স্থগিত ইন্দো-বাংলা গেমস
গত সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ায় সর্বশেষ এশিয়ান গেমসে অ্যাথলেটিকস দল পাঠায়নি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। তার পরও নিজের উদ্যোগে নৌবাহিনীতে অনুশীলন করছিলেন মেজবাহ উদ্দিন আহমেদ। দেশের দ্রুততম মানব আশায় ছিলেন অন্তত ইন্দো-বাংলা গেমসে নিজের সেরা টাইমিং ছাড়িয়ে যাবেন। কিন্তু ৭-১৩ মে ঢাকায় অনুষ্ঠেয় ইন্দো-বাংলা গেমস স্থগিত হওয়ায় মনটাই ভেঙে গেছে বাগেরহাটের তরুণের।
বিওএর সহসভাপতি ও গেমসের প্রধান সমন্বয়কারী মিজানুর রহমান মানু জানিয়েছেন, ‘পশ্চিম বাংলা অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষের মৃত্যুর কারণে আপাতত গেমস স্থগিত করতে অনুরোধ করে চিঠি দিয়েছে তারা। এ জন্যই এমন সিদ্ধান্ত।’ কিন্তু গেমস ঘিরে শুরু অনুশীলন ক্যাম্পও কি তাহলে বন্ধ করে দেবে বিওএ? মানুর উত্তর, ‘১৫ এপ্রিল সভার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেব। যদি ওরা অনন্তকালের জন্য গেমস বন্ধ করে দেয়, তাহলে আমাদেরও ক্যাম্প বন্ধ করে দিতে হবে।’
ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের অ্যাথলেটদের নিয়ে চতুর্থবারের মতো হওয়ার কথা ছিল ইন্দো-বাংলা গেমস। সর্বশেষ ২০১০ সালের মার্চে কলকাতায় হয়েছিল এই প্রতিযোগিতা। এবারের গেমসে ছিল অ্যাথলেটিকস, সাঁতার, ফুটবল, শ্যুটিং, বক্সিং, কাবাডি, জিমন্যাস্টিকস, ভলিবল ও ব্যাডমিন্টন।
সাঁতারু মাহফিজুর রহমান সাগরও হতাশ এই সিদ্ধান্তে, ‘খেলা স্থগিত হবে শুনে খুব হতাশ হলাম। কী আর করা, বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ ও সাফ গেমসের জন্য স্বল্পমেয়াদি অনুশীলন চালিয়ে যাব।’ মহিলা কাবাডি দলের অধিনায়ক শাহনাজ পারভীন স্বপ্ন দেখছিলেন দেশের মাটিতে পশ্চিমবঙ্গকে হারানোর, ‘ঘরের মাটিতে খেলা হবে ভেবে সবাই ওদের হারানোর আশায় ছিল। কিন্তু গেমস হবে না শুনে মেয়েরা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে।’