অন্য সময় হলে পিসিবি চেয়ারম্যান দুশ্চিন্তায় থাকতেন
আইসিসি পাকিস্তান ক্রিকেটে অনধিকার চর্চা করছে—এমন বক্তব্য দিয়ে কিছুদিন আগে তিনি সমালোচিত হয়েছেন। পাকপ্যাশন ডটকমের সঙ্গে সাক্ষাৎকারে সেই বক্তব্যের ব্যাখ্যা করেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ। তাঁর কথায় উঠে এসেছে পাকিস্তান ক্রিকেটের অভ্যন্তরীণ অবস্থা, ভারত-পাকিস্তান দ্বৈরথ এমনকি হালফিলের সবচেয়ে আলোচিত কেভিন পিটারসেন প্রসঙ্গও
পাকিস্তান ক্রিকেটে আইসিসির হস্তক্ষেপ নিয়ে আপনার সাম্প্রতিক মন্তব্যটা একটু ব্যাখ্যা করবেন?

জাভেদ মিয়াঁদাদ: আমি যা বলেছি, এখনো সেই অবস্থানেই আছি। আমার দৃষ্টিতে আইসিসি পাকিস্তান ক্রিকেটে অনধিকার চর্চা করছে, যার কোনো ইতিবাচক ফল নেই। ওরা জানেই না কোনটা আমাদের ক্রিকেটের জন্য ভালো আর কোনটা খারাপ, আমাদের ক্রিকেট কীভাবে চলে কিংবা ব্যবস্থাপনা কতটা ভালো। ওরা শুধু বলে যাচ্ছে, পিসিবিকে গণতান্ত্রিকভাবে চলতে হবে। কিন্তু সেটার ফল কী হবে এ নিয়ে ওদের কোনো চিন্তা নেই। ৪০ বছরের বেশি সময় ধরে আমাদের একরকম ব্যবস্থা চলে আসছে। সেটা নিয়ে আমরা বিশ্বজয়ী দল আর খেলোয়াড় তৈরি করে আসছি। এখন তারা বলছে গণতান্ত্রিক ব্যবস্থার কথা। কিন্তু ওরা কি জানে পাকিস্তানে ভোট কেনাবেচা করা যায়? শুধু মুখভরা বুলিতে কাজ হবে না। ওদের এখনকার ব্যবস্থার ফলে পাকিস্তানে ক্রিকেট বোর্ডের প্রধান তিনিই হচ্ছেন, যাঁর প্রভাব-প্রতিপত্তি আছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের উদাহরণ দেওয়া হয়। সেখানে তো প্রতিষ্ঠিত গণতান্ত্রিক ঐতিহ্য আছে, আমাদের এখানে তা নয়। আমাদের একটা ব্যবস্থা ছিল যেটা আগে কাজ করত, এখন কিছুই হচ্ছে না।
আপনি কি বিশ্বাস করেন আইসিসি খেলাটাকে ভালোভাবে চালাতে পারছে? আর পাকিস্তানের নিজের সমস্যার জন্য কি অন্যদের দোষারোপ করা ঠিক?
মিয়াঁদাদ: আইসিসি মোটেও ভালোভাবে চালাতে পারছে না। ওরা অপ্রয়োজনীয় কাজে বেশি অর্থ আর সময় নষ্ট করছে। যেমন আকসু। এর পেছনে লাখ লাখ টাকা খরচ করে কী লাভ হয়েছে? সদস্যদেশগুলোর টাকায় আইসিসির কর্মকর্তাদের বেতন ঠিকই হচ্ছে। এর বাইরে আলাদা কিছু করার চিন্তাই ওদের নেই। গুটিকয়েক সাবেক খেলোয়াড় ছাড়া পরিচিত কিছু লোকজন আইসিসি চালাচ্ছে। কেন, ইয়ান চ্যাপেল কিংবা তার মতো খেলোয়াড়দের আইসিসিপ্রধান করলে সমস্যা কী? যারা সফলভাবে কখনো ক্রিকেটই খেলেনি তারা ক্রিকেটের স্বার্থ দেখবে, এটা আমরা কীভাবে বিশ্বাস করব!
বাংলাদেশের কাছে আমরা এমনভাবে হারলাম, আমাদের র্যাঙ্কিং নেমে গেল। অন্য সময় হলে পিসিবি চেয়ারম্যান দুশ্চিন্তায় থাকতেন, তাঁর বরখাস্ত হওয়ার ভয় থাকত। কিন্তু এখন আইসিসি পেছনে থাকায় দেখুন, চেয়ারম্যানের এ নিয়ে কোনো দুশ্চিন্তাই নেই। কারণ তিনি জানেন, কেউ তাঁকে সরাতে পারবে না, তাঁর কারও কাছে জবাবদিহি করতে হবে না।
খেলোয়াড়দের জন্য সবচেয়ে ভালো হচ্ছে খেলোয়াড়দের একটা সংগঠন। যেটা তাদের অধিকারের জন্য আওয়াজ তুলবে। কিন্তু আমাদের এখানে সেই সংগঠন নেই। সেটা গড়তেই দেওয়া হচ্ছে না। আইসিসিও এ নিয়ে মাথা ঘামাচ্ছে না। আমার মনে হয়, পিসিবি চালানোর দায়িত্ব দেওয়া উচিত পাকিস্তানের সাবেক খেলোয়াড়দের, সাংবাদিক কিংবা আমলাদের নয়। ফাঁকা গণতন্ত্রের বুলি দিয়ে পাকিস্তান ক্রিকেটের উন্নতি হবে না।
ওয়ানডেতে পাকিস্তানের সাম্প্রতিক ফর্ম তো খুবই উদ্বেগজনক। এর কারণ কী?
