২০০ মিটারেও চেনা বোল্ট

তখনো দৌড় শেষ হয়নি। অপ্রতিরোধ্য ছুটতে থাকা গতিমানব একটু লাগাম টানলেন গতিতে। বেইজিংয়ের বার্ড নেস্টের দর্শকেরা মন্ত্রমুগ্ধ হয়ে দেখল, সবার সামনে থাকা লোকটা দুই হাত দিয়ে নিজের বুকে চাপড় মারছেন। নিজের ওপর কতটা আত্মবিশ্বাস থাকলে ২০০ মিটারে কেউ এমন করতে পারেন? উসাইন বোল্ট যেন সবাইকে বার্তা দিতে চাইলেন, ‘এই দেখো, এটাই আমি। এটা আমাকেই মানায়!’ নিজের প্রিয় ইভেন্টে কাল জয়টা তো একরকম হেসেখেলেই এসেছে। বোল্টের ১৯.৫৫ সেকেন্ডের অনেকটা পেছনে থেকে (১৯.৭৪ সেকেন্ড) দ্বিতীয় হয়েছেন প্রবল প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিন। ১৯.৮৭ সেকেন্ড নিয়ে তৃতীয় দক্ষিণ আফ্রিকার আনাসকো জবোদওয়ানা।
দৌড়ানোটাকে তাঁর মতো সহজ মনে করাতে পারেননি আর কেউ। স্বভাবসুলভ মন্থর একটা শুরুর পর গ্যাটলিন একদমই কাছাকাছি ছিলেন। তাহলে কি ১০০ মিটারের মতো আরেকটি স্নায়ুক্ষয়ী শেষ দেখা যাবে? কিসের কি, বোল্ট পরের কয়েক মুহূর্তেই সবকিছু উড়িয়ে দিলেন। রেসের গাড়ি যেভাবে গতি বাড়ায়, পেশির কয়েকটি মোচড়েই বাকিদের যেন ছিটকে ফেলে এগিয়ে গেলেন অনেকটুকু। শেষ কিছুটা দূরত্ব তো রীতিমতো হেলেদুলেই পার হলেন। এই বছর এটাই বোল্টের সেরা টাইমিং, নিজেরই ১৯.১৯ সেকেন্ডের বিশ্ব রেকর্ডের পর নিজের দ্রুততমও বটে। ২০০ মিটারের ইতিহাসে এর চেয়ে কম সময়ে দৌড় শেষ করেছেন আর মাত্র তিনজন। ২০০৮ সালের পর থেকে এই ইভেন্টে কেন বোল্টকে কেউ হারাতে পারেননি, সেটিই আবারও বুঝিয়ে দিলেন কাল।
অথচ এবারের আসরের আগে কত কথাই হচ্ছিল। চোটের কারণে অনেক দিন ট্র্যাকের বাইরে ছিলেন। নিজের ছন্দও খুঁজে পাচ্ছিলেন না ঠিকঠাক। নিজের সেরাটা আসলে জমিয়ে রেখেছিলেন বড় মঞ্চের জন্যই। বোল্ট তাই জয়ের পর সগর্বে বলতে পারলেন, ‘কোনো সংশয়ই ছিল না এটা নিয়ে। বলেছিলাম না, এটা আমি করে দেখাব! আমি খুশি। শাবাশ, উসাইন!’
শেষ দিকে ওভাবে না দৌড়ালে বিশ্ব রেকর্ডের আরেকটু কাছাকাছি হয়তো যেতে পারতেন। তবে সেটা নিয়ে কোনো আফসোস নেই সর্বকালের দ্রুততম মানবের, ‘আমি আসলে সময় নিয়ে বেশি মাথা ঘামাইনি। আমি জানতাম, বিশ্ব রেকর্ড করার মতো অবস্থায় আমি ছিলাম না।’
যে গ্যাটলিনের সঙ্গে ধুন্ধুমার দ্বৈরথ নিয়ে এত কথা, ২০০ মিটারে দুজনের সর্বশেষ দেখায় হেসেছিলেন গ্যাটলিনই। ২০০৫ সালের হেলসিংকির বিশ্ব চ্যাম্পিয়নশিপে গ্যাটলিন সর্বশেষ এই ইভেন্টে জিতেছিলেন। বোল্ট তখনো আজকের বোল্ট হয়ে ওঠেননি। তার ওপর ১৫০ মিটার পেরোনোর পর চোট পেয়েছিলেন হ্যামস্ট্রিংয়ে। ফিনিশিং লাইন পেরিয়েছিলেন সবার শেষে।
৩৩ বছর বয়সী গ্যাটলিন প্রাণখোলা হাসিতেই বুঝিয়ে দিচ্ছিলেন, তাঁর খুব একটা আফসোস নেই। পরে তা বললেনও, ‘আমি ট্র্যাকে সবচেয়ে বুড়ো। তবে এখনো ভালোই দৌড়াচ্ছি। আশা করি, অলিম্পিকে আরও ভালোভাবে ফিরে আসতে পারব।’
আরেক দিক দিয়েও নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন বোল্ট। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার সংখ্যা দুই অঙ্কে নিয়ে যাওয়ার প্রথম কীর্তি বোল্টেরই। বোল্টের দশম সোনা জয়ের একটু আগেই মেয়েদের ৪০০ মিটার জিতে বোল্টের ৯ সোনার রেকর্ডটা ছুঁয়ে ফেলেছিলেন অ্যালিসন ফেলিক্স। সেটিকে তো ছাড়িয়ে গেলেনই, সামনে হাতছানি আরেকটি সোনারও। আগামীকালই তো ৪*১০০ মিটার রিলে ফাইনাল।
বোল্ট-জাদুর এক-তৃতীয়াংশ এখনো বাকি! এএফপি, রয়টার্স।
৪
টানা চারবার ২০০ মিটার জিতলেন বোল্ট। ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে এর আগে কেউ টানা তিনবারের বেশি চ্যাম্পিয়ন হতে পারেননি।
৩
তৃতীয়বারের মতো ১০০ ও ২০০ মিটারের ‘ডাবল’ জিতলেন বোল্ট। দুবারও পারেননি আর কেউ।