আফগানিস্তানের বিপক্ষে সমতাসূচক গোল করে দেশের ক্রীড়াঙ্গনে এখন আলোচনার কেন্দ্রে তপু বর্মণ। জাতীয় দলের হয়ে এটি তাঁর চতুর্থ গোল। যে গোল দলকে এনে দিয়েছে বিশ্বকাপ বাছাইয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। দোহা থেকে গত রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তপু বলেছেন, এই ড্র ভারতের বিপক্ষে ৭ জুনের ম্যাচে আত্মবিশ্বাস জোগাবে বাংলাদেশকে। হোটেলে ফিরে প্রথম আলোকে দেওয়া টেলিফোনে সাক্ষাৎকারে আফগানিস্তান ম্যাচ, নিজের ক্যারিয়ার ও প্রাসঙ্গিক আরও অনেক কিছু নিয়ে কথা বলেছেন নারায়ণগঞ্জ থেকে উঠে আসা বাংলাদেশ দলের এই সেন্টারব্যাক।
প্রশ্ন :
আপনি তো ডিফেন্ডার। গোল আটকানোই মূল কাজ। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে এমন গুরুত্বপূর্ণ গোল করবেন ভেবেছিলেন?
তপু বর্মন: আমাদের দলের বেশির ভাগ সেট পিসেই আমি টার্গেট ম্যান থাকি। এ ম্যাচে প্রতিটা সেট পিসেই যাচ্ছিলাম। প্রতিটা কর্নার, থ্রোতে ওপরে উঠছিলাম। ভেতর থেকে অনুভব করছিলাম যে কিছু একটা করতে পারব। এটা আমি কারও সঙ্গে শেয়ার করিনি। তবে আমি খুব পজিটিভ ছিলাম ম্যাচে। মনে মনে ভাবছিলাম, কিছু একটা করব। ভাগ্য ভালো যে অমন একটা পরিস্থিতিতে বলটা আমি পেয়ে গেছি এবং গোল করেছি।
প্রশ্ন :
জাতীয় দলের হয়ে আগেও গোল করেছেন। সব সময়ই আপনি এ ব্যাপারে ইতিবাচক থাকেন?
তপু: অবশ্যই থাকি। তবে গোল করা সহজ ব্যাপার নয়। তবু জাতীয় দলের হয়ে চারটি গোল হয়ে গেল আমার। সাফ ফুটবলে তিনটি আর এ ম্যাচে একটি। ২০১৫ কেরালা সাফ ফুটবলে ভুটানের সঙ্গে প্রথম গোলটি করেছিলাম। পরের সাফের প্রথম দুটি ম্যাচেই গোল পেয়েছি। ২০১৮ সালে ঢাকায় ভুটান ও পাকিস্তানের বিপক্ষে। সাফে টানা তিন ম্যাচে তিন গোল আমার।
আমাদের লক্ষ্য এখন ভারতকে হারানো। হাতে তিন দিন সময় আছে, রিকভারি ঠিকভাবে করতে হবে। কোচ বলেছেন, আফগানদের সঙ্গে ড্রয়ে খুশি হওয়ার মতো কিছুই হয়নি। আমাদের আরও খেলা আছে। ভারত ম্যাচ নিয়ে আমরা এখন কাজ করব। আমাদের সবাইকে খুব সিরিয়াস ও মনোযোগী থাকতে বলেছেন কোচ।
প্রশ্ন :
সব কটি গোলই গুরুত্বপূর্ণ...
তপু: ভুটানের সঙ্গে আমরা কেরালায় ৩-০ গোলে জিতেছিলাম। ঢাকাতেও বড় জয় আসে। পাকিস্তানের সঙ্গে জয়সূচক গোলটি আমার। ওই তিনটি ম্যাচে আমরা জিতেছি। এবার দোহায় আফগানিস্তানের বিপক্ষে আমার গোলে দল পয়েন্ট পেয়েছে। সব কটি গোল দলের কাজে এসেছে এটা ভেবে তৃপ্তি পাই।
প্রশ্ন :
কোন গোলটিকে সেরা বলবেন?