মিয়াঁদাদ: এই দলের পারফরম্যান্স বিচার করে কী লাভ। বরং যে ব্যবস্থাটা এ রকম খেলোয়াড়দের জাতীয় দলে নিয়ে এসেছে সেটার দিকে তাকানো উচিত। রাস্তার খেলোয়াড়েরা কোনো দক্ষতা আর টেম্পারামেন্ট বোঝার আগেই সর্বোচ্চ পর্যায়ে চলে আসছে। এত স্বজনপ্রীতি চলে এখানে! আর বলছেন আইসিসি র্যাঙ্কিংয়ে নেমে যাওয়ার কথা!
পাকিস্তান ক্রিকেটের বিবর্ণ ভবিষ্যতের ছবি দেখাচ্ছেন আপনি। কিন্তু আপনার মতো সাবেক খেলোয়াড়দের কি দায়িত্ব নয় এগিয়ে এসে সাহায্য করা?
মিয়াঁদাদ: করা উচিত। কিন্তু সেই সুযোগটা কি দেওয়া হচ্ছে? অস্ট্রেলিয়াকে উদাহরণ হিসেবে নিন না। সেখানে সাবেকেরা প্রাদেশিক দলগুলোর হয়ে কাজ করে। আমাদের এখানে সেই সুযোগ কোথায়? নইলে ওয়াকার যদি ভেহারিতে গিয়ে একটা ফাস্ট বোলার বের করে আনত, কিংবা ইনজামাম যদি মুলতানে গিয়ে একটা ব্যাটসম্যান খুঁজে আনত, দারুণ ব্যাপার হতো না? পিসিবির তো বলা উচিত, ‘তোমাদের মূলে ফিরে যাও, কাজ করো। আমরা সে জন্য টাকা দেব।’
ওয়াকারের প্রসঙ্গ যখন এলই, পাকিস্তান কোচ হিসেবে তাঁর ভবিষ্যৎ কী?
মিয়াঁদাদ: একটা কথা পরিষ্কার বলি, পাকিস্তান দল তো আর এমন জায়গা না যেখানে প্রতিভাবানরা এসে তারপর শিখে উন্নতি করবে। একেবারে তৈরি খেলোয়াড়দের জাতীয় দলে নেওয়া উচিত। ওয়াকার তাদের নিয়ে কৌশলগত পরিকল্পনা করবে। অথচ ওয়াকারকে এখন অনেক সাধারণ ব্যাপার নিয়ে কাজ করতে হচ্ছে, খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়ে ভাবতে হচ্ছে। এই খেলোয়াড়েরা কীভাবে সেরাটা দেবে!
ভারত-পাকিস্তান সিরিজ হবে বলে একটা শোর উঠেছে। আপনি কি এতে রোমাঞ্চিত?
মিয়াঁদাদ: দেখুন, এই সিরিজটা হয় দুই দেশের সরকারের মর্জির ওপর। অন্য কিছু এখানে কাজ করে না। আমি একটু বিস্মিতই যে ভারত সরকার খেলতে রাজি হয়েছে। অন্য কোনো ব্যাপার নেই তো? অতীতে আমাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে—এটা মাথায় রেখে কি আমাদের না বলা উচিত? আমি জানি না। তবে যদি শুধু অর্থই কারণ হয় ভারতের সঙ্গে খেলার, আমি বলব, আমাদের ওই পর্যন্ত যাওয়া ঠিক হবে না। এটা ক্রিকেট সমর্থকদের জন্য বড় উপলক্ষ হলেও এর উদ্দেশ্য সম্পর্কে আমি নিশ্চিত নই। আমার মনে হয়, ভারত আমাদের সঙ্গে খেলতে চায় না, কারণ পাকিস্তানের কাছে হারলে দেশে তারা খুবই রোষানলে পড়ে। দেখা যাক, সিরিজটা হয় কিনা।
আপনার কি মনে হয় কেভিন পিটারসেনের মতো খেলোয়াড়ের সঙ্গে ইসিবি অন্যায় আচরণ করেছে?
মিয়াঁদাদ: ওর মাপের একজন খেলোয়াড়ের ক্যারিয়ার এভাবে শেষ করে দেওয়াটা উচিত হয়নি ইসিবির। অনেক বছর সে ইংল্যান্ড ক্রিকেটের সেবা করেছে। আজেবাজে অজুহাত ছেড়ে ইসিবির স্পষ্ট করে বলা উচিত কী কারণে সে দলে নেই। যদি আচরণগত কোনো সমস্যা থাকে সেটা শোধরানোর সুযোগ দেওয়া উচিত। ভুলে যাবেন না, স্যার ইয়ান বোথামকে নিয়েও নানা সমস্যা ছিল। কিন্তু কেউ তার ক্রিকেটদক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারেনি এবং ইংল্যান্ড সেটি ভালোভাবে কাজে লাগিয়েছে।