টোকিও অলিম্পিকে ৩০ জুলাই পানিতে নামবেন সাঁতারু আরিফুল ইসলাম। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৃত্তি নিয়ে গত দুই বছর ফ্রান্সে উচ্চতর প্রশিক্ষণে ছিলেন কিশোরগঞ্জের ২২ বছরের যুবক। সেখান থেকেই সরাসরি টোকিওতে গেছেন। গেমস ভিলেজ থেকে মুঠোফোনে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন নিজের অলিম্পিক অভিজ্ঞতা ও অন্যান্য প্রসঙ্গে...
কাল যখন ভারতের মীরাবাই চানু ভারোত্তোলনে রুপা জিতলেন, গেমস ভিলেজে থেকে আমারও ভালো লাগছিল এই ভেবে যে পাশের দেশের কেউ পদক জিতেছেন। আর অলিম্পিকে যদি আমরা কোনো পদক জিততাম, কত আনন্দই না হতো!
প্রশ্ন :
দক্ষিণ এশিয়ান গেমস, কমনওয়লেথ গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর স্বপ্নের অলিম্পিকে সাঁতরাবেন? পানিতে নামার আগে কী মনে হচ্ছে?
আরিফুল: এর আগেও যেহেতু বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও কমনওয়েলথ গেমসের মতো বড় আসরে অংশ নিয়েছি, তাই এখানে আলাদা কোনো অনুভূতি নেই। সত্যি বলতে কি, ওই সব গেমসে যাওয়ার পর মনে হতো—এলাম, অংশ নিলাম আর চলে গেলাম। এতটুকুতেই শেষ। কিন্তু এখন মনে হচ্ছে যদি এখানে ভালো টাইমিং করতে পারি। যদি অলিম্পিক কাভার করতে আসা সাংবাদিকদের এতটুকু নজর কাড়তে পারতাম, তাহলে ভালো লাগত। আসলে অলিম্পিকের মাহাত্ম্য এত বিশাল, তা এখানে না এলে হয়তো বুঝতেই পারতাম না।
প্রশ্ন :
প্রথমবার অলিম্পিক ভিলেজে উঠে কেমন লেগেছে?
আরিফুল: ভিলেজে সারা বিশ্বের নানা খেলার তারকা সব অ্যাথলেটকে একত্রে দেখতে পাওয়া যায়। এখানে এসে দেখা হয়েছে আমার ফ্রান্সের সাঁতারু বন্ধুর সঙ্গে। চাদের প্রেসিডেন্টের ছেলে অ্যাথলেট, সে–ও আমার বন্ধু। ওর সঙ্গেও দেখা হলো। অলিম্পিকের ব্রোঞ্জজয়ী কানাডার সাঁতারু টেইলর রকের সঙ্গে ট্রেনিংয়ে দেখা হয়েছিল। একটা ছবিও তুলেছি। আমাদের আর্চার রোমান সানা ভাইয়ের সঙ্গে বাংলাদেশে থাকতে কখনো দেখাই হয়নি। এখানে এসে দেখা হয়ে গেল। ডাইনিং থেকে বেরিয়ে আসছিলেন রোমান আর দিয়া সিদ্দিকী। আমাকে ডেকে রোমান ভাই বললেন, ‘আরিফুল, কেমন আছ?’ এরপর আমরা রিক্রিয়েশন রুমে গিয়ে অনেকক্ষণ আড্ডা দিয়েছি। আমার সাঁতার ক্যারিয়ারের প্রথম কোচ জাপানের সোসোদিও স্যারের সঙ্গে দেখা হওয়ায় বেশি ভালো লেগেছে। যখন বিকেএসপিতে ছিলাম, তখন আড়াই বছর তিনি আমাদের কোচ ছিলেন। টোকিও থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে স্যার থাকেন। আমার সঙ্গে দেখা করতে চলে আসেন প্রথম দিন। উপহার হিসেবে টোকিও অলিম্পিকের একটা টি-শার্ট এনেছেন আমার জন্য।
প্রশ্ন :
এবারের অলিম্পিকে বাংলাদেশের পতাকা ছিল আপনার হাতে? এটা তো বিশাল সম্মানের ব্যাপার...