তপু: সেরা কোনটি জিজ্ঞেস করলে বলব, আজকের ম্যাচের গোলটি আমাদের খুব দরকার ছিল। কারণ, এ ম্যাচে পয়েন্টটা খুব কাজে আসবে এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ড খেলতে হলে। পাকিস্তানের সঙ্গে গোলটাও খুব জরুরি ছিল। দুটি গোলই খুব দামি এবং দুটিই সুন্দর গোল। তবে আজকের গোলটি বেশি দামি, অন্তত পরিস্থিতি তা–ই বলে। দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে গড়ানো শটে গোল। কঠিন পরিস্থিতিতে। ৪ গোলের মধ্যে এটিকেই এগিয়ে রাখব।
প্রশ্ন :
আফগানিস্তান দলটাকে যতটা শক্তিশালী ভাবা হয়েছিল, ততটা মনে হলো মাঠে?
তপু: না, ততটা নয়। ওরা ভালো খেলেছে, কিন্তু কাউন্টার অ্যাটাকে আমরা খুব ভালো করেছি। আমরা দ্রুত গিয়েছি এবং ভালো সুযোগ তৈরি করেছি। এ ম্যাচ নিয়ে আমরা আশাবাদী ছিলাম। একটা দল হিসেবে ভালো করার লক্ষ্যটা পূরণ করতে পেরেছি। আমরা চাচ্ছিলাম, হারব না। ওরা একদম ধরাছোঁয়ার বাইরের কোনো দল নয়। আমাদের মধ্যে আত্মবিশ্বাস ছিল যে ভালো খেলব।
প্রশ্ন :
দোহার মসৃণ মাঠ এবং আবহাওয়াও মনে হয় কোনো সমস্যা করেনি আপনাদের?
তপু: না, এগুলো কোনো সমস্যা হয়নি। মাঠের সঙ্গে আমরা মানিয়ে নিতে পেরেছি। শীতাতপনিয়ন্ত্রিত মাঠে সম্ভবত ২৪-২৫ ডিগ্রিতে খেলা হয়েছে। এতে কোনো সমস্যা হয়নি আমাদের।
প্রশ্ন :
জাতীয় দলে আপনি পারফরম্যান্সের কারণে কখনো বাদ পড়েছেন বলে মনে পড়ছে না। নিজেকে কীভাবে সব সময় প্রস্তুত রাখেন?
তপু: জাতীয় দলে আমার শুরু ২০১৩ সালে। সে বছর অভিষেক হয়েছিল শ্রীলঙ্কা-বাংলাদেশ দুই ম্যাচের সিরিজে। যশোর ও রাজশাহীতে দুটি ম্যাচেই বদলি হিসেবে ২৫ মিনিট করে খেলেছি। পারফরম্যান্সের কারণে কখনো দল থেকে বাদ পড়িনি। তবে চোটে পড়ে বেশ কিছু ম্যাচ খেলা হয়নি। লিগামেন্ট সার্জারির কারণে বেশ কয়েক মাস বাইরে ছিলাম। এবার বিশ্বকাপ বাছাইয়ের প্রথম চারটি ম্যাচে খেলতে পারিনি। ভুটান ও লাওসের সঙ্গে দুটি করে ম্যাচসহ সম্প্রতি আটটি ম্যাচ খেলা হয়নি। তবে গত বছর নেপালের সঙ্গে দুটি ম্যাচ খেলেছি। গত ডিসেম্বরে দোহায় কাতারের সঙ্গে ম্যাচও খেলা হয়েছে আমার।
প্রশ্ন :
আফগানিস্তান ম্যাচে বাংলাদেশ দলের রক্ষণ কেমন খেলেছে আপনার চোখে?
তপু: সামগ্রিকভাবে আমাদের রক্ষণ ভালো খেলেছে। প্রতিপক্ষ বড় কোনো চাপ তৈরি করতে পারেনি। একটা ভালো সুযোগ পেয়ে সেটাই কাজে লাগিয়েছে। দূর থেকে শুটিং করার চেষ্টা করেছে। আমার মনে হয়, আমাদের রক্ষণভাগের আরও ভালো করার ক্ষমতা আছে।
প্রশ্ন :
আর মাঝমাঠ ও আক্রমণভাগ?
