'নিজের কাজটা' করেই সোনা মো ফারাহর

তাঁকে নিয়ে সংশয় ছিল। কিন্তু বিশ্ব অ্যাথলেটিকসের প্রথম দিনেই যাবতীয় সংশয়কে তুড়ি মারলেন মো ফারাহ। অ্যাথলেটিকসের সবচেয়ে বড় মঞ্চে তিনি টানা ষষ্ঠবারের মতো অর্জন করলেন শ্রেষ্ঠত্ব।
কিছু দিন ধরেই নানা বিতর্কে জর্জরিত অলিম্পিক-সোনাজয়ী এই অ্যাথলেট। কোচ আলবার্তো সালজারের বিরুদ্ধে অনেকবারই উঠেছে ডোপিংয়ে মদদ দেওয়ার অভিযোগ। কিন্তু সব বিতর্ককে পেছনে ফেলে বিশ্ব অ্যাথলেটিকসের ১০ হাজার মিটার দৌড়ে সোনা জিতে তিনি হাসি ছড়িয়েছেন সবার মধ্যেই। তিনি নিজেও খুশি তাঁর এই অর্জনে। বলেছেন, ‘বিতর্ক ছিল। কিন্তু আমি মনোযোগী ছিলাম কেবল আমার নিজের কাজ নিয়েই।’
সোনা জেতার পথে তিনি পেছনে ফেলেন কেনিয়ার দুই দূরপাল্লার দৌড়বিদ জেফ্রি কিপসাং ও পল টানুইকে। বেইজিংয়ে নিজেকে প্রমাণ করাটা যেন মো ফারাহর হাঁপ ছেড়ে বাঁচাও। তাঁর নতুন লক্ষ্য এখন দেশকে যত বেশি সম্ভব গৌরব উপহার দেওয়া।
বিজয়ের এ দিনে ফারাহর মনে পড়ছে খারাপ সময়ে তাঁর পাশে এসে দাঁড়ানো মানুষগুলোকে। গৌরবের দিনে সেই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিনি। সূত্র: এএফপি।