১২০ বছরে যে অর্জন হয়নি, সেটিই দুই ঘণ্টায় দুবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটেনকে জিমন্যাস্টিকসে দুটি সোনা এনে দিলেন হুইটলক। ছবি: এএফপি।
ব্রিটেনকে জিমন্যাস্টিকসে দুটি সোনা এনে দিলেন হুইটলক। ছবি: এএফপি।

‘জানতাম, আমাকে আরেকবার ফোকাস ফেরাতে হবে, কারণ আরেকটি কাজ বাকি ছিল।’

বিবিসিকে কথাগুলো বলছিলেন ম্যাক্স হুইটলক। ব্রিটিশ জিমন্যাস্টের আরেকটি কাজ মানে হলো রিও অলিম্পিকে আরেকটি সোনা জেতা।
কত সহজে বলা হয়ে গেল, না? যেন অলিম্পিক সোনা জেতা পার্কে হাওয়া খেতে যাওয়ার মতো ব্যাপার। তাও আবার জিমন্যাস্টিকসে। আধুনিক অলিম্পিকের ১২০ বছরের ইতিহাসে যেটিতে কখনোই সোনার মুখ দেখেনি ব্রিটেন। অপেক্ষা ফুরোল রিওতে এসে। এবং কী দুর্দান্তভাবে! মাত্র দুই ঘণ্টার ব্যবধানে জিমন্যাস্টিকসে ব্রিটেনকে দুটি সোনা এনে দিলেন হুইটলক!
ব্রিটেনের প্রথম সোনার আক্ষেপ হুইটলক ঘোচালেন ফ্লোর এক্সারসাইজে, সেটিতে স্কোর করেছিলেন ১৫.৬৩৩। ওই ইভেন্টের ঘণ্টা দুয়েকও না যেতে আবার নেমে পড়তে হলো, এবার পোমেল হর্স ইভেন্টে।
এই ইভেন্টের আগেই বিবিসিকে কথাগুলো বলেছিলেন হুইটলক। ফোকাসটাও ঠিকই ফিরিয়েছেন ২৩ বছর বয়সী ব্রিটিশ জিমন্যাস্ট, পোমেল হর্সেও জিতেছেন সোনা! ১৫.৯৬৬ স্কোর করে নিজেরই সতীর্থ লুইস স্মিথকে (১৫.৮৩৩) হারালেন। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের অ্যালেক্সান্ডার নাদুর (স্কোর ১৫.৭০০)।
এই দুটি সোনা নিয়ে সব মিলিয়ে অলিম্পিকে পাঁচটি পদক হলো হুইটলকের। রিও অলিম্পিকেই জিতেছেন তিনটি। এর আগে জিমন্যাস্টিকসের অল-অ্যারাউন্ডেও ব্রোঞ্জ জিতেছিলেন। এবার এল সোনা, দুই ঘণ্টায় দুবার।
এখন হুইটলকের অনুভূতি? ‘আমি নিজেকেও ছাড়িয়ে গেছি!’ সূত্র: বিবিসি।