তপু: আক্রমণভাগের মুভমেন্ট খুব ভালো ছিল। মতিন মিয়া খুব ভালো খেলেছে। রাকিবও ভালো খেলেছে। এ রকম মুভমেন্ট দরকার টিমের জন্য। আসলে আমরা যে স্টাইলে ফুটবল খেলি, মুভমেন্ট খুব দরকার। তবে আমি মনে করি, মিডফিল্ডে আমরা আরও কিছু পাস খেলতে পারলে ভালো হতো। প্রতিপক্ষ বলের দখলে বেশ এগিয়ে ছিল সম্ভবত ৬৫ বা ৬৬ শতাংশ। আমাদের বল বেশি সময় ধরে পায়ে রাখতে হবে।
প্রশ্ন :
ঢাকায় কোচ জেমি ডে তিন স্টপার ব্যাক নিয়ে অনুশীলন করিয়েছেন। মনে হচ্ছিল, কাতারে ৫ ডিফেন্ডার নিয়ে নেমে যেতে পারে বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচে ৪ ডিফেন্ডারই খেললেন। কাতার গিয়ে কোচের পরিকল্পনা বদলের কারণ কী?
তপু: দেখুন, আফগানিস্তানের সঙ্গেও যদি ৩ স্টপার নিয়ে খেলতে হয়, তাহলে তো হলো না। আমি দেশে থাকতেই বলেছি, আফগানিস্তান ও ভারত র্যাংকিংয়ে এগিয়ে থাকলেও আমাদের কাছাকাছি মানের দলই। ওদের হারানো অবশ্যই সম্ভব। তাই কোচ ৪ ডিফেন্ডারেই গেছেন।
প্রশ্ন :
সামনে এখন আপনাদের সবচেয়ে বড় লক্ষ্য কী? কোচই–বা কী বলেছেন আফগানিস্তানের সঙ্গে ড্রয়ের পর?
তপু: আমাদের লক্ষ্য এখন ভারতকে হারানো। হাতে তিন দিন সময় আছে, রিকভারি ঠিকভাবে করতে হবে। কোচ বলেছেন, আফগানদের সঙ্গে ড্রয়ে খুশি হওয়ার মতো কিছুই হয়নি। আমাদের আরও খেলা আছে। ভারত ম্যাচ নিয়ে আমরা এখন কাজ করব। আমাদের সবাইকে খুব সিরিয়াস ও মনোযোগী থাকতে বলেছেন কোচ।
প্রশ্ন :
কী মনে হয়, আফগানিস্তান কেন জিততে পারেনি এ ম্যাচ?
তপু: আমার ধারণা, ওরা এক গোল হাতে রেখেই ম্যাচটা শেষ করতে চেয়েছিল। তবে সেটা আমরা হতে দিইনি। শেষ ২০ মিনিট আমরা গতিময় এবং প্রেসিং ফুটবল খেলে সফল হয়েছি।
প্রশ্ন :
ম্যাচের আগে কোচ আপনাদের কী বলেছিলেন?
তপু: বলেছিলেন, দ্যাখ, ওরা শারীরিকভাবে একটু শক্তিশালী হতে পারে। কিন্তু তোমরা স্কিলে এগিয়ে। নিজেদের প্রতি বিশ্বাস রাখবে। গোল খাবে না। একটা গোল আমরা খেলেও কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছি। এই ড্র আত্মবিশ্বাসী করবে আমাদের।
প্রশ্ন :
ব্যক্তিগতভাবে আপনি নিজে কতটা উজ্জ্বীবিত?
তপু: অনেক, অনেক। আমার পরিবার খুবই গর্বিত। আমাদের ফুটবল দর্শক–সমর্থকেরা এখন ভাববে, বাংলাদেশ কিছু করতে পারে। ব্যাপারটি আমাকে ব্যক্তিগতভাবে আরও ভালো কিছু করতে উদ্বুদ্ধ করছে। সোশ্যাল মিডিয়ায় দেখছি, খুব ভালো সাড়া। সবাই খুব প্রশংসা করেছে। আমার জন্য যা খুব ইতিবাচক।