‘বাপ বাপ হোতা হ্যায়’—শোয়েবকে কি সত্যিই এ কথা বলেছিলেন শেবাগ
ব্যাটসম্যানদের দিকে তিনি যেন ক্রিকেট বল নয়, আগুনের গোলা ছুড়তেন। এ গতির সঙ্গে আবার রিভার্স সুইং আর বাউন্সার তো আছেই। কথাগুলো যাঁকে নিয়ে বলা হচ্ছে, সেই শোয়েব আখতারের দিকে একটি কথা বারবার ‘গোলা’র মতোই ছুটে আসছে। যে গোলাটা ছুড়েছেন ভারতের কিংবদন্তি ওপেনার বীরেন্দর শেবাগ, আর তাতে মেজাজও হারিয়েছেন শোয়েব।
কী সেই কথা?
‘বাপ বাপ হোতা হ্যায়’—শোয়েব আখতারকে নাকি এ কথা বলেছিলেন শেবাগ। এক যুগ আগে শেবাগ নিজেই এমন দাবি করেন। যদিও পাকিস্তানের সাবেক পেসার শোয়েব বারবারই এ ঘটনার কথা অস্বীকার করে এসেছেন। তারপরও এশিয়া কাপে গত রোববার ভারত-পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় এক সংবাদকর্মী আবারও সে কথা তোলায় খেপেছেন শোয়েব। শেবাগ এমন কথা বলে থাকলে তাঁকে ছেড়ে দিতেন না বলেও জানিয়েছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।
শোয়েবের কাছে সংবাদকর্মীর প্রশ্নটা ছিল এমন, ‘আমরা জানি, শেবাগ আপনাকে বলেছিল, “বাপ বাপই হোতা হ্যায়।” ভারত-পাকিস্তান ম্যাচে এমন আর কোনো স্মৃতি কি আপনি মনে করতে পারেন?’ এমন প্রশ্নেই তেলেবেগুনে জ্বলে ওঠেন শোয়েব। উত্তরে বলেছেন, ‘ও আমাকে এ কথা বললে আমি ছেড়ে দিতাম না। বাংলাদেশে বসেই একবার আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, সে এমন কিছু বলেছে কি না। বীরু কিন্তু তখন স্বীকার করেনি।’
শোয়েব সেই সংবাদকর্মীকে মাঠের খেলা নিয়েই থাকার পরামর্শ দিয়ে বলেন, ‘এসব নিয়ে আলোচনা না করে ভারত-পাকিস্তান ম্যাচকে আমাদের উদ্যাপন করা উচিত। আমি ভারতকে সম্মান করি, এমনকি আপনাকেও সম্মান করি। আমি এমন কোনো কথা কখনো বলিনি, যা দুই দেশের মধ্যে ভেদাভেদ বাড়ায়।’
কয়েক বছর আগেও একই প্রশ্নে ক্ষেপে গিয়েছিলেন শোয়েব। সেবার তো ভারতীয় ওপেনারকে মারার কথাও বলেছিলেন তিনি, ‘এ রকম কিছুই কখনো হয়নি। এসব ওর মনগড়া কথা। এমন কোনো কথা মাঠে বললে আমি ওকে ছেড়ে দিতাম নাকি! মাঠেই ও আমার হাতে মার খেত। তারপর হোটেলে গিয়েও ওকে মেরে আসতাম।’
যে ঘটনা নিয়ে এত কিছু, সে ঘটনাটাই-বা কী!
ভারতের সংবাদমাধ্যমকে শেবাগ এর আগে বলেছিলেন, কোনো এক ভারত-পাকিস্তান ম্যাচে তিনি প্রায় ২০০ রানের কাছাকাছি চলে গিয়েছিলেন। সে সময় শোয়েব বারবার তাঁকে বাউন্সার দিচ্ছিলেন, যেন শেবাগ হুক শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন! কিন্তু শেবাগ ফাঁদে পা দেননি। সে সময় শোয়েব তাঁকে স্লেজিং করতে শুরু করেন। শেবাগ তখন শোয়েবকে বলেন, ‘ও তেরা বাপ খাড়া হ্যায় নন-স্ট্রাইকিং অ্যান্ড পে। উসকো বোল মারকে দিখায়েগা।’
বাংলায় এই কথার অর্থ দাঁড়ায়, ‘নন-স্ট্রাইকিং প্রান্তে তোমার বাবা দাঁড়িয়ে আছে। পারলে তাকে বল করে দেখাও!’ এরপরই নাকি শচীনকে বাউন্সার দেন শোয়েব। আর শচীন তাতে ছক্কা মারেন। শচীনের ছক্কার পরই বীরু নাকি শোয়েবকে বলেছিলেন, ‘বাপ বাপ হোতা হ্যায়, অউর বেটা বেটা।’
ঠিক কোন ম্যাচে শেবাগ এ কথা বলেছিলেন, তা তিনি পরিষ্কার করে কখনো বলেননি। শোয়েবের বলে শচীনের বিখ্যাত ছক্কার প্রসঙ্গ উঠলে ২০০৩ বিশ্বকাপের সে ম্যাচ মনে পড়বে, যেখানে শেবাগ কোনোভাবেই ২০০ রানের কাছাকাছি ছিলেন না। এখন শেবাগের কথাকে ভিত্তি হিসেবে ধরলে ঘটনাটি টেস্ট ম্যাচে হওয়ার কথা। সে ক্ষেত্রে বিতর্কটা থেকেই যায়। পাকিস্তানের বিপক্ষে টেস্টে ১৭৩, ২০১, ২৫৪ ও ৩০৯ রানের ইনিংস আছে শেবাগের। এই চারটি ইনিংসের মধ্যে দুটি (২০১ ও ১৭৩) ম্যাচে শোয়েব খেলেননি, আর টেন্ডুলকার শেবাগের খেলা এই চার ইনিংসে কোনো ছক্কা মারেননি।