'কিং', তবু কিংবদন্তি নন
প্রতিদ্বন্দ্বীদেরই কারও চোখে তিনি ‘রোবট’, কারও চোখে ‘মেশিন’। এক দশক ধরে যে জিমন্যাস্টিকসে ‘অ-মানবিক’ পারফরম্যান্স কোহেই উচিমুরার। আবেগ যেন তাঁকে ছোঁয় না। শুধু জিমন্যাস্টিকস ফ্লোরে নামেন আর প্রতি মুহূর্তে নিজেকে ছাড়িয়ে যান। রিও অলিম্পিকেও জাপানি জিমন্যাস্ট একই গল্প লিখলেন, নতুন করে আরেকবার।
ক্যারিয়ারে একমাত্র আক্ষেপ ঘুচিয়ে দিয়েছেন গত সোমবার, জাপানকে এনে দিয়েছেন অলিম্পিকের দলগত সোনা। তার দুদিন পর পরশু নিজের প্রিয় ইভেন্ট অল অ্যারাউন্ডে সোনার লড়াইয়ে নেমেছিলেন উচিমুরা। ২০০৯ সাল থেকে যেটির সবগুলো সোনার পদক উঠেছে তাঁর গলায়—কি অলিম্পিক, কি বিশ্ব চ্যাম্পিয়নশিপ! কিন্তু এবার সেটিতেই বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছিলেন ২৭ বছর বয়সী জাপানি।
চ্যালেঞ্জটা জানিয়েছিলেন ইউক্রেনের ওলেগ ভারনিয়াইয়েভ। ছয়টি ‘রোটেশনে’র মধ্যে পাঁচটি শেষে উচিমুরার চেয়ে ০.৪৬৭ স্কোরে এগিয়ে ছিলেন ভারনিয়াইয়েভ। শেষ ধাপে প্রত্যয়ের লড়াইয়েই যেন বেরিয়ে এল উচিমুরার আসল রূপ, উল্টো সোনা জিতে নিলেন ০.৯৯৯ স্কোরের ব্যবধানে। ৪৪ বছরের রেকর্ডও ছুঁয়ে ফেললেন, ১৯৭২ অলিম্পিকে স্বদেশি সাওয়াও কাতোর পর তিনিই প্রথম জিমন্যাস্ট যিনি ধরে রাখলেন অলিম্পিকের সোনা।
এবার এতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হওয়ার কারণটাও জানালেন সব মিলিয়ে ক্যারিয়ারে ১৯টি পদকজয়ী (১০টি সোনা) উচিমুরা, ‘দলগত সোনা জেতার পর একাগ্রতা ফিরিয়ে আনা খুব কঠিনই ছিল।’ জিতছেন ঠিকই, তবে কিছুটা শঙ্কাও নাকি ঘিরে ধরেছিল সর্বকালের অন্যতম সেরা জিমন্যাস্টকে।
তিন বছর বয়স থেকেই যে জিমন্যাস্টিকস অনুশীলন শুরু করেছিলেন, আর থামেননি। সাধনা এখনো চলছে। সাফল্যও আসছে। ভাগ্য? না, তাতে উচিমুরার বিশ্বাস নেই। সর্বজয়ী সাফল্যের ব্যাখ্যা বরং দিলেন এভাবে, ‘প্রচণ্ড আত্মবিশ্বাস আর প্রতিজ্ঞা। সব সময় নিজেকে তাড়িয়ে নিয়ে যাচ্ছি।’ উচিমুরার প্রেরণার গল্প বললেন কোচ তাকাহিরো মরিজুমিও, ‘জিমন্যাস্টিকসের চার বছর পরপরই নিয়ম বদলে যায়। অন্য অ্যাথলেটরা এর সঙ্গে মানিয়ে নিতে ঝামেলায় পড়ে, কিন্তু উচিমুরা নয়।’
মানিয়ে নিতে পারেন বলেই প্রতিদ্বন্দ্বী ভারনিয়াইয়েভের কাছেও পান ‘কিংবদন্তি’র মর্যাদা। যদিও সেটিতে আপত্তি উচিমুরার, তাঁর চোখে এই মর্যাদা অন্য দুজনের, ‘মাইকেল ফেল্প্স ও উসাইন বোল্ট, সবাই ওদের নাম জানে। কিন্তু কোহেই উচিমুরা, কে সে?’ এএফপি।