স্বরূপে ফিরছেন ফেল্প্স?

বাল্টিমোরে সেই রাতটার জন্য এখন নিশ্চয়ই আফসোস হয় মাইকেল ফেল্প্সের? ইশ্, যদি একটু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেন, কিংবা মদ্যপ অবস্থায় গাড়িটাই না চালাতেন, তাহলে তো বিশ্ব চ্যাম্পিয়নশিপের তিনটি পদক থাকত তাঁর গলায়! এর বদলে কিনা সর্বকালের অন্যতম সেরা সাঁতারুকে এখন সন্তুষ্ট থাকতে হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় সাঁতারের তিনটি পদক নিয়ে!
সে রাতে মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে ছয় মাসের জন্য নিষিদ্ধ হন ফেল্প্স। তখনই যুক্তরাষ্ট্রের সাঁতার কর্তৃপক্ষ জানিয়ে দেয়, কাজানের ২০১৫ বিশ্ব চ্যাম্পিয়নশিপে যুক্তরাষ্ট্র দলে নেওয়া হবে না তাঁকে। রাশিয়ার কাজানে গত ২৭ জুলাই শুরু হয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে পরশু। সেখানে না থাকায় ফেল্প্স অংশ নিয়েছেন প্রায় একই সময়ে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের জাতীয় চ্যাম্পিয়নশিপে। যদিও বিশ্ব চ্যাম্পিয়নশিপের সময়ে যুক্তরাষ্ট্রের জাতীয় সাঁতার আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবে নিজের তিনটি ইভেন্টেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেরাদের চেয়ে কম টাইমিং করে ফেল্প্স সবার নজর ঘুরিয়ে আনতে পেরেছেন তাঁর দিকে। ১০০ ও ২০০ মিটার বাটারফ্লাইয়ের পর ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতেও বছরের সেরা টাইমিং করেছেন অলিম্পিকে ১৮টি সোনাজয়ী সাঁতারু। তবে কি রিও ডি জেনিরোর অলিম্পিক এগিয়ে আসতেই মাইকেল ফেল্প্সও ফিরছেন স্বরূপে?
স্যান অ্যান্টোনিওর পুলে ঝড় তুলে ফেল্প্স গত শনিবার ১০০ মিটার বাটারফ্লাইয়ে সেরা হন ৫০.৪৫ সেকেন্ড সময় করে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই সময়টা করলে ১০০ মিটার বাটারফ্লাইয়ে ফেল্প্সই সেরা হতেন। ফেল্প্স সাঁতার শেষ করার এক ঘণ্টা আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫০.৫৬ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন দক্ষিণ আফ্রিকার শাদ লে ক্লস। আগের দিন ২০০ মিটার বাটারফ্লাইয়ে ১ মিনিট ৫২.৯৪ সেকেন্ড সময় নেন ফেল্প্স। একই দিনে কাজানের সুইমিংপুলে ১ মিনিট ৫৩.৪৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন হাঙ্গেরির লাসলো চে। পরশু জাতীয় চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ১ মিনিট ৫৪.৭৫ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন ফেল্প্স। অথচ একই ইভেন্টে গত বৃহস্পতিবার ফেল্প্সের স্বদেশি রায়ান লোক্টি কাজানে সোনা জিতেছেন ১ মিনিট ৫৫.৮১ সেকেন্ড সময় করে। এই ইভেন্টে বিশ্ব রেকর্ডটা (১ মিনিট ৫৪ সেকেন্ড) অবশ্য লোকটিরই দখলে। তবে সুযোগ পেলে সেটা ভেঙেই দিতে চান ফেল্প্স, ‘২০০৪ সালে যখন আমরা একসঙ্গে সাঁতার শুরু করি, তখন থেকেই এই ইভেন্টে আমি আর রায়ান খুবই শক্ত প্রতিদ্বন্দ্বী। আমি তার সঙ্গে আবার প্রতিদ্বন্দ্বিতা করতে মুখিয়ে আছি।’
আর সেই সুযোগের জন্য আগামী বছর রিও অলিম্পিকের চেয়ে ভালো মঞ্চ আর কী হতে পারে! ফেল্প্স কিন্তু আত্মবিশ্বাসী, ‘হয়তো ২০০৮ সালের পর আমি আর কখনো টানা সাঁতারে এত ভালো বোধ করিনি। প্রস্তুতির ভিত্তিটা দারুণ হলো। অলিম্পিকের আগে আমার প্রস্তুতির শুরুটা অনেক দিন এত ভালো হয়নি। ২০১২ সালের আগে তো নয়ই।’
২০১২ লন্ডন অলিম্পিকের ১০০ মিটার রিলেতে সোনা জয়ের পরই সাঁতার-বিশ্বকে চমকে দিয়েছিলেন অবসরের ঘোষণা দিয়ে। তখন অবশ্য এটাও মনে হয়েছিল, সুইমিংপুলে নতুন কিছু করে দেখানোর নেই ফেল্প্সের! অলিম্পিক ইতিহাসের সবচেয়ে বেশি সোনা (১৮) জয়ের রেকর্ড, সবচেয়ে বেশি পদক (২২টি), এক অলিম্পিকে ৮ সোনা জয়ের বিস্ময়কর কীর্তি, নামের পাশে অসংখ্য বিশ্ব রেকর্ড, আর কীই-বা পাওয়ার আছে? সাফল্যের চূড়ায় পৌঁছে যাওয়া একজন তাই তৃপ্ত কণ্ঠে বিদায়ের ঘোষণা দিতেই পারেন! কিন্তু বছর দু-এক পর আবারও সাঁতার-বিশ্বকে চমকে দিয়ে পুলে ফিরলেন ফেল্প্স!
ফিরলেন বটে। কিন্তু বিদায় নিয়েছিলেন যে ফেল্প্স, আর যিনি ফিরলেন, দুজনের মধ্যে কত পার্থক্য! গত বছর যুক্তরাষ্ট্রের জাতীয় চ্যাম্পিয়নশিপে একটি ইভেন্টও জিততে পারলেন না! তখন গুঞ্জন শুরু হয়ে গেল, ধার বোধ হয় কমে গেছে সর্বকালের অন্যতম সেরা সাঁতারুর। প্রত্যাবর্তনের ধকল নিতে পারছে না তাঁর শরীর। তার ওপর মাতাল হয়ে গাড়ি চালিয়ে পাওয়া নিষেধাজ্ঞা। ফেল্প্সের শেষই দেখে ফেলেছিলেন অনেকে।
এবার জাতীয় চ্যাম্পিয়নশিপে কী দারুণভাবেই না তাদের ভুল প্রমাণ করলেন তর্কযোগ্যভাবে সর্বকালের সেরা অলিম্পিয়ান। এএফপি।