আরিফুল: যখন আমার হাতে পতাকা তুলে দেওয়া হলো সেই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। একটা অন্য রকম রোমাঞ্চ বয়ে যাচ্ছিল শরীরে। মনে হচ্ছিল, শুধু অলিম্পিক খেলতে এসেছি, তাতেই পতাকা হাতে নিয়ে এমন লাগছে, আর যদি অলিম্পিকে পদক জিততে পারি, তাহলে এই পতাকা আরও উঁচুতে উঠবে। সারা বিশ্বের মানুষ তখন বাংলাদেশকে চিনবে। কাল যখন ভারতের মীরাবাই চানু ভারোত্তোলনে রুপা জিতলেন, গেমস ভিলেজে থেকে আমারও ভালো লাগছিল এই ভেবে যে পাশের দেশের কেউ পদক জিতেছেন। আর অলিম্পিকে যদি আমরা কোনো পদক জিততাম, কত আনন্দই না হতো! আমার কেন যেন মনে হচ্ছে রোমান ভাই একটা পদক জিততেও পারেন। ওনার চোখে–মুখে সেই আত্মবিশ্বাস দেখেছি।
প্রশ্ন :
অলিম্পিক গেমসে খেলতে টোকিও যাওয়া নিয়ে নাকি সংশয়ে পড়েছিলেন? ঘটনাটা একটু খুলে বলবেন?
আরিফুল: আমি ফ্রান্স থেকে ১৭ জুলাই রওনা দিই। এরপর ট্রানজিট ছিল জার্মানির একটি বিমানবন্দরে। সেখানে একটা দিন পুরোটা সময় বিমানবন্দরে কাটাতে হয়েছে।
প্রশ্ন :
কেন?
আরিফুল: আমার করোনা টেস্টের যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেটা ছিল ফরাসি ভাষায়। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ ইংরেজিতে লেখা সার্টিফিকেট দেখতে চেয়েছিল। শেষ পর্যন্ত ওই দিন বিমানে উঠতে পারিনি। আমার বিমানে ওঠার কার্ড আটকে দেওয়া হয়। তখন ভাবছিলাম হয়তো অলিম্পিকে খেলাই হবে না। বিমানবন্দরের ভেতরে যেখানে আমাকে থাকতে দেওয়া হয়েছিল, সেখানে খাবারদাবারের কোনো ব্যবস্থা ছিল না। সারা রাত ক্যালসিয়াম চকলেট আর পানি খেয়ে ঘুমিয়েছি। পরদিন ওই বিমানবন্দরে আরেকবার কোভিড টেস্ট করি। টেস্টের রেজাল্ট বেলা একটায় দেওয়ার কথা ছিল। আমার বিমানের ফ্লাইট ছিল ১টা ১০ মিনিটে। কিন্তু তখনো টেস্টের রিপোর্ট হাতে পাইনি। শেষ পর্যন্ত আমার জন্য বিমান এক ঘণ্টা দেরি করে। সোয়া দুইটায় টেস্টের নেগেটিভ রিপোর্ট নিয়ে যখন বিমানে উঠি সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানায়।
প্রশ্ন :
এবার আসি সাঁতার প্রসঙ্গে। আপনি তো সর্বশেষ এসএ গেমসে ও বাংলাদেশ গেমসে ৫০ মিটার ফ্রি স্টাইলে অংশ নেননি। তাহলে অলিম্পিকে এই ইভেন্টে কতটা ভালো করতে পারবেন?
আরিফুল: আসলে অলিম্পিকে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো কোন ইভেন্টে, কারা অংশ নেবে, সেসব নির্ধারণ করে ফিনা (আন্তর্জাতিক সাঁতার সংস্থা)। এই কারণে আমি নিয়মিত ৫০ মিটার ফ্রি স্টাইলে অংশ না নিলেও এখানে এই ইভেন্টেই সাঁতরাতে হবে। তবে আশা করি ভালো কিছুই করব টোকিওতে।
প্রশ্ন :
এই ইভেন্টে আপনার সেরা টাইমিং তো ২৪.৯২ সেকেন্ড। কোরিয়াতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০১৯ সালে করেছিলেন এই টাইমিং। এবার কি এটা টপকাতে পারবেন?
আরিফুল: আমি আশাবাদী এখানে এর চেয়েও ভালো টাইমিং হবে।