৮৪০ কিলোমিটার ম্যারাথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার আরেকবার জুতার ফিতা বেঁধেছিলেন উইলসন কিপস্যাং-টেগলা লোরুপেরা। তবে এবার কোনো প্রতিযোগিতায় দৌড়ানোর জন্য নয়। বিশ্বরেকর্ডধারী কেনিয়ার এই অ্যাথলেটরা অংশ নিয়েছেন ম্যারাথন হাঁটায়। দেশটির রিফট ভ্যালিতে জাতিগত সশস্ত্র দাঙ্গার বিরুদ্ধে প্রতিবাদ ও সচেতনতা বাড়াতেই এই ম্যারাথন। যেটির নাম দেওয়া হয়েছে, ‘শান্তির জন্য হাঁটা’।
২২ দিনে ৮৪০ কিলোমিটার—লোডওয়ার থেকে লেক বোগোরিয়া পর্যন্ত এই ম্যারাথনের আয়োজক সাবেক কমনওয়েলথ ম্যারাথন চ্যাম্পিয়ন জন কেলাই। ১৫ জুলাই শুরু হয়ে প্রতিবাদী ম্যারাথনটি শেষ হয়েছে গত বৃহস্পতিবার। শেষ দিনে এতে যোগ দিয়েছেন আরও একজন কিংবদন্তি ম্যারাথনার—ইথিওপিয়ার হেইলে জেব্রেসেলাসি।
কেনিয়ার উত্তরাঞ্চলে রিফট ভ্যালিতে গত এক বছরে জাতিগত দাঙ্গায় নিহত হয়েছে প্রায় ৩১০ জন মানুষ, ঘরছাড়া হয়েছে আরও ২ লাখ ১৫ হাজার। মূলত গবাদিপশু ও পানির জন্যই রাখাল সম্প্রদায়ের মধ্যে এই হানাহানি। এএফপি।