‘আমার সাঁতারু হবে আমার চেয়ে ভালো’

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনন্য এক রেকর্ডের মালিক তিনি। দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) এক আসরে মেয়েদের মধ্যে প্রথম দুটি ব্যক্তিগত সোনা জিতেছেন ৫০ ও ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে। এসএ গেমসে বাংলাদেশের একমাত্র সোনাজয়ী নারী সাঁতারুও তিনি। ২০১৬ সালে সেই কীর্তি গড়া মাহফুজা খাতুন (শীলা) এবার নেমেছেন সাঁতারু গড়ার কাজে। যোগ দিয়েছেন বাংলাদেশ সাঁতার দলের সহকারী কোচ হিসেবে।সেপ্টেম্বর-অক্টোবরে চীনের হাংজুতে অনুষ্ঠেয় এশিয়ান গেমস সামনে রেখে ৬ জুন থেকে মিরপুর জাতীয় সাঁতারপুলে কাজ শুরু করেছেন। নতুন যাত্রায় মাহফুজার চাওয়া একটাই—খেলোয়াড় হিসেবে নিজে যতটা ভালো ছিলেন, কোচ হিসেবে তাঁর চেয়েও ভালো সাঁতারু গড়ে তুলবেন। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এসেছে আরও অনেক প্রসঙ্গই—

সাঁতারু মাহফুজা খাতুন এখন কোচছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন:

বিদেশের মাটিতে দেশের হয়ে সোনা জিতেছেন। কোচ হিসেবেও নিশ্চয়ই সে লক্ষ্য থাকবে...

মাহফুজা খাতুন: অবশ্যই। খেলোয়াড় হিসেবে দেশকে যা দিয়েছি, তা থেকে বেশি দিতে না পারলে আমার কোচ হওয়ার সার্থকতা কোথায়! আমি চাই, আমার সাঁতারু হবে আমার চেয়ে ভালো। ২০২১ সালে বাংলাদেশ গেমস দিয়ে খেলোয়াড়ি জীবন শেষ করে বাংলাদেশ নৌবাহিনীতে কোচ হিসেবে কাজ শুরু করি। গত কিছুদিনে নিজেকে তৈরি করেছি। শুধু এলাম আর গেলাম হলে তো হবে না। কোচ হিসেবেও দেশকে কিছু দিতে চাই।

প্রশ্ন:

সে রকম প্রতিভাবান সাঁতারু কি আছে?

মাহফুজা: আছে। মুক্তা, অ্যানি, আন্না, সোনিয়া, মরিয়মরা ভালো। গত কয়েক দিনে মেয়েদের দলটাকে অনুশীল করিয়ে দেখেছি, প্রতিভা আছে আমাদের। প্রয়োজন ওদের সুযোগ–সুবিধা দেওয়া। ২০১৬ সালের পর এশিয়ান গেমসের ক্যাম্পে এই প্রথম ১২ জনের বড় একটা মেয়েদের দল ডাক পেল, সঙ্গে ১৩ জন ছেলে। কোচ আমরা ৫ জন। আবদুল হামিদ, মাহবুবুর রহমান, কারার ছামেদুল, অনীক ইসলাম আর আমি।

খেলোয়াড় হিসেবে দেশকে যা দিয়েছি, তা থেকে বেশি দিতে না পারলে আমার কোচ হওয়ার সার্থকতা কোথায়! আমি চাই, আমার সাঁতারু হবে আমার চেয়ে ভালো।
মাহফুজা খাতুন, বাংলাদেশ সাঁতার দলের সহকারী কোচ
প্রশ্ন:

কোচ হওয়ার ইচ্ছা কি আগে থেকেই ছিল?

মাহফুজা: আগে থেকেই...। সুযোগটা করে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। খেলা ছাড়ার পর তারা আমাকে কোচের দায়িত্ব দেয়। জানেন তো, আমাদের নৌবাহিনী দল মানেই জাতীয় দল। ২০২১ সালের বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে ১৯টির মধ্যে ১৯টি সোনাই আমরা জিতি। গত বছর সার্ভিসেস কাপে ১৯টির মধ্যে ১৮টি সোনা আমাদের। দলটাকে আমি দেখভাল করেছি। বাংলাদেশে এখন পেশাদার নারী সাঁতার কোচ দেখছি না। আমি ভাবলাম, আমিই এগিয়ে আসি না কেন! বিকেএসপিতে ২১ দিনের লেভেল ওয়ান কোচেস কোর্সও করেছি।

বাংলাদেশ সাঁতার দলের সহকারী কোচ মাহফুজা খাতুন
ফাইল ছবি
প্রশ্ন:

আপনার প্রিয় কোচ কে?

