হ্যান্ডবলের ফাইনালে বাংলাদেশের মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ছাড়ার আগেই শাহিদা খাতুন আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, ‘আমরা ফাইনালে খেলব।’ কথা রেখেছেন বাংলাদেশ হ্যান্ডবল দলের অধিনায়ক। প্রথমবারের মতো এসএ গেমসে অংশ নিয়েই ইতিহাস গড়েছেন নিশি-ডালিয়ারা। গুয়াহাটির সোনাপুর স্টেডিয়ামে বাংলাদেশ কাল ৩৩-২৮ পয়েন্টে নেপালকে হারিয়েছে সেমিফাইনালে। মেয়েরা জিতলেও হতাশায় ডুবিয়েছেন পুরুষ দল। কাল সেমিফাইনালে পুরুষ দল পাকিস্তানের কাছে হেরেছে ২০-৩৪ পয়েন্টে। নেপালের সঙ্গে বাংলাদেশ পুরুষ দলটির আজ ব্রোঞ্জের
লড়াই।
হাড্ডাহাড্ডি ম্যাচে ঘাম ঝরিয়েই জিততে হয়েছে বাংলাদেশের মেয়েদের। খেলা শেষে তাই বাড়তি উচ্ছ্বাস দেখা যায়নি দলের মধ্যে। বাংলাদেশের এক নম্বর গোলরক্ষক শিলা রায় খেলেননি। মায়ের মৃত্যুসংবাদ পেয়ে পরশুই তিনি ফিরে গেছেন ঢাকায়। অতিরিক্ত গোলরক্ষক সুশীলাকে তাই চোট নিয়েই খেলতে হয়েছে।
বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৮টি করে গোল করেছেন নিশি ও শিল্পী। শিরিনা ৬টি, ডালিয়া ৫টি, সুমি ৪টি ও খালেদা ২টি গোল করেছেন। তবে ফাইনালে উঠেও কোচ দিদার হোসেন উচ্ছ্বসিত নন, তাঁর সব মনোযোগ আজকের ফাইনালকে ঘিরে, ‘এমনিতেই আমাদের খেলোয়াড় কম, তার ওপর ফাইনালে আমাদের খেলতে হবে ভারতের সঙ্গে। তবে মেয়েরা তাদের সেরাটা দিয়েই সোনার জন্য লড়াই করবে।’