যেকোনো খেলাতেই টানা ৫টি শিরোপা জেতা একজন কোচের জন্য দারুণ ব্যাপার। অস্কার ব্রুজোনের গলায় এখন সে সাফল্যেরই মালা। গত পরশু ৯ আগস্ট তাঁর হাত ধরেই বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে শিরোপা ধরে রাখা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। এই সাফল্যের রহস্য এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বসুন্ধরার স্প্যানিশ কোচ—
প্রশ্ন :
২০১৯ সালে আপনার অধীনে অভিষেক প্রিমিয়ার লিগ জেতে বসুন্ধরা কিংস। সেই থেকে টানা ৫টি শিরোপা জয়ের রহস্যটা কী?
অস্কার ব্রুজোন: মূল রহস্য সম্মিলিত প্রচেষ্টা এবং পরিপূর্ণ একটা দল হয়ে ওঠা। জেতার আকাঙ্ক্ষা আর আত্মবিশ্বাসও আছে আমাদের। ক্লাব সভাপতি ইমরুল হাসানের আগ্রহ, সমর্থনও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
প্রশ্ন :
সাফল্যটা আসছে আপনার নেতৃত্বে। নিজেকে কীভাবে মূল্যায়ন করবেন?
ব্রুজোন: আমি নিজের দায়িত্ব পালন করেছি। ক্লাব সুযোগ–সুবিধা না দিলে এই সাফল্য পাওয়া সম্ভব হতো না। তা ছাড়া বসুন্ধরা কিংস নিরন্তর চেষ্টা করছে মাঠে নিজেদের ভালোভাবে তুলে ধরতে। সেই চেষ্টাটা না থাকলে সাফল্য পাওয়া কঠিন ছিল।
কতবার যে নানা কারণে লিগ বন্ধ হয়েছে, হিসাব নেই। এটা বাংলাদেশের ফুটবলের জন্য মোটেই ভালো নয়। এতে দলগুলোর অনেক ক্ষতি হয়। দেখুন, সেই জানুয়ারি থেকে এখনো লিগ চলছে। আট মাসের লম্বা লিগ আর পুরো মৌসুম মিলে ১১ মাস অনুশীলনে আছি আমরা। অথচ ম্যাচ খেলেছি মাত্র ২৫টি!
প্রশ্ন :
ধারাবাহিকতায় অন্য দলের চেয়ে বসুন্ধরা অনেক এগিয়ে। এর পেছনে বসুন্ধরার শক্তিশালী অতিরিক্ত খেলোয়াড় তালিকাও বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন?
ব্রুজোন: অবশ্যই। বসুন্ধরার একাদশে আসা নিয়ে তীব্র লড়াই হয় ছেলেদের মধ্যে। বেঞ্চটা অনেক অনেক শক্তিশালী। এটা সেই শুরু থেকেই। একটা দলের বেঞ্চ শক্তিশালী না হলে ধুঁকতে হয়। কিন্তু বসুন্ধরাকে কখনোই পেছনে তাকাতে হয়নি। ২০১৯ সালে আমরা ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীর কাছে হারলেও লিগ ও স্বাধীনতা কাপ জেতেছি। গত বছর ফেডারেশন কাপ জয় দিয়ে শুরু করলেও কোভিডে লিগটা পণ্ড হয়ে যায়। এ বছর ফেডারেশন কাপ ও লিগ দুটোই আমরা জিতেছি। আমাদের মনোযোগ কখনো ম্যাচ থেকে সরে যায় না। এটাই ধরাবাহিকভাবে ভালো খেলার মূল কারণ।
প্রশ্ন :
এই অগ্রযাত্রায়ও কোনো অতৃপ্তি কি আছে?
ব্রুজোন: আসলে এর চেয়ে বেশি আর কিছু চাইতে পারতাম না। এ মৌসুমে ফেডারেশন কাপে ৫টি ম্যাচই জিতেছি আমরা। লিগে ২০ ম্যাচে একটি ড্র ও একটি হার। ২৩ ম্যাচেই জয় দারুণ ব্যাপার। আমরা মাত্র ৯টি গোল খেয়েছি লিগে। এতেই বোঝা যাচ্ছে, খেলার প্রতি আমরা কতটা নিবেদিত। মাঠের খেলায় আমাদের অতৃপ্তির কিছু নেই। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে কিছু অতৃপ্তিও অবশ্যই আছে।
প্রশ্ন :
সেটা কেমন?