মাহফুজা: বাংলাদেশ সাঁতার দলের সাবেক কোরিয়ান কোচ পার্ক তে গুন। তাঁর কাছে অনেক শিখেছি। পাশাপাশি মাহবুব ভাই, জুয়েল ভাইদের কোচিং পরিকল্পনাও ভালো লাগে।

প্রশ্ন:

খেলা কঠিন নাকি কোচিং?

মাহফুজা: খেলাটা বেশি কঠিন (হাসি)। খেলোয়াড়দের যেমন কঠোর অনুশীলন করতে হয়, কোচদের তা নয়। কোচিংয়ে শারীরিক পরিশ্রম কম, তবে কোচদের ১০ জন সাঁতারুকে নিয়ে ১০ রকম করে ভাবতে হয়। মানসিক চাপ বেশি। কোচদের অনুশীলন সূচি করতে হয়, সেটা করার মতো জায়গায় নিজেকে নিতেই ৭-৮ বছর লেগে যায়। আমি তো অবাক হতাম পার্ক কীভাবে এতগুলো ছেলেমেয়ের অনুশীলনসূচি করত!

প্রশ্ন:

জাতীয় দলের ক্যাম্পে কাজ করে কেমন লাগছে?

মাহফুজা: খেলোয়াড় হিসেবে সবকিছু যেভাবে ভাবতাম, কোচিংয়ে এসে দেখলাম ভিন্ন। কোচ হিসেবে হুটহাট করে কিছু বলা যায় না। ভাষাগত দিকটা দেখতে হয়। পেশাগত আচরণ খুব বেশি মানতে হয়। খেলোয়াড়ি জীবনে এটা কম থাকে, চাইলেই যখন–তখন সব বলতে পেরেছি।

দুই হাতে দুই সোনার পদক হাতে মাহফুজা খাতুন
ছবি: প্রথম আলো
প্রশ্ন:

আপনি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর করেছেন। একবার বলেছিলেন সাংবাদিকতায় আসতে চান...

মাহফুজা: বলেছিলাম, কখনো সাংবাদিকতা করার সুযোগ পেলে করব। কিন্তু সাঁতার আমার রক্তে, আমি তাই খেলাধুলা নিয়েই ছিলাম। আমি যখন সাংবাদিকতায় পড়ি, তখন এখনকার মতো চাকরি করার সুযোগ ছিল না। তবে তখনই দেখেছি ক্রীড়া সাংবাদিকতা বেশ জনপ্রিয়। এক ক্রীড়া সাংবাদিক আপা বলেছিলেন, ‘তুমি ক্রীড়া সাংবাদিকতা করো, তুমি তো কথা বলতে পারো।’ আমি চাইলে প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করতে পারতাম।

প্রশ্ন:

তাহলে করেননি কেন?

মাহফুজা: করিনি কারণ নৌবাহিনীতে নিশ্চিত একটা জীবন। আমি এখন ওয়ারেন্ট অফিসার। বেতন ভালো, বিনা খরচে চিকিৎসা, রেশন পাই। নৌবাহিনীপ্রধান আমাদের সাঁতার ফেডারেশনের সভাপতি, তিনি আমাদের চেনেন। তাই সাঁতার ছাড়ার কথা ভাবিনি।

প্রশ্ন:

২০০৪ ইসলামাবাদ সাফ গেমস সাঁতারে সোনাজয়ী শাহজাহান আলী (রনি) আপনার জীবনসঙ্গী। সাঁতারু দম্পতির জীবন কেমন কাটছে?

মাহফুজা: খুবই ভালো। ২০১৬ সালে আমরা বিয়ে করি। শাশুড়ির অনেক সহায়তা পেয়েছি। রনিও অনেক সহায়তা করে। অনুশীলন করে এলে নিজে খাবার এগিয়ে দেয়। যে কারণে ৩২ বছর বয়স পর্যন্ত খেলাধুলা করে এখন কোচিংয়ে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ।