২০০ মিটারে নতুন চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই প্রথম কোনো জাতীয় মিটে ২০০ মিটারে চ্যাম্পিয়ন হলেন সাইফুল ইসলাম (বাঁয়ে)। সোহাগী আক্তার অবশ্য আগে দুবার সেরা ছিলেন। তবে সামার অ্যাথলেটিকসে প্রথমবার শ্রেষ্ঠত্বের স্বাদ পেলেন তাঁরা দুজন। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
এই প্রথম কোনো জাতীয় মিটে ২০০ মিটারে চ্যাম্পিয়ন হলেন সাইফুল ইসলাম (বাঁয়ে)। সোহাগী আক্তার অবশ্য আগে দুবার সেরা ছিলেন। তবে সামার অ্যাথলেটিকসে প্রথমবার শ্রেষ্ঠত্বের স্বাদ পেলেন তাঁরা দুজন। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

২০০ মিটার স্প্রিন্ট এলেই চোখে ভাসে প্রয়াত মাহবুব আলমের মুখটা। কী দারুণ স্প্রিন্টার ছিলেন! ১৯৯৫ মাদ্রাজ সাফে সোনা জেতেন ২০০ মিটারে। ১৯৯৯ কাঠমান্ডু সাফ গেমসে ফটো ফিনিশিংয়ে হয়ে যান দ্বিতীয়। সেই মাহবুবের মতো স্প্রিন্টার আর এল না। তবে এখনো একজন মাহবুবকে খুঁজে ফেরে বাংলাদেশের অ্যাথলেটিকস। জাতীয় প্রতিযোগিতা এলে চোখ থাকে ২০০ মিটারের দিকে।

গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে এনআরবি কমার্শিয়াল ব্যাংক ১৩তম জাতীয় সামার অ্যাথলেটিকসের প্রথম দিনের আকর্ষণ ছিল ওই ২০০ মিটারই। তাতে পাওয়া গেল নতুন একজন চ্যাম্পিয়নকে। আগের চ্যাম্পিয়ন সেনাবাহিনীর শরিফুল ইসলামকে দুইয়ে এবং দেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদকে তিনে রেখে এবার সেরা সাইফুল ইসলাম খান। উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে বিকেএসপি থেকে বেরিয়ে মাত্রই জেল দলে যোগ দিয়েছেন সাইফুল।

জেল দল তাঁকে নিয়ে আসে একটা সোনার আশায়। বিভিন্ন সংস্থা চুক্তি ভিত্তিতে মিটের আগে খেলোয়াড় নেয় ভালো ফল করার আশায়। সাইফুলও সেই সূত্রে মাসিক ১৫ হাজার টাকার চুক্তিতে গেছেন জেল দলে। কাল সোনা জয়ের পর বেশ উৎফুল্ল লাগছিল তাঁকে। চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ তো আছেই, সোনা জয়ের জন্য পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা পাবেন তাঁর দলের কাছ থেকে। এটাও অনেক বড় কিছু তাঁর জন্য।

জুনিয়র মিটে ১০০ ও ২০০ মিটারে সাইফুল রেকর্ড করেন ২০১৫ সালে। ২০০ মিটারে এর আগে রুপা জিতেছেন, সোনা এই প্রথম। কাল হাতঘড়িতে টাইমিং করেছেন ২১.৬০। মাহবুবের টাইমিং ছিল ২১.১৫। ব্রাক্ষণবাড়িয়ার ছেলে সাইফুল জানেন, এই ব্যবধানটা কমাতে তাঁকে কঠোর অনুশীলন করতে হবে। তাই ‘মাহবুব ভাই হতে চাই’ স্বপ্ন নিয়ে এগিয়ে চলার পথে চান ভালো অনুশীলন-সুবিধা। মাহবুবের চেয়ে উচ্চতা একটু কম হলেও ফিটনেসটা ভালোই মনে হলো সাইফুলের।

মেয়েদের ২০০ মিটারে প্রথম হয়েছেন নৌবাহিনীর সোহাগী আক্তার। শেরপুরের মেয়ে অবশ্য গত দুটি জাতীয় চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে সেরা ছিলেন। তবে সামার মিটে এই প্রথম। সর্বশেষ জাতীয় প্রতিযোগিতায় টাইমিং ২৪.৬৬ হলেও কাল সময় লেগেছে আরও বেশি—২৫.১০। তাই টাইমিং নিয়ে নিজেই অখুশি ছিলেন। ছোটখাটো গড়নের সোহাগীর কথাবার্তায় বোঝা গেল, নিজের অবস্থানটা ভালো জানেন। তাই ‘ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন’ না দেখে একটা কথাই বললেন, ‘বেশি আশা করে লাভ নেই। আমি চাইব সামনে টাইমিং আরও ভালো করতে।’

এই জাতীয় মিটে কাল ১৭টি ইভেন্টে পুরোনোদের দাপটই আসলে দেখা গেছে। নতুন চ্যাম্পিয়ন পাওয়া গেছে দু-তিনজনকে। কোচদের সঙ্গে কথা বলে তাদের মুখে আগামী এসএ গেমস নিয়ে খুব আশার কথা শোনা যায়নি। দারুণ কিছু করেছেন এমন অ্যাথলেট নেই। গত দুটি জাতীয় মিটে কোনো রেকর্ড হয়নি। সেই ধারাবাহিকতায় গতকালের ইভেন্টগুলোও দেখেনি কোনো জাতীয় রেকর্ড।

ব্যতিক্রম যদি বলা হয়, ১৫০০ মিটারে প্রথম হওয়া মোহাম্মদ আল আমিনের নাম আসতে পারে। সেনাবাহিনীর এই দৌড়বিদ ৫০০০ মিটারেও বড় ব্যবধানে জিতেছেন। তবে মেয়েদের লংজাম্পে আইরিন আক্তার সোনা ধরে রেখেছেন আগের চেয়ে একটু উন্নতি করে। এ ছাড়া মেয়েদের শটপুটে আনসারের শ্রাবণী মল্লিক, ১৫০০ মিটার দৌড়ে সেনাবাহিনীর সুমি আক্তার সোনা জিতেছেন।