২ কেজির জন্য পাকিস্তানি অ্যাথলেট পেলেন না অলিম্পিক পদক

তালহা তালিবছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ন্যাচে তিনি তুলেছিলেন ১৫০ কেজি। ক্লিন অ্যান্ড জার্কে ১৭০ কেজি। সব মিলিয়ে ৩২০ কেজি পর্যন্ত তুলেছিলেন তালহা তালিব। তবু কাল টোকিও অলিম্পিকে ছেলেদের ৬৭ কেজি ওজন শ্রেণির ইভেন্ট শেষে পাকিস্তানের এই ভারোত্তলকের হয়তো আফসোস হয়েছে, আর দুই কেজি যদি তুলতে পারতাম!

আর দুই কেজি তুললেই যে অলিম্পিকের পদকতালিকায় থাকার সৌভাগ্য হয়ে যেত তালহার! ৬৭ কেজি ওজন শ্রেণিতে কাল পঞ্চম হয়েছেন তালহা, চতুর্থ হওয়া দক্ষিণ হান মিয়ংমক তুলেছেন ৩২১ কেজি, তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতা ইতালিয়ান ভারোত্তলক মির্কো জান্নি তুলেছেন ৩২২ কেজি। অলিম্পিক রেকর্ড ৩৩২ কেজি তুলে সোনা জিতেছেন চীনের লিজুন শেন। কলম্বিয়ার লুইস হাভিয়ের মসকেরা ৩৩১ কেজি তুলে জিতেছেন রুপা।

গত ১২-১৩ বছরে ভারত কিছুটা এগিয়েছে, তবে এর বাইরে দক্ষিণ এশিয়ার দেশগুলো তো অলিম্পিকে পদকমঞ্চে তেমন থাকে না। এর মধ্যে পাকিস্তানের একজন ভারোত্তলক অলিম্পিকে পঞ্চম হওয়ায় দেশটিতে সাড়া পড়ে যাওয়ারই কথা। পড়েছেও। সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের মানুষ প্রশংসায় ভাসাচ্ছেন তালহাকে।

পাকিস্তানের ক্রিকেট দলের লেগ স্পিনার শাদাব খানের টুইটেও মুগ্ধতা ঝরেছে তালহাকে নিয়ে, ‘তালহা তালিবকে নিয়ে পাকিস্তান গর্ব করে। তালহার মতো খেলোয়াড়দের সাহায্যে এগিয়ে আসতে স্পনসর এবং ক্রীড়া প্রশাসকদের অনুরোধ করি। প্রয়োজনীয় সুবিধা ও আর্থিক সাহায্য পেলে দেশকে অলিম্পিক পদক এনে দেওয়ার, পাকিস্তানকে গর্বে ভাসানোর সব যোগ্যতা তাঁদের আছে।’

তালহা তালিব
ছবি: রয়টার্স

এবারই প্রথম অলিম্পিকে যাওয়া ২১ বছর বয়সী তালহা অবশ্য পদকের আশার কথা টোকিওর উদ্দেশে রওনা দেওয়ার আগেই জানিয়েছিলেন। ‘আমি সব সময় জিততে চাওয়ার মতো করেই মনকে প্রস্তুত করি, সেটা আমি অলিম্পিকে ভারোত্তলন করি কিংবা কোয়ারেন্টিনের সময় খালি রুমেই ওজন তুলি না কেন! জানি (অলিম্পিকে পদক জিততে) আমাকে নিখুঁত হতে হবে। অবশ্য আমি ব্যাপারটাকে (পদক জেতা) যত সহজভাবে সম্ভব নেওয়ার চেষ্টা করছি, কোনো চাপ নিচ্ছি না’—২১ জুলাই টোকিওর উদ্দেশে রওনা দেওয়ার আগে বলেছিলেন তালহা।

হয়তো তাঁর বেড়ে ওঠার কষ্টই তাঁকে চাপের মুখে সহজ থাকতে শিখিয়েছে। অনেক আগে থেকেই তাঁকে ‘ওয়ান্ডারকিড’ হিসেবে দেখা হতো। কিন্তু সেই তালহাই কোরিয়াতে ২০১৯ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে খেলতে পারেননি। এর পরের ধাক্কা, দক্ষিণ এশিয়ান গেমসের ভারোত্তলনের পারফরম্যান্সকে আগে অলিম্পিকে বাছাইয়ের সিঁড়ি হিসেবে দেখা হতো, সেটিতেও বাদ দেওয়া হলো। এসবের বাইরে প্রয়োজনীয় সরঞ্জামাদি-স্পনসরশিপ না থাকায় বেশ কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে পারেননি। এসব সত্ত্বেও ২০২০ ইন্টারন্যাশনাল সলিডারিট ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে ৩০৪ কেজি তুলে সোনা জিতেছিলেন তালহা।

একবার পড়ে গিয়েছিলেন তালহা তালিব
ছবি: রয়টার্স

অলিম্পিকের আগে অনুশীলনের জায়গা বের করার জন্যও কি কম ঘাম ঝরাতে হয়েছে তালহাকে? বাড়ির পাশের এক স্কুলে কোনোরকমে একটা জিম বানিয়ে নিয়েছিলেন, সেখানে প্রতিদিন ছয় ঘণ্টা কাটিয়েছেন তালহা। সেটির ফলও পেয়েছেন, এপ্রিলে উজবেকিস্তানে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৩১৫ কেজি তুলে ব্রোঞ্জ জিতেছেন। কিন্তু সেখান থেকে ফেরার পর দুঃসংবাদ পেলেন তালহা। যে স্কুলে জিম করেছিলেন, সে স্কুল থেকে জানানো হলো, এই জিমের জায়গা এভাবে দেওয়া তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি করেছিল স্কুল কর্তৃপক্ষ।

তবু হাল ছাড়েননি তালহা। তবু এদিক-সেদিক করে অনুশীলন চালিয়ে গেছেন। কষ্টের ফল? আর ২ কেজি তুলতে পারলে তালহার গল্পটা সর্বাঙ্গসুন্দর হতো। তবে যা হয়েছে, তা-ই বা অলিম্পিক যাত্রার শুরু হিসেবে কম কী!