দৌড় শেষ হতে তখনো প্রায় ২০ মিটার বাকি। কিন্তু সবার আগেই হাত তুলে জানিয়ে দিলেন, ‘আমিই চ্যাম্পিয়ন।’ কাজটা যে মোটেও ঠিক করেননি শরীফুল ইসলাম, সেটা দৌড় শেষে বুঝলেন কোচের বকুনি খেয়ে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলোয় তারপরও শরীফুলের মুখে হাসি। সেনাবাহিনীর এই স্প্রিন্টার গতবারের মতো এবারও ২০০ মিটারে চ্যাম্পিয়ন।
মেয়েদের বিভাগেও সেই পুরোনো মুখ। ২০০ মিটার স্প্রিন্টে নৌবাহিনীর শিরীন আক্তার এবারও সোনা ধরে রেখেছেন। তবে টাইমিংয়ে উন্নতি হয়নি কারোরই। শরীফুল গত টুর্নামেন্টে ২১.৩০ সেকেন্ডে দৌড়ে সোনা জিতলেও এবার সময় করেছেন ২১.৭৮ সেকেন্ড। আর গত জাতীয় চ্যাম্পিয়নশিপে ২৪.৫০ সেকেন্ডে দৌড়ানো শিরীন কাল সময় করেছেন ২৫.০০ সেকেন্ড।
এসএ গেমসকে পাখির চোখ করে অনুশীলন চালিয়ে যাচ্ছেন শরীফুল, ‘জাতীয় মিট কবে হবে সেই নিশ্চয়তা ছিল না। এ জন্য অনুশীলনটা ভালোমতো করতে পারিনি। তবে সামনেই সাফ গেমস আছে। সেখানে ভালো করার জন্য এখন আরও কঠোর অনুশীলন করতে চাই।’ এবার দেশের দ্রুততম মানব হতে চান টাঙ্গাইলের তরুণ, ‘টানা দুবার ২০০ মিটারে চ্যাম্পিয়ন হলাম। এবার আমি ১০০ মিটারে দৌড়াব। আশা করি ওটাও জিতব।’
নৌবাহিনীর সবচেয়ে বড় সমস্যার নাম অনুশীলন। নিজেদের মাঠ না থাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসে অনুশীলন করতে কষ্ট হয় অ্যাথলেটদের। তারপরও নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পেরে খুব খুশি শিরীন, ‘ঈদের পর মাত্র এক মাসের প্রস্তুতি নিয়েছিলাম। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসে এত কম সময়ে অনুশীলন করেও চ্যাম্পিয়ন হতে পেরেছি ভেবে ভালো লাগছে।’
কাল ছেলেদের ১১০ মিটার হার্ডলসে সেনাবাহিনীর মজিবর রহমান সোনা (১৪.৪০ সেকেন্ড) জিতেছেন। মেয়েদের ১০০ মিটার হার্ডলসের সোনাও সেনাবাহিনীর ঘরে। ১৭.৫০ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন জেসমিন আক্তার। পুরুষদের ট্রিপল জাম্পে সোনা জিতেছেন নৌবাহিনীর আওলাদ হোসেন।