৫ বছরের জেল দশ মাসেই শেষ হচ্ছে পিস্টোরিয়াসের!

প্রথমে বিচারকের রায়ে ‘ইচ্ছাকৃত খুনের’ অভিযোগ রেহাই পেয়েছিলেন অস্কার পিস্টোরিয়াস। কিন্তু অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডসহ অবৈধ অস্ত্র রাখার অভিযোগ থেকে রেহাই পাননি ‘ব্লেড রানার’। বান্ধবী রিভা স্টিনক্যাম্পের অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডসহ অবৈধ অস্ত্র রাখার অপরাধে গত বছর অক্টোবরে পাঁচ বছরের কারাদণ্ডের রায় দিয়েছিলেন প্রিটোরিয়ার আদালত। এখন শোনা যাচ্ছে, পাঁচ বছর নয়, মাত্র ‘১০ মাস’ কারাভোগ করলেই চলবে পিস্টোরিয়াসের!
এ অভিযোগ রিভার মায়ের। শোনা যাচ্ছে ‘ভালো আচরণে’র কারণে ১০ মাস জেল খেটে আগামী আগস্টে মুক্তি পেতে পারেন পিস্টোরিয়াস। স্বাভাবিকভাবেই এ খবরে অসন্তুষ্ট রিভার মা জুন স্টিনক্যাম্প, ‘একজনের মৃত্যুর পেছনে দায়ী কোনো ব্যক্তির এতটুকু কারাবরণ যথেষ্ট হতে পারে না। ১০ মাসের জেলের চেয়ে তার (রিভা) জীবনের মূল্য ছিল অনেক বেশি। আমাদের জীবন থেকে খুবই মূল্যবান জিনিস সে নিয়ে গেছে। তার জীবনটাই চলে গিয়েছে।’
২০১৩ সালের ভালোবাসা দিবসে খুন হন পিস্টোরিয়াসের বান্ধবী রিভা। এ হত্যার অভিযোগে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হন প্রোটিয়া দৌড়বিদ। কিন্তু জামিন পেয়ে যান আট দিনের মাথায়। গত বছরের মার্চে শুরু হয় শুনানি। অক্টোবরে পাঁচ বছরের জেলের রায়। এখন সেটা নাও খাটতে হতে পারে তাঁর।