'কাপুরুষ' বলে নিষিদ্ধ সোলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেরে গিয়ে মনের দুঃখেই হয়তো কথাটা বলেছিলেন। সেটির জন্য সমালোচনাও শুনতে হয়েছে ঢের। কিন্তু শাস্তিও যে পেতে হবে, ভাবতে পেরেছিলেন হোপ সোলো? প্রতিপক্ষকে ‘কাপুরুষের দল’ বলায় নিজ দেশের ফুটবল ফেডারেশনই ছয় মাসের জন্য নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্রের মেয়েদের দলের গোলকিপারকে।

অলিম্পিক ফুটবলে টানা চতুর্থ সোনা জয়ের স্বপ্ন নিয়ে রিওতে গিয়েছিল যুক্তরাষ্ট্রের মেয়েদের দল। কিন্তু যাত্রা থেমে যায় কোয়ার্টার ফাইনালে, সুইডেনের কাছে টাইব্রেকারে হেরে। ম্যাচের পর সুইডেনের ‘অতিরক্ষণাত্মক’ কৌশলের সমালোচনা করে সোলো বলেছিলেন, ‘একটা কাপুরুষদের দলের সঙ্গে খেললাম।’ অনেকেই ৩৫ বছর বয়সী আমেরিকানের এই মন্তব্যে রুষ্ট হয়েছিলেন। এতে সুইডিশ মেয়েরাই যে শুধু অপমানিত হয়েছেন, ব্যাপারটা এমন নয়। এটি যে অলিম্পিকের চেতনারও পরিপন্থী। রয়টার্স।

ইউএস সকার অলিম্পিকের চেতনার ব্যাপারটিকেই মাথায় রেখেই শাস্তি দিয়েছে সোলোকে। গত বছরও অবশ্য অভব্য আচরণের দায়ে ৩০ দিন নিষিদ্ধ ছিলেন এই গোলকিপার।