'বোল্ট-কৌশলে'ই ৫২ বছরে প্রথম কীর্তি রুডিশার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮০০ মিটারে সোনা জিতেছেন রুডিশা। ছবি: রয়টার্স।
৮০০ মিটারে সোনা জিতেছেন রুডিশা। ছবি: রয়টার্স।

১০০ মিটারে উসাইন বোল্ট যা করেছেন, যেন ঠিক একই সূত্র মেনে চললেন। তবে ডেভিড রুডিশার কীর্তিটা ৮০০ মিটারে। রিও অলিম্পিকে ৮০০ মিটারের সোনা জিতেছেন কেনিয়ান অ্যাথলেট।
ইতিহাসের পাতাও রাঙিয়েছেন এই সোনা জিতে। গত ৫২ বছরে এই প্রথম কোনো অ্যাথলেট পরপর দুই অলিম্পিকে ৮০০ মিটারে সোনা জিতেছেন। অবশ্য রুডিশা জিতবেন, এ নিয়ে সংশয় কি খুব বেশি ছিল? ৮০০ মিটারের ইতিহাসে দ্রুততম আটটি দৌড়ের ছয়টিই তাঁর। বর্তমান বিশ্ব ও অলিম্পিক রেকর্ডও তাঁর দখলে। যেটি গড়েছেন ২০১২ লন্ডন অলিম্পিকে, ১ মিনিট ৪০.৯১ সেকেন্ড সময় নিয়ে জিতেছিলেন সোনা। জিতেছেন ২০১১ ও ২০১৫ বিশ্বচ্যাম্পিয়নশিপেও।
তবে আজ আর রেকর্ড হয়নি। ৮০০ মিটার দৌড়াতে রুডিশা সময় নিয়েছেন ১ মিনিট ৪২.১৫ সেকেন্ড। রুপাজয়ী আলজেরিয়ার তৌফিক মাকলুফির সময় লেগেছে ১ মিনিট ৪২.৬১ সেকেন্ড। ব্রোঞ্জ যুক্তরাষ্ট্রের ক্লেটন মারফির, তাঁর সময় লেগেছে ১ মিনিট ৪২.৯৩ সেকেন্ড।
কিন্তু রুডিশার কীর্তির গল্পে উসাইন বোল্টের কথা কেন আসছে? রুডিশার দৌড় যে গতকাল বোল্টের ১০০ মিটারের স্মৃতি মনে করিয়ে দিয়েছে। জ্যামাইকান কিংবদন্তির মতোই, শুরুতে বেশ পিছিয়ে পড়েছিলেন রুডিশা। ৪০০ মিটার পর্যন্তও স্বদেশি কিপকেটার আলফ্রেডের পেছনে ছিলেন দ্বিতীয় হয়ে। কিন্তু শেষ ৪০০ মিটারে রুডিশা দৌড়ালেন বোল্টের মতো করে। বড় বড় ‘স্ট্রাইডে’ এত জোরে দৌড়ালেন, আলফ্রেডকে পেছনে ফেলে এগিয়ে গেলেন অনেক দূর। আলফ্রেড অবশ্য সেরা তিনেও নিজেকে আর ধরে রাখতে পারেননি।