১০০ মিটারের নতুন রানি থম্পসন

হলো না। পারলেন না শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস।
শুরু থেকে শেষ—মাত্র ১০-১১ সেকেন্ডের একটি ব্যাপার। এর মাঝেই খেলা করে কত আবেগ, কত অনুভূতি। সেই সবই যেন কাল ভিড় করেছিল ফ্রেজার-প্রাইসের মনে। বেইজিং ও লন্ডনে জিতে পদকে নিজের নাম প্রায় লিখিয়ে নিয়েছিলেন, সেটি ধরে রাখার জন্যই কাল নেমেছিলেন ট্র্যাকে। কিন্তু ১০০ মিটারে টানা তৃতীয় সোনা জয়ের স্বপ্নটি ভেঙে গেল জ্যামাইকান মেয়ের। অলিম্পিক ফাইনালে নিজের সবচেয়ে খারাপ সময় করে জিতলেন ব্রোঞ্জ। তবু বিজয়মঞ্চে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল ফ্রেজার-প্রাইস, ব্যক্তিগতভাবে সোনা হাতছাড়া হলেও তাঁর দেশকে হতাশ হতে হয়নি। ১০০ মিটারের নতুন রানি যে জ্যামাইকারই এেলইন থম্পসন।
সেই থম্পসন, যিনি নিজেও কখনো আশা করেননি ১০০ মিটারে সোনা জিততে পারবেন। নিজের কীর্তি তাঁর কাছে এতটাই অবিশ্বাস্য মনে হচ্ছিল, কীভাবে উদ্যাপন করবেন সেটিই বুঝতে পারছিলেন না, ‘দাগ পেরোনোর পর আশপাশে তাকালাম, দেখার জন্য যে আমি আসলেই জিতেছি কি না। আমি তো বুঝতেই পারছিলাম না কীভাবে জয় উদ্যাপন করব!’
দ্বিধান্বিত থম্পসনকে পথ দেখাতে এগিয়ে আসেন ফ্রেজার-প্রাইসই। একজন সত্যিকারের কিংবদন্তির মতো নিজের হার স্বীকার করে সবার আগে অভিনন্দন জানালেন তিনিই। নিজের আদর্শ দৌড়বিদকে হারিয়ে দেওয়ার বিস্ময়টা পরিষ্কার টের পাওয়া গেল ২৪ বছর বয়সীর কণ্ঠে, ‘আমি সব সময় তাঁর কাছেই অনুপ্রেরণা খুঁজি, কিন্তু কখনো আশা করিনি আমি এখানে দাঁড়াব।’
একে তো স্বদেশি মেয়ে, তারপর নিজেরই অনুশীলনসঙ্গী। থম্পসনের সোনা জয়েই নিজের দুঃখ ভুলছেন ফ্রেজার-প্রাইস, ‘আমি খুশি যে ১০০ মিটারের শিরোপা জ্যামাইকাতেই থাকছে। বিজয়মঞ্চে দাঁড়িয়ে আছি আমার অনুশীলনসঙ্গীর সঙ্গে। আমি জ্যামাইকাকে নিয়ে গর্বিত, আমার চুলের দিকেই তাকিয়ে দেখুন!’
রিও অলিম্পিকে নিজের চুলকে রাঙিয়েছেন জ্যামাইকার জাতীয় পতাকার রঙে। চোট ছিল পায়ের আঙুলে, পুরো মৌসুম সেই চোটের সঙ্গে লড়াই করে এসেছেন রিওতে। চোটের কারণে সেমিফাইনালের পরও চোখমুখ কালো করে ট্র্যাক ছাড়তে হয় তাঁকে। ঈশ্বরের হাতেই ছেড়ে দিয়েছিলেন নিজের ভাগ্য, ‘এটা খুব কঠিন ছিল। আমি কেঁদেছি, কারণ ব্যথাটা সহ্য করতে পারছিলাম না। আমি শুধু প্রার্থনা করে গেছি, কারণ জানতাম আমাকে আরেকবার দৌড়াতে হবে। আমি তো বলব এটাই আমার জেতা সেরা পদক!’
এরপরই ফ্রেজার-প্রাইসের কণ্ঠে আবার থম্পসন-স্তুতি, ‘আমি ওর জন্য খুশি। আমি জানি সে কত কষ্ট করেছে। এখন তার সময় এসেছে। ২০০৮ ছিল আমার সময়, ২০১৬ ওর।’
তাহলে নীরবে বিদায় বলে দিলেন ফ্রেজার-প্রাইস? উত্তরসূরির কাছে ব্যাটন তুলে দিলেন? না, সরাসরি এমন কোনো ইঙ্গিত দেননি। ভক্তদের আশাতেই বেঁধে রাখলেন জ্যামাইকার ‘পকেট রকেট’, ‘২০২০ সালে টোকিওতে আমার বয়স ৩৩ হবে। দেখা যাক।’ তথ্যসূত্র: এএফপি, রয়টার্স।