স্বপ্ন বাঁচাতে হয়ে গেলেন 'বিশ্বাসঘাতক'!

দেশের পতাকাতলে না হোক, রাশিয়ার একমাত্র অ্যাথলেট হিসেবে রিও অলিম্পিকে যাচ্ছেন তিনি। পুরো রাশিয়ার সমর্থনই তো এখন দারিয়া ক্লিশিনার দিকে থাকার কথা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপ নেওয়ার অভিযোগে পুরো দেশের অলিম্পিক দলই যেখানে অলিম্পিকে নিষিদ্ধ, সেখানে ‘নিরপেক্ষ’ অ্যাথলেট হিসেবে সুযোগ পাচ্ছেন এই লং জাম্পার। কিন্তু এটিই যেন ক্লিশিনাকে পরিণত করেছে রাশিয়ার মানুষের চক্ষুশূলে। তাঁকে ‘বিশ্বাসঘাতক’ও বলছেন অনেকে।
অলিম্পিকে খেলা যেকোনো অ্যাথলেটের আজন্ম আরাধ্য এক স্বপ্ন। সবার সেই স্বপ্ন পূরণও হয় না। চার বছর পরপর হওয়া এই আসরে খেলার সুযোগটা তাই কিছুতেই হাতছাড়া করতে চাইছিলেন না। তার ওপর আগে কখনো যে অলিম্পিকে খেলাও হয়নি। এ কারণে দেশকে সাময়িকভাবে বিদায় জানিয়ে বেছে নিয়েছেন অলিম্পিকের পতাকা। সাধারণত কোনো দেশ অংশ নিতে না পারলেও অলিম্পিকের পতাকায় নিরপেক্ষ দলের প্রতিনিধি হয়েও অংশ নেওয়ার বিশেষ সুযোগ থাকে। এবার যেমন বেশ কজন শরণার্থীও পেয়েছেন এই সুযোগ। নিজের স্বপ্নটাকে বাঁচাতে ক্লিশিনাও হেঁটেছেন সেই পথে।
আর এ কারণেই তাঁকে কেউ কেউ বলছেন দেশের সঙ্গে প্রতারণা করা এক বিশ্বাসঘাতক। পুরো দেশ, তাঁর সতীর্থরা যেখানে খেলছেন না, ক্লিশিনা কিনা একাই যাচ্ছেন খেলতে! যতবার তাঁকে দেখানো হবে, ততবারই তো উঠে আসবে প্রসঙ্গটা। যে প্রসঙ্গ রাশিয়ার জন্য আবার বিব্রতকর। রীতিমতো রাষ্ট্রীয় ব্যবস্থাপনাতেই তো রাশিয়া ডোপ দিয়েছে অ্যাথলেটদের!
যে কেলেঙ্কারির কারণে পুরো রাশিয়াই আপাতত বৈশ্বিক অ্যাথলেটিকস প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ। রাশিয়া সব সময়ই অলিম্পিকের সবচেয়ে বড় অংশগ্রহণকারী দলগুলোর একটি। দেশটির অনেক অ্যাথলেট নিশ্চয়ই দোষও করেননি। এ কারণেই বিশেষ সুযোগ দেওয়া হয়েছিল নিরপেক্ষ প্রতিনিধি হিসেবে অংশ নেওয়ার। যে সুযোগ নিয়েছেন ক্লিশিনা।
এই সুযোগ পেতে আবেদন করেছিলেন ১৩৬ জন রুশ ক্রীড়াবিদ। ১৩৫ জনের আবেদনই নাকচ হয়েছে। সুযোগ পেয়েছেন শুধু ক্লিশিনা। অনেক দিন ধরেই দেশের বাইরে থেকে অনুশীলন করছেন এমন রুশ অ্যাথলেটদের শুধু সুযোগ দিতে রাজি আইএএএফ। তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অনুশীলন করছিলেন বলে শর্তটা পূরণ করতে পেরেছেন কেবল এই ২৫ বছর বয়সী। বাকিরা পারেননি।
তবে এভাবে সুযোগ পাওয়াতেই রাশিয়ার মানুষের চোখে ‘বিশ্বাসঘাতক’ বনে গেছেন। প্রশ্ন উঠে গেছে, অন্য রুশ ক্রীড়াবিদদের সঙ্গে সংহতি দেখিয়ে ক্লিশিনাও কেন সরে দাঁড়ালেন না অলিম্পিক থেকে? সমালোচনার জবাবে ক্লিশিনা লিখেছেন, ‘এভাবে আমার সমালোচনা করা আর আমাকে বিশ্বাসঘাতক বলা অন্যায়।’ ব্যাখ্যা দিয়েছেন, এমন নয় যে দেশের বাইরে অবস্থানের শর্তের সুযোগটা পেতে তিনি অন্যায় পথ বেছে নিয়েছেন। ভালো করার প্রত্যয় নিয়েই যুক্তরাষ্ট্রে অনুশীলন করছিলেন সেই কবে থেকেই। এত সব ঘটনা তো ঘটল এই কিছুদিনে। রয়টার্স।