ব্রুজোন: লিগের ধারাবাহিকতা না থাকা। কতবার যে নানা কারণে লিগ বন্ধ হয়েছে, হিসাব নেই। এটা বাংলাদেশের ফুটবলের জন্য মোটেই ভালো নয়। এতে দলগুলোর অনেক ক্ষতি হয়। দেখুন, সেই জানুয়ারি থেকে এখনো লিগ চলছে। আট মাসের লম্বা লিগ আর পুরো মৌসুম মিলে ১১ মাস অনুশীলনে আছি আমরা। অথচ ম্যাচ খেলেছি মাত্র ২৫টি! এখন বৃষ্টিতে মাঠও ভালো অবস্থায় দেখছি না। তাই বলব, বৃষ্টির সময়টা এড়াতে মে মাসের মধ্যে লিগ শেষ করা উচিত। ইউরোপের ফুটবল সূচি যেভাবে এগোয়, সেটা অনুসরণ করতে পারলে ভালো হয়।
বাংলাদেশের ক্লাব ফুটবলের নানা সংকটের মধ্যেও বসুন্ধরা কিংস পাওয়ার হাউসে পরিণত হয়েছে। বসুন্ধরা এখন ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের মানে পৌঁছেছে।
প্রশ্ন :
অনেকে বলেন, দেশের সব সেরা ফুটবলার আপনার হাতে। বিদেশিরা উঁচু মানের। এমন দলের চ্যাম্পিয়ন না হওয়ার কারণ নেই...
ব্রুজোন: শুধু ভালো খেলোয়াড় থাকলেই হয় না, কোচিং স্টাফের মধ্যে ভালো সমন্বয় থাকা দরকার। সেটাও আছে বসুন্ধরার। সব মিলিয়েই আমরা সাফল্যের পথে আছি।
প্রশ্ন :
আপনি ভারত, মালদ্বীপের ক্লাব ফুটবলে কাজ করেছেন। তুলনা করলে বসুন্ধরাকে কোথায় রাখবেন?
ব্রুজোন: বাংলাদেশের ক্লাব ফুটবলের নানা সংকটের মধ্যেও বসুন্ধরা কিংস পাওয়ার হাউসে পরিণত হয়েছে। বসুন্ধরা এখন ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের মানে পৌঁছেছে। আইএসএলের সাংগঠনিক কাঠামোটা অনেক বড়। খেলোয়াড়দের চুক্তি, খেলোয়াড় বাছাই, সবকিছুই সেখানে দক্ষিণ এশিয়ান ফুটবলের তুলনায় এক ধাপ এগিয়ে। আমি বলব, বসুন্ধরাও এগোচ্ছে, যা বাংলাদেশের ফুটবলের জন্য খুবই ভালো।
প্রশ্ন :
কিন্তু বসুন্ধরাকে এখনো দেশের বাইরে পরীক্ষা দিতে হয়নি। দেশে সব দলই বসুন্ধরার চেয়ে অনেক পিছিয়ে। তারপরও কোন দলকে এবারের লিগে কঠিন মনে হয়েছে?
ব্রুজোন: মোহামেডান, শেখ জামাল আর আবাহনীও। তিনটিই শক্তিশালী প্রতিপক্ষ। তবে মোহামেডান বেশি কঠিন। ওদের কাছে গত পরিত্যক্ত লিগে আমরা কুমিল্লায় হেরেছিলাম। তার আগেরবার নীলফামারীতে ড্র করি। শন লেন দলটাকে দারুণভাবে তৈরি করেছেন। মোহামেডানের স্ট্রাইকারও উঁচু মানের।
প্রশ্ন :
প্রথম শিরোপা আর এই শিরোপায় পার্থক্য কী?
ব্রুজোন: অনেক পার্থক্য। প্রথমবার সবকিছু ছিল নতুন। চ্যাম্পিয়ন হওয়ার চ্যালেঞ্জ ছিল সামনে। এবার শিরোপা ধরে রাখা ছিল আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব আমরা পালন করেছি।
প্রশ্ন :
আগেরবার দানিয়েল কলিনন্দ্রেসের মতো বিশ্বকাপে খেলা তারকা ছিল বসুন্ধরায়। এবার দুই ব্রাজিলিয়ান রবসন দ্য সিলভা ও জোনাথন ফার্নান্দেজ দারুণ খেলছেন। আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল বেসেররাও ভালো করছেন। বিদেশিরাই কী আপনাদের এই সাফল্যের মূল চাবিকাঠি?
