'এথেন্সে অনেক কিছু শিখে এলাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এথেন্সে ‘ইন্টারন্যাশনাল সেশন ফর ইয়ং পার্টিসিপেন্টস’ কর্মসূচিতে গিয়ে নতুন সব অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের দুই খেলোয়াড়ের। একজন দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। অন্যজন বাংলাদেশ ভলিবল দলের অধিনায়ক আল-জাবির ওই সফর নিয়ে কাল কথা বললেন প্রথম আলোর সঙ্গে
আল-জাবির
আল-জাবির

* গ্রিসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি আয়োজিত এই কর্মসূচিতে গিয়ে আসলে কী ধরনের অভিজ্ঞতা হয়েছে আপনাদের?

আল-জাবির: এটি ছিল ডিপ্লোমা কর্মশালা। এখানে ক্রীড়া ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, অনেক দেশের অধ্যাপকেরা এসেছেন। মূল উদ্দেশ্য অলিম্পিক বা অলিম্পিক আন্দোলন সম্পর্কে বিশ্বের নানা দেশের তরুণ খেলোয়াড়দের ধারণা দেওয়া।

* কেমন ধারণা পেলেন?

আল-জাবির: খুব ভালো ধারণা পেয়েছি। আমি আর শিরিন ১৭ জুন ঢাকা থেকে যাই। ফিরেছি ২ জুলাই। ওখানে জেনেছি, বিভিন্ন দেশের অ্যাথলেটরা কেন অংশ নিতে পারে না অলিম্পিকে, কী ধরনের সমস্যা হয়, গণমাধ্যমের ভূমিকা কী হতে পারে। এসব নিয়ে গ্রুপ ডিসকাশন, সমস্যা আর সমাধান নিয়ে কথা হয়েছে। একটা ডিপ্লোমা সার্টিফিকেটও পেয়েছি।

* কতজন অংশ নিয়েছেন এতে?

আল-জাবির: ১৫ দিনের কর্মশালায় ৮৮ দেশের ১৫৬ জন খেলোয়াড় ছিল। অলিম্পিকের জন্মস্থান এথেন্সে অলিম্পিক একাডেমিতে অনেক বড় কর্মসূচি হয়েছে।

* অন্য অনেক খেলোয়াড়ের সঙ্গে কথা হয়েছে নিশ্চয়ই?

আল-জাবির: অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। ওখানে না গেলে আসলে অনেক কিছু জানতাম না। অনেক কিছু শিখে এলাম। আমরা তো আসলে পরিচয়সংকটে ভুগি। বাংলাদেশে ক্রিকেট ছাড়া অন্য খেলোয়াড়দের মানুষ আসলে সেভাবে চেনেই না।

* এর বাইরে আর কিছু কি আছে, যা এথেন্স সফরে আপনার মনে দাগ কেটেছে?

আল-জাবির: অনেক কিছু আছে। তার মধ্যে বলব, শুধু খেলাধুলা নিয়ে আমাদের একটা বিশ্ববিদ্যালয় থাকা দরকার, যেটি গ্রিসসহ পৃথিবীর আরও অনেক দেশেই আছে। কর্মশালায় এসবও আলোচনায় এসেছে।

* আমাদের দেশে তো আসলে আরও অনেক কিছুই নেই...

আল জাবির: ঠিক তা-ই। আমাদের এখানে অলিম্পিক ডে রান হয়, সকালে হয়ে দুপুরে শেষ। অলিম্পিক সলিডারিটি অনুষ্ঠান হয়। তবে ডোপিং নিয়ে কর্মশালা হচ্ছে না। হলেও হয়তো আমরা জানি না। এই সফরে এসব নিয়ে আমাদের ধারণা দিয়ে আয়োজকেরা বলেছেন, ‘তোমরা দেশে ফিরে এই ব্যাপারগুলোয় দেশকে সহায়তা করবে, আমাদের প্রতিনিধি হিসেবে কাজ করবে।’

* দেশের ভলিবলের কী অবস্থা? ঢাকায় গত ডিসেম্বরে ছয় জাতি বঙ্গবন্ধু ভলিবলে চ্যাম্পিয়ন হওয়ার পর আপনি খুব উচ্ছ্বসিত ছিলেন। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে খেলা নিয়ে আপনি খুব হতাশ...

আল-জাবির: হতাশ হওয়ারই কথা। ওই টুর্নামেন্টের পর স্থানীয় দু-তিনটি প্রতিযোগিতায় খেললেও সেসব উল্লেখযোগ্য কিছু নয়। দেশের বাইরে যাওয়ার সুযোগ থাকলেও আমরা যেতে পারিনি। আজারবাইজানে ইসলামিক সলিডারিটি গেমস হয়েছে। পাকিস্তান, মালদ্বীপের মতো দেশ গেলেও আমরা দেশেই বসে ছিলাম।

* কেন এই অবস্থা?

আল-জাবির: এসব নিয়ে নতুন করে আর কী বলব! এখন তো ফেডারেশনের নির্বাচন হয়ে গেলেও হাইকোর্টে রিট হয়েছে। ওদিকে ২২ জুলাই ন্যাশনাল শুরু হওয়ার কথা। কিন্তু হবে কি না, জানি না। সামনে আসলে আমাদের কোনো লক্ষ্য নেই।