১২ ধাপ এগিয়ে থাকা ওমানকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

পিছিয়ে পড়েও ওমানকে হারিয়েছে বাংলাদেশছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক হকিতে ওমানের র‍্যাঙ্কিং ২৭, বাংলাদেশের ৩৯। র‍্যাঙ্কিংয়ের এই পার্থক্য আজ মাঠের খেলায়ও ফুটিয়ে তোলার চেষ্টা করেছে ওমান। জাকার্তার জিবিকে হকি স্টেডিয়ামে পিছিয়ে পড়েও টানা ২ গোল করে তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল। কিন্তু শেষ দিকে নাটকীয় ২ গোলে এশিয়ান হকি ফেডারেশন কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটা ৩-২ গোলে জিতে নিয়েছে বাংলাদেশ, গ্রুপ পর্ব শেষ করেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই।

বাংলাদেশের জয়ের নায়ক ডিফেন্ডার ও পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ খোরশেদুর রহমান। ৩টি গোলই তাঁর। প্রথম ২টি গোল এসেছে পেনাল্টি কর্নারে। তৃতীয় গোলটির উৎসও পেনাল্টি কর্নার। শেষ পর্যন্ত সেই পেনাল্টি কর্নার থেকে পেনাল্টি স্ট্রোক পায় বাংলাদেশ। ভুল করেননি খোরশেদুর। জাতীয় দলের হয়ে প্রথম হ্যাটট্রিক করে ১০ বছরের আন্তর্জাতিক হকি ক্যারিয়ারে আজকের বিকেলটি স্মরণীয় করে রাখলেন তিনি।

হ্যাটট্রিকের পুরস্কার নিচ্ছেন খোরশেদুর
ছবি: সংগৃহীত

ম্যাচ শেষে উচ্ছ্বসিত খোরশেদুর প্রথম আলোকে ফোনে বলেন, ‘এর আগে অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ বাছাইয়ে হ্যাটট্রিক করেছিলাম ঢাকায়। তবে জাতীয় দলের হয়ে এটিই আমার প্রথম হ্যাটট্রিক। ১০ বছরে জাতীয় দলের হয়ে ৩৫টির বেশি গোল করেছি। প্রায় সবই পেনাল্টি কর্নারে।’

খোরশেদুরের কাছেই মূলত আজ হেরে গেল সাম্প্রতিক বছরে হকি মাঠে বাংলাদেশের প্রবল প্রতিপক্ষ হয়ে ওঠা ওমান। এই হারে এশিয়ান হকি ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপে রানার্সআপ হলো টুর্নামেন্টের সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী দল ওমান। তারা প্রথম তিন ম্যাচে জয়ের পর বাংলাদেশের কাছে হারল।

জাতীয় দলে দশ বছরে প্রথম হ্যাটট্রিক পেলেন ডিফেন্ডার খোরশেদুর
ছবি: সংগৃহীত

অন্যদিকে চারটি ম্যাচই জিতে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য পূরণ হলো টুর্নামেন্টের সর্বশেষ তিনবারের চ্যাম্পিয়ন বাংলাদেশের। এশিয়ান হকি ফেডারেশন কাপের শিরোপা ধরে রাখার পথে বাংলাদেশের সঙ্গে হয়তো ফাইনালে আবার ওমানের দেখা হতে পারে।

আজ অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে এগিয়ে নেন খোরশেদুর। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ওমান সমতা আনে। ডান দিক থেকে বক্সে বল ফেলেন ওমানের এক খেলোয়াড়। বাংলাদেশের ডিফেন্ডাররা জায়গামতো ছিলেন না। বক্সের একটু ভেতরে ঢুকে দারুণ হিটে বল জালে পাঠান ফাজারি রাশেদ।

ফাইনালে উঠলেও কি এই ওমানের সামনেই পড়বে বাংলাদেশ?
ছবি: সংগৃহীত

চতুর্থ কোয়ার্টারের তৃতীয় মিনিটে ওমান এগিয়ে যায় ২-১ গোলে। বক্সে জটলার মধ্যে ফ্লিক করে ২-১ করেন ওমানের লাওয়াতি ফাহাদ। ৫৬ মিনিটে পেনাল্টি কর্নারে ২-২। গোলদাতা খোরশেদুর। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে পেনাল্টি স্ট্রোক থেকে ৩-২ করেন সেই খোরশেদুরই।

বাংলাদেশের হকির প্রত্যেকেই জানেন, কোনো প্রতিযোগিতায় এখন ওমান থাকা মানেই বাংলাদেশের কাছে ওমান ম্যাচটি ফাইনাল। আজও অনেকটা সেই আবহই ছিল জাকার্তায় এবং তাতে জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। আগামী পরশু সেমিফাইনালে বাংলাদেশের সামনে উজবেকিস্তান।