অল্প কথায় পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
পেলে
পেলে
সাক্ষাৎকার তো জীবনে অনেকই দিয়েছেন। তবে এটি একটু ব্যতিক্রমী। যুক্তরাজ্যের স্পোর্ট সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারটিতে অল্প কথায় নিজের সম্পর্কে অনেক কিছু জানিয়েছেন ‘ফুটবলের রাজা’

খেলা নিয়ে আপনার প্রথম স্মৃতি কী?
আমার বাবাকে প্রথমবারের মতো কাঁদতে দেখা। আমি তখন ছোট ছিলাম। ১৯৫০ সালের বিশ্বকাপ ফাইনালে উরুগুয়ের কাছে ব্রাজিল হেরে গেলে খুব কষ্ট পেয়েছিলেন তিনি।
পুরো ক্যারিয়ারে আপনার সবচেয়ে প্রিয় গোল কোনটি?
রিও ডি জেনিরোর মারাকানায় ১৯ নভেম্বর ১৯৬৯ সালে করা আমার ১০০০তম গোলটি। ব্রাজিলের শিশুদের জন্য আমি সেটি উৎসর্গ করেছিলাম।
বাকি জীবনে শুধু তিনটি খেলা দেখতে পারবেন। সে ক্ষেত্রে কোনগুলো বেছে নেবেন?
টেলিভিশনে আমি এখনো নিয়মিত ফুটবল দেখি। তবে আমি মাছ ধরতে ও টেনিস খেলতেও খুব পছন্দ করি।
আপনার কোনো গোপন প্রতিভা আছে কি?
আমি গান গাইতে ও গিটার বাজাতে পারি।
কোনো তারকাকে দেখে অভিভূত হয়েছেন কখনো?
যেদিন নেলসন ম্যান্ডেলার সঙ্গে দেখা হলো। তিনি ছিলেন আমার হিরো।
নিজের সম্পর্কে শোনা সবচেয়ে মজার বা আজগুবি গুজব কোনটি?
গত বছর সিএনএনের এক সংবাদে বলা হয়েছিল আমি মারা গেছি। তখন আমি আসলে বিমানে করে লন্ডন থেকে ফিরছিলাম।
আপনার বিপক্ষে বা সঙ্গে খেলা সবচেয়ে প্রতিভাবান ক্রীড়াবিদ কে?
ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।
ফুটবলের কোনো একটা দিক যদি বদলাতে পারতেন, কোন দিকটা বদলাতেন?
ফুটবল সর্বকালের সেরা খেলা। আমি কিছুই বদলাতে চাই না।
ফুটবলের বাইরে আপনার প্রিয় খেলোয়াড় কে?
মোহাম্মদ আলী।
আপনার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ কী?
আমার পরিবার।
পর্যটক হিসেবে আপনার প্রিয় গন্তব্য কোনটি ও কেন?
আমি জাপান যেতে ভালোবাসি। কারণ হলো দেশটির মানুষ ও খাবার।
আপনার সবচেয়ে প্রিয় সিনেমা কোনটি?
শিগগিরই মুক্তি পেতে যাওয়া আমার আত্মজীবনীমূলক সিনেমা—পেলে!
বিশেষ কোনো ক্ষমতা বেছে নেওয়ার সুযোগ থাকলে কোনটি নেবেন?
অদৃশ্য থাকতে চাই, যেন সহজেই সাধারণ্যে যেতে পারি।
বেড়ে ওঠার সময় আপনার আদর্শ খেলোয়াড় কে ছিলেন?
আমার বাবা দোদিনহো ছিলেন একজন ফুটবলার। ছোটবেলায় আমি বাবার মতো হতে চেয়েছিলাম।
খেলার মধ্যে আপনার প্রিয় বন্ধু কে ও কেন?
আমার খুব ভালো বন্ধু ছিল গারিঞ্চা। দুজন একসঙ্গে খেলেছি, এমন কোনো ম্যাচে ব্রাজিল হারেনি।
আপনার শোনা সেরা পরামর্শ?
আমার বাবা বলতেন, ‘শোনো, ঈশ্বর তোমাকে ফুটবল খেলার ক্ষমতা দিয়েছে। এটা ঈশ্বরের দেওয়া উপহার। যদি তুমি নিজের যত্ন নাও, সব সময় নিজের ফিটনেস ধরে রাখো, তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না। তবে তোমাকে অনেক অনুশীলন করতে হবে।’
তিন শব্দে নিজেকে বর্ণনা করুন।
ভালোবাসা। বিশ্বস্ততা। শ্রদ্ধা।
জীবনের সবচেয়ে আনন্দের দিনটি কখন ও কোথায় এসেছিল?
২৯ জুন, ১৯৫৮ (তাঁর প্রথম বিশ্বকাপ ফাইনাল)। এই দিনটি চিরদিনের মতো আমার জীবন বদলে দিয়েছে।