১০০ বছর বয়সে সাঁতারে রেকর্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০০ বছর বয়সে সাঁতারে রেকর্ড গড়ার পর মিয়াকো নাগাওকা ছবি: সংগৃহীত
১০০ বছর বয়সে সাঁতারে রেকর্ড গড়ার পর মিয়াকো নাগাওকা ছবি: সংগৃহীত

এক শ বছর বয়সে বেঁচে থাকাটাই তো এক আশ্চর্যজনক ঘটনা! আর এই বয়সেই কিনা মিয়াকো নাগাওকা রীতিমতো তারকা সাঁতারু! পুল দাপিয়ে বেড়িয়ে জিতে নেন একের পর এক পুরস্কার! এই নাগাওকাই জাপানের একটি সাঁতার প্রতিযোগিতায় ১৫০০ মিটার সাঁতরে রেকর্ড গড়ে প্রমাণ করেছেন বয়স সত্যি সত্যিই তাঁর কাছে একটি সংখ্যা ছাড়া আর কিছুই নয়।
আরও আশ্চর্যের ব্যাপার হচ্ছে নাগাওকা সাঁতার শিখেছেন ৮২ বছর বয়সে! এও কী সম্ভব! শারীরিক একটি সমস্যার কারণে চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী সাঁতার শিখেছিলেন। ব্যাপারটা এতটাই ভালো লেগে যায় যে ৮৪ বছর বয়সে বনে যান সাঁতারু। এর পর আর পেছন ফিরে তাকাননি তিনি। পুরোদস্তুর সাঁতারু হিসেবে জিতেছেন একের পর এক পদক। ৮৮ বছর বয়সে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জিতেছিলেন এক প্রতিযোগিতায়। এর পরে তিনি জেতেন তিনটি রুপার পদক। এই পদকগুলো আসে ৫০, ১০০ ও ২০০ মিটার ব্র্যাকস্ট্রোকে।
এখানেই থেমে থাকেননি তিনি। ভালো সাঁতারু হওয়ার বিষয়টিকে বানিয়ে ফেলেন জীবনের ব্রত। কোচের কাছে গিয়ে শিখতে থাকেন সাঁতারের খুঁটিনাটি। ৯০ বছর বয়সে ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে গড়েন জাপানের জাতীয় রেকর্ড। ৯৫ বছর বয়সে একটি মাস্টার্স মিটে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে গড়েন বিশ্ব রেকর্ড।
সম্প্রতি জাপানের মাতসুয়ামার একটি মাস্টার্স সাঁতার প্রতিযোগিতায় ১৫০০ মিটার সাঁতরাতে পুলে নেমেছিলেন তিনি। সবাইকে অবাক করে দিয়ে তিনি এতে গড়েন নতুন জাপানি রেকর্ড। ১ ঘণ্টা ১৫ মিনিটে ৫৩৪ সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে তিনি নিজেকে নিয়ে যান মহা মানবীর কাতারে।
একটু বোধ হয় ভুল হয়ে গেল। মহা মানবীর কাতারে তিনি তো চলে গেছেন সেই ৮২ বছর বয়সেই! সূত্র: আইএএনএস, টোকিও।