
আবার একটি অলিম্পিক, আবার মনে পড়ে যাচ্ছে তাঁকে। বাংলাদেশের ক্রীড়াবিদদের মধ্যে সর্বোচ্চ তিনটি অলিম্পিকে অংশ নেন
ডলি আক্তার। পেছনে তাকিয়ে এই সাঁতারু তুলে আনছেন অলিম্পিকের নানা স্মৃতি
বাংলাদেশ থেকে এবার সাতজন খেলোয়াড় অলিম্পিকে যাচ্ছেন। তাঁদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ?
ডলি আক্তার: সবার জন্য শুভ কামনা। আমি চাইব, সবাই যেন নিজের সেরাটা দিতে পারে।
বাস্তবতা মেনে বাংলাদেশের খেলোয়াড়েরা অলিম্পিকে পদক জয়ের সাহস দেখাতে পারেন না। এত বড় আয়োজনের অংশ হওয়াই বড় প্রাপ্তি। আপনিও কি এভাবেই ভাবতেন?
ডলি: আমিও এভাবেই ভাবতাম। এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমসই তো আমাদের জন্য স্বপ্ন। অলিম্পিক আরও অনেক বড় ব্যাপার।
আপনি তিনবার অলিম্পিকে গেছেন। প্রথমবার অবশ্য ডিসকোয়ালিফাইড হয়ে গিয়েছিলেন। ওটা কি এখনো পোড়ায়?
ডলি: ডিসকোয়ালিফাইড হয়ে গিয়েছিলাম ২০০০ সিডনিতে। স্টার্টের আগে গ্যালারি থেকে বাঁশি-টাশির আওয়াজ শুনেই ঝাঁপ দিলাম। নার্ভাস ছিলাম, আমার বয়সও তখন অনেক কম। পরের দুবার—২০০৪ এথেন্স আর ২০০৮ বেইজিংয়ে অবশ্য আর সমস্যা হয়নি।
বয়স কম বলছিলেন, আসলে তখন আপনার বয়স কত ছিল?
ডলি: যত দূর মনে পড়ে, ২০০০ সালে আমি রাজবাড়ী শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। ক্লাস থ্রি বা ফোর হতে পারে। ঠিক মনে নেই।
ক্লাস থ্রি-ফোর হওয়া মানে তো আপনার বয়স তখন বড়জোর ১০-১১। এই বয়সে অলিম্পিক! এটা তো অবিশ্বাস্য...
ডলি: ১৯৮৮ সালে আমার জন্ম। ২০০০ সালে আমার বয়স ছিল ১২। এত কম বয়সে অলিম্পিকে যাওয়া মানে অন্যদের চেয়েও বেশি ভাগ্যবান আমি।
কিন্তু ইন্টারনেটে এক জায়গায় দেখলাম আপনার জন্ম ১৯৮৬ সালের ১৫ জানুয়ারি। সেটা হলেও আপনি ১৪ বছর বয়সে অলিম্পিকে গেছেন। এটাও কম নয়। যা-ই হোক, অলিম্পিক নিয়ে কোন স্মৃতিটা বেশি মনে পড়ে?
ডলি: অবশ্যই মাইকেল ফেল্প্সের সঙ্গে পরিচিত হওয়ার স্মৃতিটা। ২০০৮ বেইজিং অলিম্পিকে তাঁর সঙ্গে একই পুলে অনুশীলন করেছি, আমার কোচ তাঁকে দেখিয়ে বললেন, ‘ওই যে ফেল্প্স’। তা ছাড়া অলিম্পিকে যাওয়া, পৃথিবীর সেরা খেলোয়াড়দের কাছ থেকে দেখা, কথা বলা, সব স্মৃতিই অমলিন থাকবে সারা জীবন।
খেলার ব্যাপারটাও তো কম নয়। পারফরম্যান্স যা-ই হোক, ওটাও নিশ্চয়ই মনে রাখার মতো...
ডলি: অবশ্যই। আমি কিন্তু ২০০৪ এথেন্সে আমার হিটে প্রথম হয়েছিলাম। ইভেন্টটা ছিল ৫০ মিটার ফ্রি-স্টাইল।
গেমস ভিলেজে থাকার অভিজ্ঞতা কেমন ছিল?
ডলি: গেমস ভিলেজটা নানা দেশের খেলোয়াড়দের মহা মিলনকেন্দ্র। একসঙ্গে খাওয়া, একসঙ্গে ঘোরা, সবই অসাধারণ। এটা আসলে ভাষায় বলার মতো নয়।
বাংলাদেশ আনসারের হয়ে আপনি এখনো ঘরোয়া প্রতিযোগিতায় খেলে যাচ্ছেন। থাকেন আনসার একাডেমিতে। এত লম্বা সময়ে খেলতে পারার রহস্য কী?
ডলি: আমি নিজেকে ফিট রাখি। তাই ১৯৯৭ সালে জাতীয় জুনিয়রে প্রথম আসার পর চারটি দক্ষিণ এশিয়ান গেমসে ৬টি রুপা, ৮টি ব্রোঞ্জ, ইন্দো-বাংলা গেমসে ৯টি সোনা আছে আমার। তবে তিনবার অলিম্পিক খেলার গৌরবটাই বেশি ছুঁয়ে যায় আমাকে।