'বঞ্চিত' মেয়েরা ক্ষুব্ধ-হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের স্কোর ‘ভালো’ নয়, তাই শু৵টিং ফেডারেশনের আগামীর পরিকল্পনায় তাঁরা তেমন গুরুত্ব পাচ্ছেন না। হাতের কাছেই আছে উদাহরণ। ২০১৬ রিও অলিম্পিক সামনে রেখে ছেলেদের ক্যাম্প শুরু হলেও মেয়েদের ক্যাম্পের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নারী শু৵টারের অভিযোগ, ‘মেয়েদের দিয়ে কিছু হবে না’ ফেডারেশেনের শীর্ষ নেতৃত্ব থেকে এমন নেতিবাচক মনোভাব দেখানো হচ্ছে। এতে ওই শ্যুটাররা মনোবল হারিয়ে ফেলছেন।
সবকিছুতেই নিজেদের বঞ্চিত ভাবছেন মেয়েরা। বিওএর বৃত্তি পাওয়ার তালিকায় আছে একজন স্কিট শ্যুটারের নাম, স্কিটে বাংলাদেশের আন্তর্জাতিক কোনো সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। এটা দেখে মেয়েদের মুখে আক্ষেপই শোনা যাচ্ছে বেশি। এ মাসের শেষ দিকে এয়ারগান চ্যাম্পিয়নশিপের জন্য গুলশান রেঞ্জে অনুশীলন করতে চাইলেও নাকি তাঁরা পারছেন না। অনুশীলনের জন্য রেঞ্জ উন্মুক্ত করা হবে ২৫ নভেম্বর। তবে ফেডারেশন বলছে, সবকিছু নিয়মের মধ্যেই চলছে।
মেয়েদের কথা হলো, আবদুল্লাহেল বাকি ছাড়া আর কোনো ছেলেরই স্কোর আন্তর্জাতিক মানের কাছাকাছিও যেতে পারেনি। ছয়জন পুরুষ শ্যুটারকে নিয়ে সম্প্রতি বিকেএসপিতে দীর্ঘ মেয়াদে ক্যাম্প শুরু হয়েছে। স্কোরই মানদণ্ড হলে শুধু বাকিরই সুযোগ পাওয়ার কথা ক্যাম্পে। অন্যদের তাহলে সুযোগ দেওয়া হলো কেন? যৌক্তিক প্রশ্ন মেয়েদের।
বাকি সম্প্রতি কমনওয়েলথ গেমসে রুপা জিতেছেন। তাই বলে শুধু তিনিই ক্যাম্পে থাকবেন এমন নয়। নতুনদের গড়ে তোলা দরকার। সে দিক থেকে ছেলেদের নিয়ে ক্যাম্প করাটা শ্যুটিং ফেডারেশনের দায়িত্বই। কিন্তু প্রশ্নটা হলো, মেয়েদের কেন নয়?
প্রশ্নটা শীর্ষ নারী শ্যুটারদের হতাশা বাড়িয়ে দিয়েছে অনেক। ক্যাম্পবিহীন অবস্থায় তাঁদের স্কোর আরও খারাপের দিকে যাচ্ছে। এটা বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেশের শ্যুটিংয়ের জন্যই খারাপ ফল আনবে বলছেন মেয়েরা।
এটা জানাই যে, আন্তর্জাতিক সম্ভাবনার দিক থেকে ছেলেদের চেয়ে মেয়েরাই এগিয়ে। সাম্প্রতিক সময়ে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ভালোই ফল এসেছে। শারমিন আক্তার রত্না, সাদিয়া সুলতানা এসএ গেমস, কমনওয়েলথ শু৵টিংয়ে সোনা এনেছেন। এটা ঠিক সাম্প্রতিক কয়েকটি প্রতিযোগিতায় মেয়েরা ভালো করতে পারেননি। সে জন্য তাঁদের পেছনের কাতারে ফেলে দেওয়া কি ঠিক?
এ প্রশ্নে ফেডারেশনের যুগ্ম সম্পাদক ইসফাক আহমেদ মেয়েদের জন্য আশার খবরই শোনাতে চাইলেন। কাল বললেন, ‘মেয়েদের ক্যাম্প তো শুরু হবে। জানুয়ারির প্রথম সপ্তাহে এটা শুরুর চিন্তাভাবনা আছে।’ তবে আপাতত শুধু এয়ার রাইফেলেই নাকি ক্যাম্প হবে। পরে পিস্তলেও হতে পারে। মেয়েদের নানা অভিযোগ প্রসঙ্গে তাঁর কথা, ‘ফেডারেশন নিজস্ব পরিকল্পনায় চলে। আমরা তো বলিনি, মেয়েদের বাদ দেওয়া হয়েছে।’