বিপিএলে পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার দায়িত্বটা সাধারণত দেওয়া হয় বিদেশিদের। বাংলাদেশি ক্রিকেটাররা এ দায়িত্বে খুব একটা সফল নন। মুনিম শাহরিয়ার তাঁর প্রথম বিপিএলেই সে ছবি পাল্টে দিয়েছেন বিস্ফোরক ব্যাটিংয়ে। এখন পর্যন্ত ফরচুন বরিশালের এই উদ্বোধনী ব্যাটসম্যানের বিপিএল স্ট্রাইক রেট ১৬৭.৫০। প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে নিজের এই আগ্রাসী ব্যাটিংয়ের কথাই বলেছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। সাক্ষাৎকারে নিজের ক্রিকেট ক্যারিয়ারের উত্থানপতনের গল্পও উঠে এসেছে।
প্রশ্ন :
ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে আপনি পরিচিতি পেয়েছেন। সেই অভিজ্ঞতা কেমন ছিল?
মুনিম শাহরিয়ার: খুব ভালো শুরু ছিল। আমি চেষ্টা করেছি ভালো করার। রান করতে পেরেছি। ভালো অভিজ্ঞতা ছিল আমার জন্য।
প্রশ্ন :
তার আগের গল্পটা একটু বলুন।
মুনিম: আমি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছিলাম। মেহেদী হাসান মিরাজদের ব্যাচে ছিলাম।
প্রশ্ন :
এরপর কোথায় হারিয়ে গেলেন, বলুন তো...
মুনিম: আমি অনূর্ধ্ব-১৯ দলে খেলার পর গাজী গ্রুপের হয়ে প্রিমিয়ার লিগ খেললাম, চ্যাম্পিয়ন হলাম। এরপর ২০১৮ সালে কলাবাগানে এক মৌসুম খেলি। আবাহনীতে ছিলাম ২০১৯ সালে। তখন আমি দুটি ম্যাচ খেলেছিলাম। কিন্তু তেমন ভালো করতে পারিনি তখন। এরপর তো করোনাই এসে গেল। সবশেষ টি-টোয়েন্টির প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হয় ভাগ্যক্রমে।
প্রশ্ন :
সময়টা নিশ্চয়ই সহজ ছিল না…
মুনিম: মোটেও না। মানসিকভাবে, আর্থিকভাবে সময়টা অনেক কঠিনই ছিল। আমি টুকটাক যা ক্রিকেট খেলতাম, তাতেই আমি নিজের খরচ চালানোর চেষ্টা করতাম। বিষণ্নতায় ভুগছিলাম। আমার কিছুই যেন কাজে আসছিল না। ক্রিকেট খেলব কি না, এ নিয়েও দ্বিধায় পড়ে গিয়েছিলাম। আমাদের ক্রিকেট সংস্কৃতিই এমন, এখানে টিকতে হলে মানসিকভাবে অনেক শক্ত হতে হয়। মাঝেমধ্যে মনে হবে খেলা ছেড়ে দেওয়ার কথা। আশপাশের মানুষজন কেবল জাতীয় দলে কেন খেলতে পারছি না, সেটি নিয়ে প্রশ্ন তুলবে। কেউ কেউ বলত, তোমার সঙ্গে খেলা ক্রিকেটাররা যদি জাতীয় দলে খেলতে পারে, তুমি কেন পারবে না। এসব কথা আশপাশে চলতেই থাকে। স্বাভাবিকভাবেই এই কথাগুলো কষ্ট দিত।
প্রশ্ন :
মা-বাবার সমর্থন নিশ্চয়ই পেয়েছেন?
মুনিম: হ্যাঁ, সেটা সব সময় পেয়ে এসেছি। পাড়া-প্রতিবেশী, আত্মীয়দের কাছ থেকে অনেক কথা শুনেছি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের কথা সহ্য করা লেগেছে।
প্রশ্ন :
২২ গজে এত আগ্রাসী হয়ে ওঠেন কি এ কারণেই?
মুনিম: ছোটবেলা থেকে আমি এভাবেই খেলি। মেরে খেলার চেষ্টাটা সব সময়ই থাকে। বলের চেয়ে রান বেশি রাখার চেষ্টা থাকে নিজের মধ্যে। এটিই আমার চরিত্র। গত প্রিমিয়ার লিগের আগে বাংলা ট্র্যাক একাডেমিতে অনুশীলন করেছিলাম। সেটাও আমাকে সাহায্য করে।
প্রশ্ন :
আবাহনীতে ইনিংস উদ্বোধনের সুযোগটা কি প্রত্যাশিত ছিল? আবাহনীতে অনেক জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান ছিল।
মুনিম: এখানে তিনজনের নাম বলতেই হবে। সৈকত ভাই (মোসাদ্দেক হোসেন), শান্ত (নাজমুল হোসেন) ও সুজন স্যার (খালেদ মাহমুদ) অনেক সাহায্য করেছেন। আমাকে ওপেন করানোর ক্ষেত্রে তাঁদের অবদান অনেক। সৈকত ভাই, শান্তরা আমার ব্যাপারে বলেছেন। সুজন স্যারও সুযোগ দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন।
প্রশ্ন :
প্রিমিয়ার লিগে উইকেট অনেক কঠিন ছিল। কিন্তু আপনি খেলেছেন প্রায় দেড় শ স্ট্রাইক রেটে…
মুনিম: আমার কাছে মনে হয়নি উইকেট কঠিন ছিল (হাসি)। আমি একটা ছন্দে ছিলাম। বলের মেধা, উইকেটের চরিত্র—এসব হিসাবে আনিনি। আমি শুধু খেলে গিয়েছি।
প্রশ্ন :
এর আগে তো কখনো টি-টোয়েন্টি খেলেননি…
মুনিম: কিন্তু আমি যথেষ্ট পরিমাণ খেপ খেলেছি (হাসি)।
প্রশ্ন :
প্রিমিয়ার লিগের সময় কি মনে হচ্ছিল যে ক্যারিয়ারটা কিছুটা হলেও ভিন্ন মোড় নেবে?
