হচ্ছে না বোল্ট-ফন নিকার্ক দ্বৈরথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উসাইন বোল্ট আর ‘নতুন বোল্ট’ একই সঙ্গে ট্র্যাকে নামবেন। লন্ডন বিশ্ব অ্যাথলেটিকস নিয়ে এত দিন এই রোমাঞ্চে ছিলেন স্প্রিন্ট-রোমান্টিকেরা। কিন্তু তাঁদের সেই অপেক্ষায় জল ঢেলে দিয়েছেন উসাইন বোল্ট। আগস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নতুন বোল্ট ওয়েড ফন নিকার্ক ২০০ মিটারে দৌড়াবেন। কিন্তু বোল্ট তাতে অংশ নেবেন না। নিজের শেষ প্রতিযোগিতায় শুধু ১০০ মিটার ও ১০০ মিটার রিলেতেই প্রতিদ্বন্দ্বিতা করবেন জ্যামাইকার কিংবদন্তি স্প্রিন্টার। লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরই বোল্ট বিদায় বলে দেবেন স্প্রিন্টকে। অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের আগে মোনাকোর ডায়মন্ড লিগে ১০০ মিটারে দৌড়াবেন বোল্ট। তবে লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপে জয়কেই পাখির চোখ করছেন অলিম্পিকের আট সোনাজয়ী, ‘আমার মূল লক্ষ্য লন্ডনে জেতা। আমি বিজয়ী হিসেবে অবসর নিতে চাই।’ এএফপি।