৫৯ বার ডোপ টেস্ট গ্যাটলিনের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর ১০০ মিটারের দ্রুততম ৭টি টাইমিংয়ের ৬টিই ছিল জাস্টিন গ্যাটলিনের। দুর্দান্ত এই ফর্মটা এ বছরও ধরে রেখেছেন—সেরা চারটি টাইমিংয়ের সব কটিই তাঁর। শুধু ১০০ মিটারেই নয়, ২০০ মিটারেও গ্যাটলিন দুর্দান্ত। এই ইভেন্টে বছরের সেরা চারটি টাইমিংও তাঁর। ৩৩ বছর বয়সী গ্যাটলিন ট্র্যাকে যেন নিজেকে চেনাচ্ছেন নতুন করে!
সন্দেহ ফণা তুলেছে এতেই। ২০০৪ অলিম্পিকে ১০০ মিটারজয়ী যে ডোপিংয়ের দায়ে ২০০৬ সাল থেকে ২০১০ পর্যন্ত চার বছর নিষিদ্ধ ছিলেন। প্রমাণিত ডোপপাপী হওয়ার পরও তাঁকে ট্র্যাকে ফেরার সুযোগ দেওয়ায় বিশ্ব অ্যাথলেটিকসের নিয়ামক সংস্থা আইএএএফের ওপর আগেই ক্ষোভ প্রকাশ করেছেন উসাইন বোল্ট। ২২ আগস্ট বেইজিংয়ে শুরু বিশ্ব চ্যাম্পিয়নশিপে জ্যামাইকান স্প্রিন্টারের প্রধান প্রতিদ্বন্দ্বী ধরা হচ্ছে জাস্টিন গ্যাটলিনকেই। তাঁর ঊর্ধ্বমুখী পারফরম্যান্সের রেখাচিত্র অনেকের মনেই নতুন করে সন্দেহের জন্ম নিয়েছে—এ সাফল্যের পেছনে ড্রাগ-ট্রাগের কোনো ভূমিকা নেই তো?
যে সন্দেহ অবশ্য উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের অ্যান্টি-ডোপিং এজেন্সি (ইউএসএডিএ)। ২০১০ সালের ৩ আগস্ট ট্র্যাকে ফেরার পর ৫৯ বার গ্যাটলিনের ডোপ টেস্ট করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। পরীক্ষায় রক্ত না মূত্র—কোন নমুনা ব্যবহার করা হয়েছে সেটি পরিষ্কার না করলেও গ্যাটলিনের ট্র্যাকে ফেরার পর কোন বছর কতবার ডোপ টেস্ট করা হয়েছে, সেটিও বিস্তারিত জানিয়েছে ইউএসএডিএ। ২০১১ সালে ৮ বার, ২০১২ সালে ১৩ বার, ২০১৩ সালে ১৪ বার, ২০১৪ সালে ১৫ বার এবং এ বছর ৯ বার পরীক্ষা দিতে হয়েছে গ্যাটলিনকে। এএফপি।