মুনিম: এসব নিয়ে ভাবিনি। শুধু ভেবেছি, খারাপ তো হয়েছেই। আমি ভেবেছি, ধুর, যা হওয়ার হবে। আমি খেলতে থাকি। আমার মন একদম ফাঁকা ছিল। এর চেয়ে তো খারাপ কিছু হবে না। আউট হলে আউট, না হলে রান। এমন একটা চিন্তা ছিল। জিনিসটা অনেকটা কাজে লেগেছে। অনেকটা লটারির মতো।
প্রশ্ন :
এই বিপিএলেও তো সেভাবেই খেলছেন…
মুনিম: দলে আমার দায়িত্ব এখন এটাই। আমি জানি যে এত হিসাব করতে গেলে রানের গতি কমে যাবে। টি-টোয়েন্টিতে সেই সুযোগ নেই।
প্রশ্ন :
প্রিমিয়ার লিগের পরও কেউ আপনাকে ড্রাফট থেকে দলে নেয়নি। এটা আমাদের অবাক করেছে। আপনার নিশ্চয়ই খারাপ লেগেছে?
মুনিম: খারাপ লেগেছে অবশ্যই। তবে আমার পরিবার আমাকে ওই সময় অনেক সাহায্য করেছে। পরে যখন দল পেয়েছি, তখন ভালো লেগেছে। তবে শুরু থেকে খেলতে পারিনি করোনার কারণে। এতে একটু পিছিয়ে গিয়েছিলাম।
প্রশ্ন :
ক্রিস গেইলের সঙ্গে ইনিংসের সূচনা করছেন। নিশ্চয়ই দারুণ অভিজ্ঞতা?
মুনিম: গেইল আমার আম্মুর পছন্দের ক্রিকেটার। আম্মু খুব খুশি হয়েছেন তাঁর সঙ্গে খেলতে দেখে। আমিও ছোট থেকে দেখে এসেছি, তিনি কীভাবে একজন কিংবদন্তি ক্রিকেটারে পরিণত হয়েছেন।
প্রশ্ন :
গেইল সেদিন এক রান নিয়ে আপনাকে স্ট্রাইক দিচ্ছিল, আর আপনি মেরে খেলছিলেন। কখনো ভেবেছিলেন এমন হবে?
মুনিম: ক্রিকেটে তো সবারই এমন দিন যায়। সেদিন আমার দিন ছিল। অন্যদিন হয়তো গেইলকে আমি এক রান নিয়ে দেব, তিনি মেরে খেলবেন। এটাই ক্রিকেট।
প্রশ্ন :
ব্যাটিং পাওয়ার প্লেতে দুজন ফিল্ডার বাইরে থাকা অবস্থায় আপনার ব্যাটিং ভাবনাটা কী থাকে?
মুনিম: এটা বলে দিলে তো সবাই জেনে যাবে (হাসি)। তবে আমি ফাঁকা জায়গাটা ব্যবহারের চেষ্টা করি। হার্ড হিটিং নয়, আমার চিন্তা থাকে ফাঁকা জায়গায় কীভাবে খেলা যায়।
প্রশ্ন :
আপনাকে ৩০ গজের ওপর দিয়ে বেশি খেলতে দেখা যায়…
মুনিম: সেটাই তো বললাম, ফাঁকা জায়গায় খেলার চেষ্টা করি (হাসি)।
প্রশ্ন :
শুনেছি, আপনার পরিবারের সবাই উচ্চশিক্ষিত..
মুনিম: আমার বাবা বিমা কোম্পানিতে ছিলেন। এখন ব্যবসা শুরু করেছেন। আমার মা এনজিওতে চাকরি করেন। আমার চাচা শিক্ষা অফিসার ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। পরিবারে আর্মি মেজরও আছেন দুজন। আমার পুরো পরিবারেই পড়াশোনার চর্চা আছে।
প্রশ্ন :
আর আপনি ক্রিকেটার হলেন কীভাবে?
মুনিম: শুরুতে সহজ ছিল না। ক্রিকেটার হওয়ার ইচ্ছাটা আমার ছোটবেলা থেকেই ছিল। ক্লাসে একবার ম্যাডাম মৌখিক পরীক্ষায় জিজ্ঞাসা করেছিলেন, আমি কী হতে চাই। তখন আমি ক্রিকেটার হওয়ার কথা বলেছিলাম। তখন ম্যাডাম ক্রিকেট যে পেশা হতে পারে, এটা মানতেই পারেননি। তখন তিনি আমাকে শূন্য দিয়েছিলেন। তবে আব্বু আমাকে খেলা শিখিয়েছেন। এরপর স্কুলে ক্রিকেট খেলেছি। ময়মনসিংহে বয়সভিত্তিক ক্রিকেট খেলেছি। এভাবেই উঠে আসা।
প্রশ্ন :
আপনি তো ছাত্রও ভালো ছিলেন।
মুনিম: হ্যাঁ, আমি ময়মনসিংহ জিলা স্কুলে পড়তাম। বিজ্ঞানের ছাত্র ছিলাম। এরপর তো খেলায় ব্যস্ত হয়ে পড়ি।