১১২ বছর পর অলিম্পিকে ফিরেছে গলফ। কিন্তু উপলক্ষটা উদ্যাপন করতে পারলেন না সিদ্দিকুর রহমান। কাল আশা জাগিয়েও শেষপর্যন্ত হতাশা উপহার দিলেন বাংলাদেশের গলফার। প্রথম রাউন্ডে পারের চেয়ে ৪ শট বেশি খেলেছেন সিদ্দিকুর। এই প্রতিবেদন লেখার সময় ৬০ জনের প্রতিযোগিতায় যৌথভাবে ৫৬ নম্বরে ছিলেন অলিম্পিকে বাংলাদেশের পতাকা বাহক।
অথচ সিদ্দিকুর শুরুটা ভালোই করেছিলেন। প্রথম চার হোলে পারের সমান খেলেছেন। পঞ্চম হোলে বার্ডি করেছেন। নবম হোলে পারের চেয়ে এক শট কম খেলে যৌথভাবে ১৬তম স্থানে ছিলেন। এর মধ্যে দুটি বার্ডি, একটি বগি। কিন্তু ব্যাক নাইনে গিয়েই সব বদলে গেল। শেষ নয় হোলের পাঁচটিতেই বগি করে পিছিয়ে পড়েছেন। ব্যাক নাইনে একটিও বার্ডি পাননি সিদ্দিকুর।
সিদ্দিকুরের ভাগ্য জানতে অপেক্ষা করতে হবে আরও । তবে অনুমিতভাবেই পরশু রাতে রিও অলিম্পিক শেষ হয়ে গেছে আর্চার শ্যামলী রায়ের। রিকার্ভ বো ইভেন্টে র্যাঙ্কিং রাউন্ডে ৬৪ জনে ৫৩তম হয়েছিলেন, তাই পরশু মূল প্রতিযোগিতার শুরুতেই পেলেন র্যাঙ্কিংয়ে ১২তম হওয়া মেক্সিকোর গ্যাব্রিয়েলা বায়ার্দোকে। বোঝাই গিয়েছিল ৬৪ থেকে ৩২-এ যাওয়ার সম্ভাবনা নেই শ্যামলীর। কার্যত সেটাই হয়েছে। গ্যাব্রিয়েলার সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি নড়াইলের মেয়ে, যদিও শুরুটা মোটামুটি ভালোই করেন। তিন সেটে দুজনের পয়েন্ট ২৮-২৭, ২৮-২৩, ২৮-২৫। শেষ পর্যন্ত হেরেছেন ৬-০ ব্যবধানে।
নিজের সেরাটা করতে পারলে হয়তো হারের ব্যবধান এত বড় হতো না শ্যামলীর। এ জন্য তিনি অনভিজ্ঞতাকে দুষতে পারেন। তবে সেটাই একমাত্র কারণ হতে পারে না, ব্যাংককে এশিয়ান চ্যাম্পিয়নশিপে এই ইভেন্টে ৬১৬ স্কোর করেছিলেন, অলিম্পিকে করলেন ৬০০।
সাঁতারু মাহফিজুর রহমানের অলিম্পিকও শেষ। একমাত্র ইভেন্ট ৫০ মিটার ফ্রিস্টাইলে নিজের হিটে কাল আটজনে পঞ্চম হয়েছেন। ইভেন্টটিতে নিজের সেরা টাইমিং করার চেষ্টা ছিল তাঁর। টাইমিং করলেন ২৩.৯২ সেকেন্ড। সম্প্রতি থাই ওপেনে করেছিলেন ২৩.৯৩। ইভেন্টটিতে মাহফিজুরের কোয়ালিফাইং টাইমিং ছিল ২৪.৪৩ সেকেন্ড। রিওতে ৮৪ জন সাঁতারুর মধ্যে ৫৪তম হয়ে মাহফিজুর বিদায় নিয়েছেন। সেরা ১৬ জন উঠেছেন সেমিফাইনালে।