হ্যারিসনের অন্য লড়াই

কাল রিওতে ইতিহাস গড়েছেন কায়লা হ্যারিসন, মেয়েদের জুডোর ৭৮ কেজি ওজন শ্রেণিতে এই প্রথম কেউ দুই অলিম্পিকে সোনা জিতলেন। ইতিহাস গড়ার আনন্দ অভিব্যক্তিতেই প্রকাশ পাচ্ছিল। সেটি নিজেই পরিষ্কার করলেন, ‘এটাই আমি রেখে যাচ্ছি। দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন হিসেবে অবসর নিচ্ছি, এই খেলার সর্বকালের সেরাদের একজন হয়ে।’
এই আনন্দের মুহূর্তও তাঁকে সরিয়ে দেয়নি নিজের ব্রত থেকে। ২৬ বছর বয়সী এই জুডোকা যৌন হয়রানির বিরুদ্ধে লড়ছেন বেশ কিছুদিন ধরে। মাত্র ১৫ বছর বয়সে কোচের হাতে তিনি নিজেই যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন। লন্ডন অলিম্পিকে বিজয়ী হওয়ার পরই এ বিষয়ে সচেতনতা বাড়াতে ‘ফিয়ারলেস’ ফাউন্ডেশন গড়েছেন। যৌন হয়রানির শিকার হওয়া মানুষদের দুঃসহ সময়টা কাটিয়ে উঠতে সহযোগিতা করছে এ ফাউন্ডেশন।
এখানে সময় দেবেন বলেই কাঁড়ি কাঁড়ি অর্থ প্রাপ্তির সুযোগটা পিছিয়ে দিচ্ছেন কিছুদিনের জন্য। একসময়ের অনুশীলনসঙ্গী রোন্ডা রাউজি এখন মিক্সড মার্শাল আর্টের জনপ্রিয় এক প্রতিযোগী। রাউজি এখন কাঁড়ি কাঁড়ি অর্থ উপার্জন করছেন। হ্যারিসনের কাছেও প্রস্তাব এসেছে। তিনি আপাতত দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েই তৃপ্ত, ‘মানুষের সঙ্গে ঘুষোঘুষি করব কি না, সে সিদ্ধান্ত কয়েক দিন পরেই নেব।’ এএফপি।