সোনার সন্ধানে বাবা-ছেলের ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা বার্নার্ডো রেজেন্দের (ডানে) সঙ্গে ছেলে ব্রুনো মোসা রেজেন্দে l ফাইল ছবি
বাবা বার্নার্ডো রেজেন্দের (ডানে) সঙ্গে ছেলে ব্রুনো মোসা রেজেন্দে l ফাইল ছবি

ইনডোর স্টেডিয়ামটি মারাকানার ঠিক পাশেই। নাম মারাকানাজিনহো। অর্থ ছোট্ট মারাকানা।

গত পরশু রাতে যেখানে প্রায় ১৮ হাজার দর্শকের ‘ব্রাজিল’ ‘ব্রাজিল’ চিৎকারে কানে তালা লেগে যাওয়ার মতো অবস্থা। ফুটবলের দেশ হিসেবেই ব্রাজিলকে চেনে পুরো বিশ্ব। তবে ব্রাজিল যে ভলিবলের দেশও, তা বুঝতে মারাকানাজিনহোতে এক পাক ঘুরে আসাই যথেষ্ট।

রিও অলিম্পিকের ভলিবল ভেন্যু মারাকানাজিনহো। এই শহরে আয়োজিত বড় বড় কনসার্টেরও। ম্যাচের ফাঁকে ফাঁকে উচ্চ স্বরে মিউজিক আর নাচ মিলিয়ে ভলিবলও যেন ‘কনসার্টজিনহো’! মানে ছোট্ট কনসার্ট!

ব্রাজিল খেলছে কানাডার সঙ্গে। র‍্যাঙ্কিংয়ে একের সঙ্গে দশ। এই ম্যাচ নিয়ে ভাবার কী আছে! ভাবার কারণ ছিল। গত পাঁচটি অলিম্পিকে কোয়ালিফাই-ই করতে না-পারা কানাডা প্রথম ম্যাচেই যে তিনবারের চ্যাম্পিয়ন ও র‍্যাঙ্কিংয়ে ৫ নম্বর যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিয়েছে! এই ম্যাচেও ২৬-২৪ পয়েন্টে প্রথম সেট জিতে আরেকটি আপসেটের সম্ভাবনা (নাকি শঙ্কা?) জাগিয়ে তুলেছিল। পরের তিন সেটে যা উড়ে গেছে। ব্রাজিলের এই দলের সঙ্গে এমনিতেও পারা কঠিন, তার ওপর আবার তুমুল গর্জন তোলা অমন দর্শক। কানাডার পারার কথা নয়।

ফুটবলের সঙ্গে একটা তুলনা করাই যায়। একমাত্র দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবলের সব কটি চূড়ান্ত পর্বে খেলেছে ব্রাজিল। অলিম্পিক ভলিবলেও এমন একটা কীর্তি আছে। ১৯৬৪ সালে টোকিওতে অলিম্পিকে প্রথম ভলিবল। সেই থেকে শুরু করে সব কটি অলিম্পিকে খেলেছে শুধু ব্রাজিলই। এই নিয়ে টানা ১৪তম বার।

ফুটবল থাকে ব্রাজিলিয়ানদের হৃদয়ে। আর মনে ভলিবল। ফুটবলারদের পর ভলিবলাররাই ব্রাজিলের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় তারকা। নেইমারদের সঙ্গে তুলনীয় না হলেও টাকাপয়সা ভালোই পান। এই অলিম্পিকে অনেক খেলারই টিকিট যেখানে অবিক্রীত থেকে গেছে, সেখানে ভলিবলের টিকিট নিয়ে রীতিমতো কাড়াকাড়ি। ব্রাজিল ফাইনালে উঠলে কালোবাজারে যেটি ১০-১৫ গুণ দামে বিকোবে বলে পূর্বাভাস। ভলিবল ফাইনাল আর উসাইন বোল্টের ১০০ মিটার স্প্রিন্টের টিকিটের দামও এক! সাধে কি আর বলা হয়, ব্রাজিলে ফুটবল হলো ধর্ম আর ভলিবল এক নম্বর খেলা!

