দুই মাসের মধ্যে দুবার ট্র্যাকে নেমেছেন ইমরানুর রহমান। দুবারই হতাশ করেছেন। ফেব্রুয়ারিতে এশিয়ান ইনডোরে ৬০ মিটার দৌড়ে নিজের হিটে দ্বিতীয় হয়ে সেমিফাইনাল থেকে বাদ পড়েন।
আজ বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে একই দূরত্বে দৌড়াতে নেমে হিটে সাতজনের মধ্যে হয়েছেন পঞ্চম। অবশ্য পঞ্চম হলেও টাইমিংয়ে এশিয়ান ইনডোরের চেয়ে ০.০২ সেকেন্ড উন্নতি হয়েছে তাঁর।
পোল্যান্ডে অনুষ্ঠিত এই বিশ্ব ইনডোরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ইমরানুরই। যেখানে ৬০ মিটারে মোট ৪৯ জন অ্যাথলেট অংশ নেন। যার মধ্যে ইমরানুর হয়েছেন ৩৭তম। ৬০ মিটার দৌড় শেষ করতে তাঁর লেগেছে ৬.৭১ সেকেন্ড।
২০২৩ সালে কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতে চমক দেখান ইমরানুর। সেবার তাঁর সময় লেগেছিল ৬.৫৯ সেকেন্ড, যা এখনো ৬০ মিটারে তাঁর ক্যারিয়ারসেরা টাইমিং।
অ্যাথলেটিকসে এশিয়ার শীর্ষ স্তরে বাংলাদেশের কোনো অ্যাথলেটের সর্বোচ্চ পদকও কাজাখস্তানে ইমরানুরের সেই সোনা জয়। এশিয়ান ইনডোরে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে তিনজন পদক জিতেছেন।
ইমরানুর ছাড়াও রুপা আছে জহির রায়হানের, ব্রোঞ্জ মাহফুজুর রহমানের। ২০২৪ সালে ৪০০ মিটার স্প্রিন্টে জহির ৪৮.১০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন। একই বছর হাই জাম্পে ২.১৫ মিটার লাফিয়ে তৃতীয় হন মাহফুজুর।