৪০ মাস পর ফিরে ভারতের কাছে হার ৯–০ গোলে
ম্যাচের ফল অনেকটা অনুমিতই ছিল। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারতের কাছে বাংলাদেশের হারের ব্যবধানটা কত বেশি হয়, সেটাই ছিল দেখার। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ যথারীতি হার দিয়েই শুরু করেছে বাংলাদেশ।
মওলানা ভাসানী স্টেডিয়ামে আজ রাসেল মাহমুদদের ৯-০ গোলে হারিয়েছে ভারত। হ্যাটট্রিক করেছেন ভারতের দিলপ্রীতি সিং। জারমানপ্রীত সিং ও হারমানপ্রীত সিং করেছেন ২টি করে গোল। আকাশদীপ সিং ও মানদীপ মোরের গোল ১টি করে।
এর আগে ঢাকায় হওয়া সর্বশেষ এশিয়ান কাপে বাংলাদেশকে ৭-০ গোলে হারিয়েছিল ভারত। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পর কী দুর্দান্তভাবেই না ম্যাচে ফিরল টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারত।
দীর্ঘ ৪০ মাস পর চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ দিয়ে আবারও আন্তর্জাতিক হকিতে ফিরেছে বাংলাদেশ। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ফেরাটা মোটেও সুখের হলো না বাংলাদেশের খেলোয়াড়দের।
ম্যাচের বেশির ভাগ সময় খেলা হয়েছে বাংলাদেশের অর্ধে। ছিল বাংলাদেশের খেলোয়াড়দের ভুল পাসের ছড়াছড়ি। খেলোয়াড়দের বল রিসিভেও ছিল সমস্যা। দেখে মনে হচ্ছিল যেন অতিরিক্ত স্নায়ুচাপে ভুগছেন। অথচ গত দুই মাস ঘরোয়া হকিতে ক্লাব কাপ ও প্রিমিয়ার লিগে খেলেছেন এই খেলোয়াড়েরাই!
চার কোয়ার্টারের মধ্যে তুলনামূলক প্রথম কোয়ার্টারই যা একটু প্রতিরোধ গড়তে পেরেছে বাংলাদেশ। এই কোয়ার্টারে গোল হয়েছে মাত্র ১টি! প্রথম কোয়ার্টারে একের পর এক পেনাল্টি কর্নার পেয়েছে ভারত। কিন্তু এই কোয়ার্টারে সব মিলিয়ে আটটি পেনাল্টি কর্নার পেলেও তা থেকে কোনো গোল করতে পারেনি ভারত। ম্যাচের ১২ মিনিটে দিলপ্রীত সিং করেন প্রথম গোল ফিল্ড থেকে। বাঁ প্রান্ত থেকে আক্রমণে ওঠা ভারতের এক খেলোয়াড় বল বাড়িয়ে দেন দিলপ্রীতকে। স্টিক ঘুরিয়ে যেভাবে বলটা জালে পাঠিয়েছেন দিলপ্রীত, যেন গোলরক্ষক আবু সাইদ পুরো বোকা হয়ে গেলেন। তবে ম্যাচে দুর্দান্ত কয়েকটি গোল বাঁচিয়েছেন তিনি।
পুরো ম্যাচে যেখানে ১৪টি পেনাল্টি কর্নার আদায় করেছে ভারত, সেখানে বাংলাদেশ ১টি পেনাল্টি কর্নারও পায়নি!
ম্যাচের ২২ মিনিটে রেজাউল বাবুর ভুল পাসে বল পেয়ে যান ভারতের সুমিত। বলটা বাড়িয়ে দেন বক্সের মধ্যে থাকা দিলপ্রীতের উদ্দেশে। রিভার্স হিটে দিলপ্রীত করেছেন অসাধারণ গোলটি (২-০)।
২৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ৩-০ করেছেন হারমানপ্রীতি সিং। টানা নয়টি পেনাল্টি কর্নার থেকে প্রথম গোলটি পায় ভারত। পরের গোলটিও হয়েছে পেনাল্টি কর্নার থেকে। ৩১ মিনিটে জারমানপ্রীত সিং করেছেন ৪-০। ৪২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জারমানপ্রীত করেন ৫-০। ভারতের ষষ্ঠ গোলটি ছিল দর্শনীয়। ম্যাচে ৪৪ মিনিটে দুর্দান্ত এক ড্র্যাগ ফ্লিকে দিলপ্রীত সিং নিজের হ্যাটট্রিক পূর্ণ করেছেন। ৫২ মিনিটে আকাশদীপ সিং করেছে ৭-০। ৫৩ মিনিটে মানদীপ মোর করেছেন ৮-০। আর ম্যাচের শেষ গোল করেন হারমানপ্রীত ৫৬ মিনিটে।
বাংলাদেশের পরের ম্যাচ ১৭ ডিসেম্বর। প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।