ব্রুজোন: বিদেশিরা বড় অবদান রেখেছে, এটা ঠিক। বরসন এখন পর্যন্ত ১৯ গোল করে লিগে সর্বোচ্চ গোলদাতা। রাউল ১৬ গোল করেছে। সে ক্যারিয়ারে কখনো কখনো লিগে ২০ গোলের নিচে করেনি। আমাদের ইরানি ডিফেন্ডার খালিদও দারুণ রক্ষণ সামলেছে। লিগে আমাদের মাত্র ৯ গোল খাওয়া তারই প্রমাণ। তবে স্থানীয়রাও অনেক ভালো করেছে। বিপলু, সুফিল, জিকোদের দেখুন, কত ভালো খেলছে ওরা। সবার চেষ্টাতেই এই সাফল্য।
প্রশ্ন :
এএফসি কাপে খেলতে মালদ্বীপ যাচ্ছেন ১২ আগস্ট। চ্যালেঞ্জ নিতে কতটা তৈরি?
ব্রুজোন: আমরা তৈরি। তবে এএফসি কাপে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ, টুর্নামেন্টটা সহজ নয়। বরং কঠিনই হবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, ১৮ আগস্ট প্রথম দিনে মালদ্বীপের ক্লাব মাজিয়ার সঙ্গে জিতলে দুয়ার খুলে যাবে সামনে। ২১ তারিখ আমরা খেলব ভারতের বেঙ্গালুরু এফসি বা মালদ্বীপ ইগলস ক্লাবের সঙ্গে, এই দুই দল ১৫ আগস্ট প্লে–অফ খেলবে। ২৩ আগস্ট আমাদের শেষ গ্রুপ ম্যাচ ভারতের মোহনবাগানের সঙ্গে। লক্ষ্য থাকবে গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে যেতে।
প্রশ্ন :
২০১৮ সালের সেপ্টেম্বরে আপনি বসুন্ধরায় যোগ দেন। ক্লাবটিতে আপনার ভবিষ্যৎ কী? সামনে নতুন চুক্তি হবে?
ব্রুজোন: বসুন্ধরায় আগামী ডিসেম্বর পর্যন্ত চুক্তি আমার। ইচ্ছা আছে এই ক্লাবেই কোচিং চালিয়ে যাওয়ার। ক্লাব সভাপতি কথা বলবেন সময় হলে। দেখা যাক কী হয়।
প্রশ্ন :
কোচ হিসেবে আপনি কাদের অনুসরণ করেন?
ব্রুজোন: সেভাবে অনুসরণ করি না। তবে ইয়ুর্গেন ক্লপ, দিয়েগো সিমিওনেদের ভালো লাগে।
প্রশ্ন :
বাংলাদেশ কেমন লাগছে। অবসরে কী করেন?
ব্রুজোন: বাংলাদেশে এসে মানিয়ে নিয়ছি বেশ ভালোভাবে। এখানে আমার কোনো সমস্যা হচ্ছে না। অবসরে গুলশান গিয়ে সুইমিং করি, টেনিস খেলি। স্ত্রী আমার সঙ্গেই থাকে এখানে।
প্রশ্ন :
আপনার দেশের ক্লাব বার্সেলোনা ছেড়েছেন লিওনেল মেসি। অনেকে মনে করেন, লা লিগার আকর্ষণ কমে গেল। আপনি কী মনে করেন?
ব্রুজোন: মেসি পেশাদার খেলোয়াড়। বার্সাও পেশাদার ক্লাব। দুই পক্ষের মধ্যে যা ঘটেছে, সবই আমাদের পেশাদার দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। আর লা লিগার আকর্ষণ কমে যাবে কি না, অনেকে বলছেন। দেখা যাক কী হয়।
প্রশ্ন :
আপনি কোন দলের সমর্থক?
ব্রুজোন: আমার পরিবার রিয়াল মাদ্রিদের সমর্থক। বিশেষ করে আমার বাবা হকি খেলতেন এবং তিনি ছিলেন রিয়াল মাদ্রিদের পাগলাটে সমর্থক। তবে আমি অতটা পাগলাটে নই (হাসি)। বলতে পারেন বাবার সূত্রেই আমি রিয়ালের সমর্থক। মাঠে বসে রিয়ালের অনেক ম্যাচ দেখেছি। তবে আমার জন্ম ভিগো শহের, সেই সূত্রে সেল্টা ভিগো আমার প্রিয় ক্লাব।