক যেন ‘সোনার হরিণ’ হয়ে ছিল বাকির কাছে। বাকির কাছে সোনা জয়ের সবচেয়ে বড় আক্ষেপ ছিল তিন বছর আগে গ্লাসগোর ব্যারি বাডন শুটিং সেন্টার। সেবার কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে জিতেছিলেন রুপা। সোনার পদক উঠেছিল ২০০৮ বেইজিং অলিম্পিকের সোনাজয়ী ভারতের অভিনব বিন্দ্রার গলায়। এরপর এশিয়ান গেমস, অলিম্পিক, বিশ্বকাপ শুটিং, এসএ গেমসে অংশ নিলেও কখনো পদকই জিততে পারেননি। ২০১০ এসএ গেমসের সাত বছর পর আবারও দলগতভাবেই সোনা জিতলেন বাকি। কাল বাকু থেকে টেলিফোনে যখন কথা বলছিলেন বাংলাদেশের এই শীর্ষ শুটার, তাঁর কণ্ঠে ছিল উচ্ছ্বাস, ‘গত ফাইনালে গিয়েও মনের মতো করে শেষ করতে পারছিলাম না। কোচ শুধু বলতেন, ধৈর্য ধরো। আস্থা হারিয়ো না। কোচের কথাতেই বিশ্বাসটা ধরে রেখেছিলাম।’ ব্রাজিলে গত অলিম্পিকে গিয়েছিলেন ওয়াইল্ড কার্ড নিয়ে। কিন্তু এই পদক বাকিকে কোটা প্লেসের স্বপ্ন দেখাচ্ছে, ‘এই পদক আমার ক্যারিয়ারে জন্য একটা টার্নিং পয়েন্ট হয়ে এসেছে। এখন একটাই লক্ষ্য, টোকিও অলিম্পিকে কোটা প্লেস পাওয়া।’