ফুটবলে ব্যর্থতায় যেমন হাহাকার ওঠে, এই অলিম্পিকে ভলিবলে ব্যর্থ হলেও ভিন্ন কিছু হবে না। নেইমারের চেয়ে ব্রুনো মোসা রেজেন্দের ওপরও তাই চাপ কম নয়। ব্রুনো...কে? ব্রুনো মোসা রেজেন্দে ব্রাজিলের পুরুষ ভলিবল দলের অধিনায়ক।

ভলিবলে ব্যর্থতার সংজ্ঞাও ফুটবলের মতোই। রুপার কোনো দাম নেই। সেটি ছেলেমেয়ে দুই দলের ক্ষেত্রেই প্রযোজ্য। মেয়েদের ভলিবলে ব্রাজিল এখন র‍্যাঙ্কিংয়ে দুইয়ে। ওপরে শুধু যুক্তরাষ্ট্র। গত দুটি অলিম্পিকের ফাইনালে এই যুক্তরাষ্ট্রকে হারিয়েই সোনা জিতেছে ব্রাজিলের মেয়েরা। ছেলেদের আবার অন্য গল্প। গত তিনটি অলিম্পিকের ফাইনালেই ছিল ব্রাজিল। কিন্তু হেরেছে শেষ দুটিতেই। এর মধ্যে চার বছর আগে লন্ডন অলিম্পিকে প্রথম দুই সেট জেতার পরও রাশিয়ার কাছে পরাজয় ব্রাজিলিয়ান ভলিবলে ‘মারাকানাজো’র কাছাকাছি কিছু হয়ে আছে।

সেই দুঃখ ভুলতেই অবসর ভেঙে ফিরেছেন সার্গিও দুত্রা সান্তোস। দুই মাস পর বয়স হবে ৪১, কোর্টে সান্তোসকে দেখে তা বোঝার উপায় নেই। সেটি শুধু এই লিবেরোর খেলায় নয়, আচার-আচরণেও। ম্যাচ শুরু হওয়ার আগে সতীর্থ সবাইকে আবেগঘন আলিঙ্গনে বাঁধলেন। ম্যাচের সময়ও সবচেয়ে টগবগে লাগল তাঁকেই। গত তিনটি অলিম্পিকের ফাইনালেই খেলেছেন। এথেন্সে জেতা সোনার আনন্দ মুছে গেছে বেইজিং ও লন্ডনের রুপায়। লন্ডনের ওই ফাইনালের পরই অবসর নিয়েছিলেন। নিজের দেশে অলিম্পিকে গলায় সোনার পদক ঝুলিয়ে বিদায় নেওয়ার স্বপ্ন আবার ফিরিয়ে এনেছে কোর্টে। এই অলিম্পিক শুরুর আগেই বলেছেন, ‘আমি চতুর্থ পদকটি চাই এবং সেটি সোনা হতে হবে। সব কটি পদক আমি শোকেসে সাজিয়ে রেখেছি। প্রতিদিন তা দেখি। একটা পদকের জায়গা এখনো খালি আছে।’

সান্তোসের পুরো পরিবারই ভলিবল-পাগল। অথচ তাদের কিনা নিজের দেশে অলিম্পিকে ব্রাজিলের খেলা দেখতে হচ্ছে টেলিভিশনে! বাড়তি চাপ হয়ে যাবে ভেবে সান্তোস যে পরিবারের কারও স্টেডিয়ামে আসা নিষিদ্ধ করে দিয়েছেন!

‘ভলিবল পরিবার’ বললে অবশ্য দলের কোচ বার্নার্ডো রেজেন্দের ধারেকাছেও আসতে পারবে না আর কেউ। ২০০১ সাল থেকে ব্রাজিলের কোচ। নিজে অনেক বছর খেলেছেন। ১৯৮৪ অলিম্পিকে রুপাও জিতেছেন। বিয়ে করেছেন দুটি। দুই বউই ভলিবল খেলোয়াড়, অলিম্পিয়ানও। প্রথমজন ১৯৮০ ও ’৮৮ অলিম্পিকে খেলেছেন। দ্বিতীয়জন ১৯৯৬ অলিম্পিকে।

প্রথম বিয়ের ফসল একমাত্র ছেলের নামটা এই লেখায়ই আগে পড়েছেন। ওই যে বললাম না, ব্রুনো রেজেন্দে ব্রাজিলের পুরুষ ভলিবল দলের অধিনায়ক। বাবা-ছেলে মিলে ব্রাজিলকে সোনা এনে দিতে পারলে সেটি হবে অপূর্ব এক গল্প । কিন্তু না পারলে? না পারলে ফুটবলের মতো ভলিবলেও একটা ‘মারাকানাজো’ হয়ে যাবে!

স্যরি, মারাকানাজো নয়, মারাকানাজিনহোজো!